মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প 'ভিক্ষুক': একটি ব্যক্তিগত পর্যালোচনা

নাদিরা ইয়াসমিন
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ৭:৪৩পরিবর্তন করতে ক্লিক করুন
মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প 'ভিক্ষুক': একটি ব্যক্তিগত পর্যালোচনা
শেয়ার করুন:

মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ ছোটগল্প 'ভিক্ষুক'-এর ব্যক্তিগত পর্যালোচনা। কীভাবে অযাচিত দয়া ও মিথ্যার ফাঁদে জন্ম নেয় 'যাদব'-এর মতো মানসিকতার মানুষ? পড়ুন বিস্তারিত আলোচনা।

কয়েক মাস আগে এক বড় ভাই কথা প্রসঙ্গে মাণিক বন্দ্যোপাধ্যায়ের 'ভিক্ষুক' নামে একটা ছোটগল্পের কথা বললেন। অনেক আগে মাণিকের ছোটগল্পগুলো পড়া হয়েছে, তাই মনে করতে পারছিলাম না। মাণিকের শ্রেষ্ঠ ছোটগল্প সংকলনের মধ্যে 'ভিক্ষুক' গল্পটি না থাকায় এবং অনলাইনেও খুঁজে না পাওয়ায়, ভাই নিজের বই থেকে ছবি তুলে গল্পটা পাঠালেন শেষ পর্যন্ত। সাড়ে ছয় পৃষ্ঠার একটা গল্প।

এক নিশ্বাসে পড়ে ফেললাম! এরপর খুঁটিয়ে খুঁটিয়ে আরও কয়েকবার পড়লাম গল্পটা! পড়ে মনে হলো, এতদিন কই ছিল গল্পটা? কিংবা আগে পড়লেও ভালো করে খেয়াল করলাম না কেন? এ তো দেখছি হীরের খনি! হীরে যেমন লুকানো থাকে মাটির অনেক গভীরে, এই গল্পটাও এতদিন কোনো এক গভীর দেশে লুকিয়ে ছিল বুঝি!

গ্রাম থেকে কলকাতায় কাজ করতে যাওয়া এক ঘরজামাই, নাম তার যাদব, 'শহরের চাকুরে-বাবু'। বছরখানেক কলকাতায় চাকরি করে জমানো শ'খানেক টাকাসহ দুই দিনের ছুটি নিয়ে গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছে, স্ত্রী ও সন্তানদের সঙ্গে করে শহরে নিয়ে আসার জন্য। রাত আটটার দিকে শ্বশুরবাড়ি থেকে প্রায় ছ-সাত মাইল দূরে নির্জন এক ছোট্ট স্টেশনে ট্রেন থেকে নামে যাদব। সঙ্গে একটা বড় অঙ্কের টাকা থাকায় রাতটি স্টেশনে কাটাবে, না ঝুঁকি নিয়ে অন্ধকার পথ পাড়ি দিয়ে রাতেই স্ত্রী-সন্তানদের কাছে শ্বশুরবাড়ি চলে যাবে—এই নিয়ে কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগে।

একে তো মাত্র দুই দিনের ছুটি নিয়ে এসেছে, তাছাড়া নির্জন স্টেশনে একাকী থাকতে গেলেও একইরকম ঝুঁকি আছে ভেবে দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে দেয় চারপাশের ঘুটঘুটে অন্ধকার ভেদ করে।

কিছুদূর যাওয়ার পর যাদবের সাথে সঙ্গী হয় পাঞ্জাবি পরা, কাঁধে চাদর রাখা ও জুতো পরা এক ভদ্রলোক। যাদবের শ্বশুরবাড়ির পাশের গ্রাম সোদপুর যাবে শুনে কিছুটা স্বস্তি পেলেও আতঙ্ক কাটেনি সঙ্গে থাকা টাকার চিন্তায়। দেখতে ভদ্রলোক হলেও সঙ্গীটি যে অন্ধকার রাত্রিতে একা পেয়ে টাকাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই! ফলে যাদব কী কাজ করে, কেন গ্রামে যাচ্ছে ইত্যাদি সবকিছু নিয়ে মিথ্যে বলে সঙ্গী হওয়া ভদ্রলোকের কাছে। শুধু তাই না, নিজের কল্পিত আর্থিক দুরবস্থা ও সন্তানের অসুস্থতা নিয়েও মিথ্যা গল্প ফাঁদে সেই ভদ্রলোকের কাছে।

"এদিকে শহরে সে দুটি পয়সা উপার্জনের চেষ্টায় প্রাণপাত করে, আঁজলা ভরিয়া রাস্তার কলের জল খাইয়া ক্ষুধাতৃষ্ণা মেটায় আর এদিকে আত্মীয়ের আশ্রয়ে বউ ছেলেমেয়ে তার পেট ভরিয়া খাইতে পায় না; বিনা চিকিৎসায় মরিয়া যায়। অথচ এতদিন তার কী না ছিল! বাড়ি ছিল, জমিজমা ছিল, কত আত্মীয়পরিজনকে সে আশ্রয় দিয়াছে। বলিতে বলিতে গভীর বিষাদে যাদবের হৃদয় ভারাক্রান্ত হইয়া উঠে, গলা ভারি হইয়া আসে।"

অন্ধকার রাতে পাশাপাশি পথ চলতে গিয়ে যাদবের বানানো কল্পিত আর্থিক দুরবস্থা ও দুঃখ-দুর্দশার কথা শুনে নিজ গ্রামের উদ্দেশ্যে বিদায় নেওয়ার আগে ভদ্রলোক যাদবের হাতে দশটি টাকার নোট গুঁজিয়া দেন বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করার জন্য। এই একটি ঘটনা যাদবের চিন্তা ও জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেদিন রাতে নিজের দুঃখ-দুর্দশা ও ছেলের অসুস্থতার গল্প ফেঁদেছিল অন্ধকার রাতে নিজের পকেটে থাকা টাকা যেন লুট হয়ে অন্যের পকেটে চলে যেতে না পারে সেজন্য।

কিন্তু এরপর থেকে যাদব এসব বলে সহজে ও বিনাশ্রমে অন্যের পকেট থেকে টাকা বের করে আনতে শুরু করে। শুধু সচ্ছল ব্যক্তিরা নন, অসচ্ছল কিন্তু দয়ালু ব্যক্তিরাও যাদবের সেই ফাঁদে পা দিয়ে নিজের শেষ সম্বলটুকু প্রতারক, মিথ্যাবাদী যাদবের হাতে তুলে দেয়। যাদবের মতো মানুষরা প্রত্যেকটি পয়সা, পদক্ষেপ এবং মানুষের প্রত্যেকটি আচরণ খুবই বুঝেশুনে চলে। কিন্তু উদার দয়ালু ব্যক্তিরা এত হিসেব করে চলেন না, ফলে যাদবদের অতি নাটুকেপনা ও দারিদ্র্য ব্যবসার ফাঁদে পড়েন। অথচ যাদব কলকাতায় একটা অফিসে চাকরি করতো এবং তার কোনো অভাব ছিল না।

"সে তো কোনো সাহায্য চায় নাই, তবু ভদ্রলোক যাচিয়া তাকে একেবারে দশ-দশটা টাকা দান করিয়া ফেলিলেন কেন? বিশেষ বড়লোক বলিয়াও তো মনে হয় নাই মানুষটাকে? তার বানানো দুঃখের কাহিনী শুনিয়া এমনভাবে মন গলিয়া গেল যে একেবারে দশটা টাকা তাকে না দিয়া সে থাকিতে পারিল না?"

এতদিন মাস শেষে বেতনের টাকাটা হাতে পেলে খুবই খুশি হতো যাদব। কিন্তু ওই ঘটনার পর থেকে তার মনে হয়, 'মানুষ এত খাটিতে পারে?' মনে হতে থাকে, 'ত্রিশ-একত্রিশ দিন প্রাণান্তকর পরিশ্রমের বিনিময়ে মোটে এই ক-টা টাকা!' সে ভাবতে থাকে শহরে নিশ্চয়ই দয়ালু ব্যক্তি ওই একজনই নন, লাখ লাখ মানুষের মধ্যে দয়ালু ব্যক্তি নিশ্চয়ই আরও অনেকে আছেন। লাভজনক ও সহজলভ্য বলে অল্প সময়ে ও অল্প পরিশ্রমে টাকা রোজগারের জন্য যাদব কাজে যাওয়ার আগে ও পরে যখনই সময় পেত, তার ছেলের অসুস্থতা ও কাল্পনিক সমস্যার কথা বলে লোকের কাছে টাকা চেয়ে বেড়াত। কেউ সিকি, কেউ আধুলি, এক আনা ইত্যাদি করে দিত। এতে তার ভালোই রোজগার হতো।

যাদব দীর্ঘদিন শ্বশুরবাড়িতে ঘরজামাই ছিল। তাছাড়া 'কাজের উপর বিতৃষ্ণা তার ছিল চিরদিনই'। মানুষ কখন এবং কারা সাধারণত ঘরজামাই থাকে আমরা জানি। আত্মমর্যাদাবোধসম্পন্ন ও পরিশ্রমী কোনো মানুষ কখনো ঘরজামাই থাকতে যায় না। আত্মমর্যাদাবোধহীন ও কাজের প্রতি বিতৃষ্ণ যাদব যখন ভিক্ষাবৃত্তির মাধ্যমে রোজগারের সহজ ও লাভজনক পথ খুঁজে পায়, তখন সে তা লুফে নেয় বিনাপ্রশ্নে ও বিনা দ্বিধায়।

যারা অন্যের কাছে হাত পেতে অভ্যস্ত, তাদের হাত পাতার স্বভাব একজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যখন ও যার কাছ থেকে অর্থ ও সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে, এমন সকল সম্ভাব্য ব্যক্তি ও স্থানেই তারা নিজেদের সমস্যা তুলে ধরতে বিন্দুমাত্র দ্বিধা করে না এবং সময় ও সুযোগ নষ্ট করে না।

অন্যের উপর নির্ভরশীল, অলস, আত্মমর্যাদাবোধহীন, সহজেই অন্যের কাছ থেকে সুবিধা নেওয়া ও পাওয়া নির্লজ্জ মানুষদের মধ্যে একটা বোধ জন্মে যায়—জগতের সব মানুষ সারাজীবন তাদের পুষতে এবং দিয়ে যেতে যেন বাধ্য! একদা ঘরজামাই থাকা যাদবের মনেও এমন একটা বিশ্বাস জন্মে যায়, 'মানুষের দয়া আর সহানুভূতির উপর তার আজন্ম অধিকার'। এই অধিকারের দাবিতে সে বহুবার ও অনেকের কাছে সাহায্য আর সহানুভূতি চেয়েছে। আর কাঙ্ক্ষিত সাহায্য না পেলে হয়েছে ক্ষুব্ধ।

কাজ শেষে বাড়ি ফেরার পথে একদিন সিল্কের পাঞ্জাবি পরা এক ভদ্রলোককে যাদব তার কল্পিত বিপদের কথা বলতে গেলে ভদ্রলোক 'সিগারেট টানিতে টানিতে জোরে হাঁটিয়া আগাইয়া যায়'। তখন রাগে, দুঃখে, অপমানে যাদবের গা জ্বলতে থাকে এবং গভীর হতাশায় তার মনটা ভরে যায়। তখন যাদব আপন মনে বলতে থাকে—

"এই কী মানুষ, এই কী ভদ্রলোক? আবার সিল্ক গায়ে দেওয়া হইয়াছে!"

যেসব মানুষ কিছু না হতেই অন্যের কাছে হাত পেতে অভ্যস্ত, মানুষের কাছে হাত পাততে পাততে একসময় তাদের লজ্জাশরম ও মান-অপমানবোধ বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। প্রথম দিকে কেউ দান না করলে কিংবা পয়সা ছুড়ে দিলে যাদবের প্রবল অপমানবোধ হলেও, একসময় এসব তার কাছে স্বাভাবিক হয়ে যায়। শুধু তাই না, একবার কলেরায় মারা যাওয়া এক ছেলের বাবা যখন বাড়ি থেকে এনে টাকা দিতে চায় যাদবের কলেরায় আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য, তখন সেই টাকা নিতে শুরুতে কিছুটা সংকোচ বোধ করলেও পরে সেই বাবার দেওয়া পাঁচটি টাকা পেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে চলে যায়। একবার এক ব্যক্তি গায়ের উপর একটা পয়সা ছুঁড়ে দিলে উল্টো যাদবকে বলতে দেখা যায়—

"একটা পয়সা গায়ের উপর ছুঁড়িয়া অপমান করার কী দরকার ছিল? একটা টাকা, বড়জোর একটা আধুলি ছুঁড়িয়া মারিলেও বরং কথা ছিল! কী অভদ্র মানুষটা, কী নিষ্ঠুর!"

এভাবে যাদব ধীরে ধীরে তার নতুন রোজগার নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকে এবং এতে অভ্যস্ত হয়ে যায়। সে অফিস থেকে ফিরেই ছেঁড়া জামা ও জুতো পরে একেক দিন একেক এলাকায় গিয়ে মানুষকে তার দুঃখ-দুর্দশার কথা শোনাতে থাকে। এক পর্যায়ে যাদবের মনে হয়, অফিসের চাকরি তার অনেক সময় নষ্ট করে দেয় এবং আয়-রোজগার আরেকটু বাড়লে চাকরিটা ছেড়ে দিয়ে ফুলটাইম মানুষকে তার বিপদে পড়ার গল্প শুনিয়ে রোজগারে নামবে।

'ভিক্ষুক' গল্পের সমাপ্তিটা খুবই চমকপ্রদ। একদিন অফিস শেষে বাড়ি ফেরার পথে ট্রামের জন্য অপেক্ষা করছিল যাদব। 'ধোপদুরস্ত জামাকাপড় পরা, চাদর কাঁধে, ছড়ি হাতে বিশিষ্ট চেহারার এক ভদ্রলোককে' দেখে এগিয়ে যাওয়ার কথা ভাবছিল যাদব। তখনই লোকটাই এগিয়ে আসে যাদবের দিকে এবং বলে, 'আপনাকে একটা কথা বলতে চাই'। লোকটি কাটা পকেট দেখিয়ে তার মানিব্যাগ চুরির গল্প বলে। বলে দোকানে কিছু জিনিস কেনার সময় তার সব টাকা ও ফিরতি টিকিটসহ মানিব্যাগ হারানোর কথা। যাদব জুনিয়র আইনজীবীর মতো লোকটির সবকিছু দেখছিল এবং তার কথা শুনছিল!

"স্তম্ভিত বিস্ময়ে যাদব তার মুখের দিকে চাহিয়া থাকে, যেভাবে জুনিয়র উকিল হাঁ করিয়া শোনে বিখ্যাত আইনজীবীর বক্তৃতা।"

পকেট কেটে মানিব্যাগ চুরির গল্প বলা লোকটি সত্যি সত্যি বিপদগ্রস্ত হতে পারেন, কিংবা যাদবের চেয়ে আরও বড় দারিদ্র্য ব্যবসায়ী, আরও বড় ড্রামা কুইন হতে পারেন। উনি আসলে কে, আমরা নিশ্চিত করে জানতে পারি না। কারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে প্রতারক, মিথ্যাবাদী যাদবের কাছে লোকটিকে তারই ভিন্ন সংস্করণ বলে মনে হয়। তার চেয়ে আরও আপডেটেড সংস্করণ অবশ্য। শুধু তাই না, লোকটিকে সে নিজের একজন বড় প্রতিদ্বন্দ্বী এবং অনুসরণযোগ্য সিনিয়র প্রতিদ্বন্দ্বী বলে মনে করে।

দয়া একটি মহৎ গুণ, সেরা উপহার। কিন্তু এই দয়া বুদ্ধি-বিবেচনা ছাড়া অপাত্রে ও অপ্রয়োজনে দেখাতে গেলে উপকারের পরিবর্তে অপকারই করা হয় ব্যক্তির। এমনকি নিজেরও বিপদ ডেকে আনা হয় অনেক সময়। 'ভিক্ষুক' গল্পের যাদব তার একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রথম দিন যাদবের কথায় শুরুতে সন্দেহ হয়েছিল ভদ্রলোকের। সেক্ষেত্রে উনি যদি যাদবের সাথে তার ছেলেকে দেখতে চলে যেতেন এবং পরিস্থিতি বুঝে টাকা দেওয়ার কথা ভাবতেন, তাহলে যাদবের মতো একটা নিকৃষ্ট ভিক্ষুকের জন্ম হতো না হয়তো কখনো। আমি নিজেও এইরকম অনেক যাদব তৈরি করেছি অপাত্রে ও অপ্রয়োজনে দয়া দেখাতে গিয়ে। সেজন্য 'ভিক্ষুক' গল্পটি আমাকে এতটা স্পর্শ করেছে। হয়তো বড় ভাইকেও এসব কারণে স্পর্শ করেছিল, যেজন্য উনি আমাকে গল্পটা পড়তে বলেছিলেন।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: