মাদ্রাসায় শিশু নিপীড়কের গ্রেফতার ও বিচারের দাবিতে পাঁচবিবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ৮:৫২পরিবর্তন করতে ক্লিক করুন
মাদ্রাসায় শিশু নিপীড়কের গ্রেফতার ও বিচারের দাবিতে পাঁচবিবিতে মানববন্ধন

মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন

শেয়ার করুন:

মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযুক্ত সাইফুলের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধের দাবিতে শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা, আইনি সহায়তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো হয়।

জয়পুরহাট, ২০ নভেম্বর ২০২৬: মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযুক্ত সাইফুলের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় পাঁচবিবি-হিলি মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জয়পুরহাট ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন জেন্ডার ইকুইটি ফোরাম ও বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে সহযোগিতা করে অ্যাকশন এন্ড লাইট এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

মানববন্ধনে জয়পুরহাট ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, বালিঘাটা ইউনিয়ন জেন্ডার ইকুইটি ফোরামের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও বিক্ষুব্ধ এলাকাবাসী অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন অ্যাকশন এন্ড লাইটের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদুল বারী। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ ও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। ধর্মীয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে কোনো শিশু নিপীড়ন বা যৌন সহিংসতা কোনোভাবেই বরদাশত করা যায় না।

তিনি অভিযুক্তের আইনানুগ বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিশু সুরক্ষা নীতিমালা কার্যকর করার আহ্বান জানান।

জয়পুরহাট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট দেওয়ান নূর আলম আইনি দিক তুলে ধরে বলেন, শিশু নির্যাতনের ঘটনায় প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা এবং আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি। এ সময় সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও বক্তব্য দেন এবং অভিযুক্তের দ্রুত বিচারের দাবি জানান।

মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট মাদ্রাসা অভিমুখে র‍্যালি বের করেন এবং আশপাশের বাজার প্রদক্ষিণ করেন। র‍্যালিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিশু নিপীড়কের গ্রেফতার ও বিচার এবং মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়। সমাবেশ থেকে অভিযুক্ত সাইফুলের অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবিসহ, ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করা, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন ও নিয়মিত তদারকি করা, যৌন নিপীড়ন প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়।

আয়োজকেরা বলেন, শিশুর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা এ বিষয়ে সোচ্চার থাকবেন। ইতোমধ্যে অ্যাকশন এন্ড লাইটের ধারাবাহিক প্রচেষ্টায় পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: