২৬ বছর পর যুক্তরাষ্ট্রে ফিরল হাম

প্রতীকী ছবি
টিকাদানের হার কমে যাওয়া, টিকা নিয়ে অবিশ্বাস ও রাজনৈতিক বক্তব্যের প্রভাবে ২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র। চলতি বছর দেশটিতে ৫ হাজার ৪০০ জনের বেশি আক্রান্ত এবং অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হাম সংক্রমণের অবসান ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২৬ বছর পর সেই অর্জন ধরে রাখতে পারল না বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশ। টিকাদানের হার কমে যাওয়া, টিকা নিয়ে অবিশ্বাস এবং একের পর এক সংক্রমণের ঘটনায় আবারও স্থানীয়ভাবে ছড়াচ্ছে হাম। চলতি বছরেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার ৪০০। প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।
প্রায় তিন দশক আগে যুক্তরাষ্ট্রে হাম নিয়ন্ত্রণে আনতে জোরদার টিকাদান কর্মসূচি চালানো হয়। প্রায় চার বছর ধরে চলা এই কর্মসূচির আওতায় ২০০০ সালে দেশটিতে স্থানীয়ভাবে নিয়মিত হাম সংক্রমণের অবসান ঘোষণা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও বিদেশ থেকে আক্রান্ত ব্যক্তিদের মাধ্যমে বিচ্ছিন্নভাবে সংক্রমণ ঘটেছে, উচ্চ টিকাদানের হারের কারণে সেগুলো বড় আকার ধারণ করতে পারেনি।
কিন্তু সেই সাফল্যে ছেদ পড়েছে এবার। টানা এক বছরের বেশি সময় ধরে একই ধরনের হামের ভাইরাস স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রকে আর হাম নির্মূলের অবস্থানে রাখেনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটি।
মূলত ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করেই সংক্রমণের ধারাবাহিকতা শনাক্ত করেন বিজ্ঞানীরা।
উটাহর জনস্বাস্থ্য গবেষণাগারের এক গবেষণায় দেখা যায়, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত রাজ্যটিতে একই ধরনের ভাইরাস ছড়িয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৬০০ জনের বেশি। শুধু উটাহ নয়, সাউথ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউইয়র্কেও দেখা গেছে দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাব।
এর প্রভাব পড়েছে দেশব্যাপী সংক্রমণের পরিসংখ্যানেও। চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৪০০ জনের বেশি হামে আক্রান্ত হয়েছেন, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। নতুন করে শুরু হওয়া ৪৩টি প্রাদুর্ভাবের পাশাপাশি গত বছর শুরু হওয়া সংক্রমণ থেকেও আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। এ বছর অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের প্রতি ৯ জনে প্রায় একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ টিকাদানের হার কমে যাওয়া। এমএমআর বা হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকার দুই ডোজ নিলে হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি ৯৭ শতাংশ কমে। অথচ সাম্প্রতিক বছরগুলোতে টিকার নিরাপত্তা নিয়ে সংশয়, অপপ্রচার এবং জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকটের কারণে কমেছে টিকা নেওয়ার প্রবণতা। বিশেষ করে শিশুদের মধ্যে টিকাদানের হার কমে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে অনেক পরিবার।
টিকা নিয়ে অবিশ্বাস তৈরিতে রাজনৈতিক বক্তব্যও ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তাঁর প্রশাসনের কয়েকজন সদস্য এমএমআর টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের টিকাবিষয়ক অবস্থানও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে।
তবে হামকে সাধারণ জ্বর বা ফুসকুড়ির রোগ ভাবার সুযোগ নেই। বিজ্ঞানীদের জানা সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর একটি এটি। একজন আক্রান্ত ব্যক্তি সাধারণত আরও ১২ থেকে ১৮ জনের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারেন। বাতাসের মাধ্যমে ছড়ানো এই ভাইরাস আক্রান্ত ব্যক্তি কোনো কক্ষ ছেড়ে যাওয়ার পরও কয়েক ঘণ্টা সেখানে সক্রিয় থাকতে পারে।
সংক্রমণের পর জ্বর, শরীরে ফুসকুড়ি ও অসুস্থতার পাশাপাশি হাম শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্মৃতিও নষ্ট করতে পারে। ফলে আগে যেসব জীবাণুর বিরুদ্ধে শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছিল, সেগুলোর বিরুদ্ধেও প্রতিরোধব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারে না। এতে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো সংক্রমণের ঝুঁকি বাড়ে। গর্ভবতী নারী আক্রান্ত হলে গর্ভের শিশুও ঝুঁকিতে পড়তে পারে। বিরল ক্ষেত্রে সংক্রমণের কয়েক বছর পরও দেখা দিতে পারে প্রাণঘাতী স্নায়বিক জটিলতা।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে টিকা নেওয়ার বয়স হয়নি এমন শিশু এবং ক্যানসার বা অঙ্গ প্রতিস্থাপনের কারণে যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল। এদিকে, হাম নির্মূলের মর্যাদা হারানো শুধু যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর ঘটনা নয়, বরং কয়েক দশকের জনস্বাস্থ্য অর্জন কতটা নাজুক, তারও প্রমাণ। ২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন আমেরিকা অঞ্চলের ৩৫টি দেশকে হাম নির্মূলের স্বীকৃতি দিয়েছিল। কিন্তু দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে গত বছর সেই মর্যাদা হারায় কানাডাও। বড় আকারের প্রাদুর্ভাবের মুখে রয়েছে মেক্সিকোও।
যুক্তরাষ্ট্র অবশ্য আবারও এই মর্যাদা ফিরে পেতে পারে। তবে তার আগে অন্তত টানা ১২ মাস স্থানীয়ভাবে সংক্রমণের ধারাবাহিকতা বন্ধ করতে হবে। কাজটি এবার আরও কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২৬ বছর ধরে ধরে রাখা অর্জন হারানোর পর এখন দেশটির সামনে বড় চ্যালেঞ্জ শুধু সংক্রমণ নিয়ন্ত্রণ নয়, বরং টিকাদান ও জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



