শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতের দুই শর্ত

ডিপি ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৯:১৮পরিবর্তন করতে ক্লিক করুন
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতের দুই শর্ত

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারতের দুটি শর্তের কথা উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। সামরিক বাহিনীর মাধ্যমে ফেরত পাঠানো এবং বিচারপ্রক্রিয়ায় আপিলের সুযোগ—দিল্লির অবস্থান ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।


শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে বলে জানা গেছে। প্রথম শর্ত হলো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি যুক্ত থাকতে হবে। তিনি যেভাবে বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে ভারতে পৌঁছেছিলেন, ফেরার ক্ষেত্রেও তেমন সামরিক ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে দিল্লি।


ভারতের প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া আকাশপথে কিংবা স্থলপথে হতে পারে। অর্থাৎ, বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি থেকে নিয়ে আসতে পারে। আবার স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টেও বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। এ জন্য দিল্লির পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক্যাল সহায়তা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ভারতের দ্বিতীয় শর্তটি বিচারপ্রক্রিয়া ঘিরে। দিল্লি চায়, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান। একই সঙ্গে জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তাও বাংলাদেশকে দিতে হবে। তবে এই দাবি যেন বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে বিবেচিত না হয়, সে বিষয়েও ভারত সতর্ক থাকতে চাইছে। এ কারণে প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করছে না দিল্লি।


এমন প্রেক্ষাপটে আরেকটি প্রশ্ন সামনে এসেছে—শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা কি একান্তই তাঁর নিজের সিদ্ধান্ত, নাকি এ বিষয়ে শেখ হাসিনা ও দিল্লি আগে থেকেই একমত হয়েছিল?


বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা কখনোই জেনেশুনে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে যেতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটা নিশ্চিত করতে চাইব। সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্ব ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে।” প্রতিবেদন অনুযায়ী, এই দুটি শর্ত পূরণের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: