স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নিখোঁজ সংবাদ’!

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুষ্টিয়ার পুলিশ সুপারের মন্তব্য—‘জনতা বেশি থাকায় নিয়ন্ত্রণ করা যায়নি’—প্রমাণ করে যে রাষ্ট্র মবের কাছে কতটা জিম্মি।
কুষ্টিয়ায় পীর শামীম রেজাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। শাহবাগে পুলিশের সামনেই এলজিবিটিকিউ জনগোষ্ঠীর ওপর হামলা। পর পর দুই দিনে ঘটে যাওয়া এই দুই বীভৎস ঘটনা যেন নতুন বাংলাদেশের স্বপ্নকে মবতন্ত্রের অন্ধকারে ঠেলে দিয়েছে। অথচ এই তো সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন, মবের বিরুদ্ধে তার সরকার ‘জিরো টলারেন্স’ দেখাবে। আজ সেই প্রতিশ্রুতির কফিন বহন করছে সাধারণ জনগণ, আর সরকারের শীর্ষ পর্যায়ে চলছে রহস্যজনক নীরবতা।
বিশ্লেষণ বলছে, মব জাস্টিসের এই বিষবৃক্ষ একদিনে গজায়নি। বিগত আওয়ামী শাসনামলে ব্লগার হত্যা, মন্দিরে হামলা কিংবা মসজিদে আগুন দেওয়ার যে ধারা শুরু হয়েছিল, ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল তার অবসান ঘটবে। কিন্তু তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে মারা কিংবা দীপু দাশকে পিটিয়ে গাছে ঝোলানোর মধ্য দিয়ে সেই আশার গুড়ে বালি পড়েছে। আজ কুষ্টিয়ার ফিলিপনগরে এসে মুখ থুবড়ে পড়েছে মানবতা।
খবরে প্রকাশ, ৩০ সেকেন্ডের একটি বিতর্কিত কাট ভিডিওকে পুঁজি করে দুপুরবেলা শত শত মানুষের মিছিল গিয়ে হামলে পড়ে পীর শামীমের আস্তানায়। পুলিশের অসহায় উপস্থিতিতেই একজন মানুষকে দোতলা থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারা হয়। ভাই দেখল ভাইয়ের মৃত্যু, রাষ্ট্র দেখল আইনের পরাজয়। কুষ্টিয়ার পুলিশ সুপারের মন্তব্য—‘জনতা বেশি থাকায় নিয়ন্ত্রণ করা যায়নি’—প্রমাণ করে যে রাষ্ট্র মবের কাছে কতটা জিম্মি।
নিস্পৃহ সরকারের এই আচরণ অনাকাঙ্ক্ষিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেন, আজ তার ‘নিখোঁজ বিজ্ঞাপন’ দেওয়ার সময় এসেছে। শাহবাগের মতো এলাকায় থানার উল্টো পাশে যখন এক মিনিটের আলটিমেটাম দিয়ে প্রকাশ্যে হামলা হয়, তখন বুঝতে হবে আইনশৃঙ্খলা বাহিনী কেবল দর্শকের ভূমিকায়। প্রশ্ন জাগে, আমাদের বিবেক কি তবে মবের কাছে বন্ধক রাখা?
কুষ্টিয়ার দরবার থেকে ওঠা ধোঁয়া কেবল ইটের দালান পোড়ার নয়, বরং তা আমাদের সভ্যতার ভস্মীভূত রূপ। ধর্মের দোহাই দিয়ে যারা আজ খুনের উল্লাসে মেতেছে, তারা ধর্মের সেবক নয়, ঘাতক। আজ যদি এই বিচারহীনতার বিরুদ্ধে রুখে না দাঁড়ানো হয়, তবে কাল এই অন্ধকারের হাতছানি পৌঁছাবে আপনার দরজাতেও। রক্তভেজা এই জনপদ আজ কেবল বিবৃতি নয়, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের প্রকৃত শাসন চায়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



