মালিকের পক্ষে থাকা মধ্যবিত্ত কি-বোর্ড যোদ্ধা


সংগৃহীত
মালিককে আর আলাদা করে পিআর এজেন্সি ভাড়া করতে হয় না। তাঁর পোষা, অবৈতনিক কি-বোর্ড বিপ্লবীরাই তাঁর হয়ে সমস্ত নোংরা কাজ বিনা পয়সায় করে দেন। এর চেয়ে সস্তা ও কার্যকর জনমত নিয়ন্ত্রণের ব্যবস্থা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও তাদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে কল্পনা করতে পারেনি! অতএব, হে ফেসবুকের করপোরেট গ্ল্যাডিয়েটর, হে শীর্ষ ১০ শতাংশের অঘোষিত জনসংযোগ কর্মকর্তা, আপনাকে স্যালুট!
রাজধানীর কোনো এক বহুতল ভবনের সাততলায়, সেন্ট্রাল এসির বাতাসে বসে টাইয়ের গিঁট আলগা করছেন এক ভদ্রলোক। ঘড়িতে তখন রাত আটটা বেজে তেইশ মিনিট। অতিরিক্ত কাজের জন্য কোনো ওভারটাইম জোটে না, কিন্তু ‘করপোরেট এথিকস’ নামের অদৃশ্য এক চাবুকের ভয়ে তিনি এখনো কিবোর্ডে আঙুল চালিয়ে যাচ্ছেন। মাস শেষে তাঁর অ্যাকাউন্টে যে অঙ্কটা জমা পড়বে, বাড়িভাড়া, ঋণের কিস্তি আর বাচ্চার স্কুলের বেতন চুকিয়ে দিলে হাতে অবশিষ্ট থাকবে সাকল্যে তিনটি দীর্ঘশ্বাস। কিন্তু হঠাৎ ফেসবুক স্ক্রল করতে গিয়ে ভদ্রলোকের ভ্রু কুঁচকে উঠল। চোখের মণি চড়কগাছ। নিউজফিডে ভেসে উঠেছে খবর: ‘পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি, রাজপথে বিক্ষোভ-সংঘর্ষ।’
মুহূর্তের মধ্যে ভদ্রলোকের ক্লান্ত শরীরে অ্যাড্রেনালিন ক্ষরণ শুরু হলো। তিনি সোজা হয়ে বসলেন। ক্লান্তি উবে গিয়ে ভর করল এক পবিত্র রোষ। ক্ষিপ্র আঙুলে তিনি সেই সংবাদের কমেন্ট বক্সে একটি ‘হা-হা’
রিঅ্যাক্ট বসিয়ে দিলেন। তারপর ঝড়ের গতিতে লিখে ফেললেন তাঁর ঐতিহাসিক স্ট্যাটাস: ‘আমরা বিবিএ-এমবিএ শেষ কইরা, দিনরাত এক কইরা তিরিশ হাজার টাকার চাকরি পাই না, আর এরা কোনো লেখাপড়া না জাইনা চায় তিরিশ হাজার? এদের তো লাথি মেরে বের করে দেওয়া উচিত! দেশটাকে এরা ধ্বংস করে দিল!’
কী অপূর্ব দৃশ্য! কী অনুপম আনুগত্য!
ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্টের একখানা চরম বেরসিক তথ্য আছে। সেখানে পরিসংখ্যানের খাতা খুলে দেখানো হয়েছে, বাংলাদেশের মোট জাতীয় সম্পদের ৫৮ শতাংশের বেশি কুক্ষিগত হয়ে আছে ওপরের মাত্র ১০ শতাংশ মানুষের হাতে। আর বাকি ৪২ শতাংশ সম্পদ নিয়ে নিচের ৯০ শতাংশ মানুষ প্রতিদিন ছেঁড়া কাঁথার নিচে শুয়ে পরস্পরের কান কামড়াচ্ছে।
সবচেয়ে মজার রাজনৈতিক কৌতুকটি এখানেই। ওই শীর্ষ ১০ শতাংশ অলিগার্কের হয়ে যারা ফেসবুকের কমেন্ট বক্সে সবচেয়ে জোরে গলা ফাটায়, গালিগালাজ করে, মালিকপক্ষের মুনাফা কমে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম হারাম করে ফেলে, তারা কিন্তু নিজেরাও সেই চোষিত ৯০ শতাংশেরই অংশ। তারা নিজেরাও কারও কর্মচারী, কারও আজ্ঞাবহ, মাস শেষে বসের মুখের করুণার ওপর বেঁচে থাকা খাঁটি মজুর।
অথচ সংহতি জানানোর বদলে তারা ব্যঙ্গ করে, হাসির রিঅ্যাক্ট বিলিয়ে বেড়ায়। কেন? এই অদ্ভুত, আত্মঘাতী ও করুণ দাসত্বের গোড়ায় কোন মানসিকতা কাজ করে? আসুন, এদের মগজের ভেতরে একটু উঁকি দেওয়া যাক।
মনোবিজ্ঞানীরা একটি পরিচিত ধারণা ব্যবহার করেন—‘রিলেটিভ ডিপ্রাইভেশন’ বা আপেক্ষিক বঞ্চনাবোধ। তবে আমাদের এই নব্য কেরানি শ্রেণির ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। একে বলা যেতে পারে ‘ডাউনওয়ার্ড এনভি’ বা নিম্নগামী পরশ্রীকাতরতা। সাধারণত মানুষ নিজের চেয়ে ধনীদের দেখে ঈর্ষা করে। কিন্তু আমাদের মধ্যবিত্ত কি-বোর্ড যোদ্ধা তাঁর বসের আটটা বাড়ি, পাঁচটা মার্সিডিজ আর সুইস ব্যাংকের অ্যাকাউন্ট দেখে ঈর্ষান্বিত হন না। বরং বসের বিলাসবহুল জীবনযাপন দেখে তাঁর চোখ চকচক করে ওঠে। তিনি ভাবেন, ‘আহা! স্যার কত ট্যালেন্টেড!’
তাঁর আসল রাগটা গিয়ে পড়ে তাঁর চেয়েও নিচে থাকা মানুষটির ওপর। তাঁর অহংকারের জায়গাটা হলো তাঁর ‘ডিগ্রি’। তিনি ফিলিপ কোটলার মুখস্থ করেছেন, নীলক্ষেত থেকে ফটোকপি করা বই পড়ে প্রেজেন্টেশনের স্লাইড বানিয়েছেন, ইন্টারভিউ বোর্ডে গিয়ে তিন রাউন্ড ‘স্যার স্যার’ করে মাত্র আটাশ হাজার টাকার চাকরি বাগিয়েছেন। ফলে তাঁর অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে, এই যন্ত্রণাদায়ক, স্বল্প বেতনের জীবনটাই পৃথিবীর মানদণ্ড।
হঠাৎ যখন তিনি দেখেন, কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই, স্রেফ ঘাম আর রক্ত বিক্রি করে একজন গার্মেন্টস শ্রমিক বাঁচার মতো মজুরি দাবি করছেন, তখন তাঁর অস্তিত্বের ভিত নড়ে ওঠে। তাঁর মনে হয়, ‘যদি ওই অশিক্ষিত লোকটাও পঁচিশ হাজার টাকা পায়, তবে আমার এই স্যুট-টাই পরা, পারফিউম মাখা দাসত্বের আভিজাত্য কোথায় রইল?’
তিনি একবারও তাঁর মালিককে প্রশ্ন করতে পারেন না, ‘বস, আপনি কোটি কোটি টাকা কামাচ্ছেন, অথচ আমাকে মাত্র ত্রিশ হাজার টাকা দিচ্ছেন কেন?’ সেই সাহস তাঁর নেই। কারণ মালিকের দিকে তাকালে চাকরি যাওয়ার ভয়, আর শ্রমিকের দিকে তাকালে নিজের ভুয়া শ্রেষ্ঠত্ব জাহির করার সুযোগ। তাই পাঞ্চ-আপ না করে পাঞ্চ-ডাউন করেই তিনি নিজের মানসিক আরাম খোঁজেন।
এই মানসিক অবস্থাকে শোষকের সঙ্গে শোষিতের আত্মপরিচয়ের একধরনের জটিল সম্পর্ক হিসেবেও দেখা যায়। স্টকহোম সিন্ড্রোমের সঙ্গে কেউ কেউ এর তুলনা টানতে পারেন—যেখানে জিম্মি একসময় অপহরণকারীর প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। অবশ্য এখানে বিষয়টি আক্ষরিক অর্থে স্টকহোম সিন্ড্রোম নয়; বরং শোষকের স্বার্থ ও দৃষ্টিভঙ্গিকে নিজের স্বার্থ বলে ভাবতে শেখার এক সামাজিক-মনস্তাত্ত্বিক প্রবণতা।
আমাদের মধ্যবিত্ত করপোরেট কুলিদের অবস্থাও অনেকটা তাই। তাঁরা প্রতিদিন নিজেদের শ্রমের উদ্বৃত্ত মূল্য সারপ্লাস ভ্যালু তুলে দিচ্ছেন মালিকের হাতে। যে মুনাফায় মালিকের ছেলেমেয়েরা কানাডায় বেগমপাড়ায় বাড়ি কিনছে, সেই মালিকের কর্মচারীরা মাসের বিশ তারিখের পর ক্রেডিট কার্ডের বিল মেটাতে ধারদেনা করছেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, শোষিত এই শ্রেণিটি সব সময় মালিকের চোখ দিয়েই দুনিয়া দেখে!
মার্কিন লেখক জন স্টেইনবেকের নামে বহুল প্রচলিত একটি উক্তি আছে: ‘আমেরিকায় সমাজতন্ত্র কখনো শিকড় গাড়তে পারেনি, কারণ সেখানকার গরিবরা নিজেদের শোষিত প্রলেতারিয়েত ভাবে না; তারা নিজেদের ভাবে সাময়িকভাবে পথভ্রষ্ট কোটিপতি।’ আমাদের এই ফেসবুক যোদ্ধাদের ট্র্যাজেডিও ঠিক এখানেই। তাঁরা যখন মালিকের পক্ষে কিবোর্ড চাপড়ে যুদ্ধ করেন, তখন অবচেতনে নিজেদেরও একদিনের সম্ভাব্য ‘মালিক’ কল্পনা করেন। তাঁরা ভাবেন, কঠোর পরিশ্রম, বসের চামচামি আর আনুগত্যের সিঁড়ি বেয়ে একদিন তাঁরাও ওই শীর্ষ ১০ শতাংশের ক্লাবে ঢুকে পড়বেন।
বাস্তবতা কী বলে? পরিসংখ্যান অত্যন্ত নির্মম এক বিজ্ঞান। এটি আবেগ বোঝে না। বাংলাদেশের সম্পদ বণ্টনের যে চিত্র আমরা দেখি, তাতে সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতার পথ যে কতটা সংকুচিত, তা সহজেই অনুমেয়। জন্মসূত্রে মধ্যবিত্ত হয়ে জন্মানো একজন মানুষের পক্ষে প্রচলিত অলিগার্কিক অর্থনৈতিক কাঠামো ভেঙে ওই শীর্ষ ১০ শতাংশের ক্লাবে ঢোকা যে কতটা কঠিন, তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। ফাইজলামি নয়, সম্পদের পুঞ্জীভবনের বাস্তবতা এটাই।
শীর্ষ ১০ শতাংশ তাদের ক্লাবের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছে বহু আগেই। সেখানে ঢুকতে হলে পারিবারিক পুঁজি, রাজনৈতিক যোগাযোগ, ক্ষমতার দাপট আর ব্যাংক লোপাটের অলিখিত লাইসেন্স লাগে; কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রি দিয়ে ওই ক্লাবের দারোয়ানের চাকরিও জোটে না।
কিন্তু হায়! আমাদের কি-বোর্ড যোদ্ধা এখনো মনে-প্রাণে বিশ্বাস করেন, তিনি কোনোদিন বস হবেন। আর সেই কাল্পনিক বস হওয়ার লোভে বাস্তব শ্রমিকদের পেটে লাথি মারার উৎসবে শামিল হন।
সামাজিক ও রাজনৈতিকভাবে এই শ্রেণির অবস্থানটা সবচেয়ে কৌতুকপূর্ণ। এরা আধুনিক পুঁজিবাদের তৈরি করা ‘প্রেস্টিজ ইকোনমি’র শিকার। পুঁজিবাদ খুব চতুর। সে জানে, সব মজুর যদি বুঝতে পারে যে তারা মজুর, তবে তারা এক হয়ে নিজেদের স্বার্থ আদায়ে সংগঠিত হতে পারে। তাই সে মজুরদের মধ্যে কৃত্রিম স্তর তৈরি করেছে।
একদল মজুরকে সে পাঠিয়েছে কারখানায়, যাদের গায়ে তেলের দাগ লাগে, ঘামের গন্ধ থাকে। তাদের নাম দেওয়া হয়েছে ‘শ্রমিক’। আরেক দল মজুরকে বসিয়েছে কাঁচঘেরা এসি রুমে, পরনে গুঁজে দিয়েছে ইস্ত্রি করা শার্ট, গলায় ঝুলিয়ে দিয়েছে ল্যানিয়ার্ড আর আইডি কার্ড। তাদের নাম দেওয়া হয়েছে ‘এক্সিকিউটিভ’।
মজার ব্যাপার হলো, দিনশেষে দুই দলই নিজেদের শ্রম বিক্রি করে বেঁচে থাকে। একজনের শারীরিক শ্রম, আরেকজনের মানসিক ও বুদ্ধিবৃত্তিক শ্রম। মাস শেষে মালিক দুপক্ষকেই শোষণ করে নিজের মুনাফার মার্জিন বাড়ান। কিন্তু ওই যে আইডির ফিতা আর এসির বাতাস—এইটুকুই মধ্যবিত্তের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে, সে আসলে শ্রমিক নয়, সে মালিকের ‘অংশীদার’।
মালিকপক্ষ যখন দেখে চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, জীবনযাত্রার খরচ বেড়ে যাচ্ছে, তখন তারা খুব ভালো করেই জানে, তাদের কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হবে। এই ক্ষোভের মুখ ঘুরিয়ে দেওয়ার সবচেয়ে মোক্ষম অস্ত্র হলো অনুভূমিক বিভাজন। মালিকেরা সোফায় বসে পপকর্ন চিবোতে চিবোতে দেখেন, কীভাবে একজন ত্রিশ হাজার টাকা বেতন পাওয়া করপোরেট কর্মচারী নিজের ফেসবুক ওয়ালে দাঁড়িয়ে ত্রিশ হাজার টাকা দাবি করা গার্মেন্টস শ্রমিকের বিরুদ্ধে বিষোদ্গার করছেন।
মালিককে আর আলাদা করে পিআর এজেন্সি ভাড়া করতে হয় না। তাঁর পোষা, অবৈতনিক কি-বোর্ড বিপ্লবীরাই তাঁর হয়ে সমস্ত নোংরা কাজ বিনা পয়সায় করে দেন। এর চেয়ে সস্তা ও কার্যকর জনমত নিয়ন্ত্রণের ব্যবস্থা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও তাদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে কল্পনা করতে পারেনি!
অতএব, হে ফেসবুকের করপোরেট গ্ল্যাডিয়েটর, হে শীর্ষ ১০ শতাংশের অঘোষিত জনসংযোগ কর্মকর্তা, আপনাকে স্যালুট!
আপনি আপনার ওভারটাইমহীন ১২ ঘণ্টার শিফট শেষ করে, লোকাল বাসের ভিড়ে পকেটমারের হাত থেকে মানিব্যাগ বাঁচিয়ে বাসায় ফিরুন। এক বাটি ঠান্ডা ডাল-ভাত গিলতে গিলতে পরম মমতায় মোবাইলটা হাতে নিন। তারপর সেই স্ক্রিনের দিকে তাকিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ুন সেই মেয়েটির বিরুদ্ধে, যে প্রতিদিন কারখানায় ১৬ ঘণ্টা দাঁড়িয়ে সেলাই মেশিনে কাপড় বুনে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে এবং মাস শেষে নিজের বাচ্চার জন্য এক কেজি দুধ কেনার অধিকার দাবি করে।
হাসুন, প্রাণখুলে ‘হা-হা’ রিঅ্যাক্ট দিন। তাকে স্মরণ করিয়ে দিন তার ঔকাত, তার শিক্ষার অভাব। মালিকের কোটি টাকার প্রাডো গাড়িটি যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সে জন্য আপনার ফেসবুক পোস্ট দিয়ে চারপাশ দুর্ভেদ্য করে তুলুন।
চালিয়ে যান আপনার এই বীরত্বপূর্ণ, স্বার্থহীন, সম্পূর্ণ অবৈতনিক মুক্তিযুদ্ধ! হয়তো কোনো এক সোনালি সকালে আপনার বস গুলশান-২-এর পেন্টহাউসে বসে আপনার এই আত্মত্যাগের খবর জানতে পারবেন। হয়তো তাঁর চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়বে। তিনি তাৎক্ষণিকভাবে তাঁর পিএসকে ডেকে বলবেন, ‘খুঁজে বের করো ফেসবুকের সেই মহান বীরকে, যে আমার চারটা বায়ার আর আটটা কর ফাঁকি দেওয়া টেক্সটাইল মিলের পক্ষে বিনামূল্যে নিজের শ্রেণিচরিত্র বিসর্জন দিয়ে লড়ে গেছে!’ হয়তো সেদিন আপনাকে ডেকে নিয়ে একখানা মেডেল পরিয়ে দেওয়া হবে—‘বছরের সেরা গৃহপালিত দাস পদক’।
তবে সাবধান, সেই আনন্দঘন মুহূর্ত আসার আগেই যেন আপনার লিভারটা নষ্ট না হয়ে যায়, কিংবা ডেডলাইনের চাপে মস্তিষ্কের কোনো রগ না ছিঁড়ে যায়। কারণ আপনি অসুস্থ হলে কিংবা আপনার কার্যক্ষমতা একবিন্দু কমলে, যে মালিকের পক্ষে আপনি আজ ভার্চুয়াল কামান দাগছেন, তিনি এক সেকেন্ডও সময় নেবেন না আপনার ডেস্কে অন্য আরেকজন ডিগ্রিধারী সস্তা কুলিকে বসিয়ে দিতে।
ততদিন পর্যন্ত মালিকদের জন্য ট্রল চালিয়ে যান। নিশ্চিত থাকুন, ওই ৫৮ শতাংশ সম্পদের মালিকেরা যখন ইউরোপে তাঁদের পরবর্তী প্রমোদভ্রমণের পরিকল্পনা আঁটছেন, তখন তাঁরা আপনাদের মতো ‘হা-হা’ রিঅ্যাক্ট দেওয়া বীরদের কথা ভেবে একটুও হাসছেন না। কারণ তাঁরা জানেন, গোলাম যখন নিজেই চাবুককে ভালোবাসতে শেখে, তখন মনিবের আর কোনো পাহারাদার লাগে না।
_________
লেখকঃ কবি
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



