মধুপুরে রাবার বাগান কর্তৃপক্ষের পিছু হটার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২:৪৯পরিবর্তন করতে ক্লিক করুন
মধুপুরে রাবার বাগান কর্তৃপক্ষের পিছু হটার নেপথ্যে

ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

গারো নেতা অলিক মৃ বলেন, 'প্রশাসন তাদের প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করেন, আমরা তা নজরে রেখেছি।'

টাঙ্গাইলের মধুপুরে জমি উদ্ধার অভিযানের নামে একটি আদিবাসী  গারো পরিবারের বসতঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিআইডিসি) অধীন রাবার বাগান কর্তৃপক্ষ।


প্রাথমিকভাবে জমি উদ্ধারের কথা বললেও পরে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয় তারা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে উপজেলার ধারাটি গ্রামের কালাপাহাড় এলাকায় চাঁদপুর রাবার এস্টেটের ম্যানেজার আমান উল্লাহ আমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় রমেন কুবি ও শিবলি মাংসাং দম্পতির ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। বাড়ির চারপাশের গাছপালাও কেটে ফেলা হয়।


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় গারো আদিবাসী নারী- পুরুষ লাঠিশোটা নিয়ে আনসার বাহিনী সদস্যদের রুখে দাঁড়ান।

সমাজ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে সর্বত্র তীব্র সমালোচনা দেখা দেয়।

খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টিকে 'বাড়াবাড়ি' বলে মন্তব্য করলে বাগান কর্তৃপক্ষ বেকায়দায় পড়ে যায়।


ইউএনওর কঠোর অবস্থান এবং এলাকায় ক্রমবর্ধমান উত্তেজনার মুখে বাগান কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয়। মঙ্গলবার তারা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এবং ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।


ইউএনও মির্জা জুবায়ের হোসেন জানান, 'বাগান কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছে। পুনর্বাসন বা ঘর পুনর্নির্মাণের জন্য তাদের দুই বান্ডিল টিন, ছয় হাজার টাকা এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যয় বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।'


তিনি আরও বলেন, অভিযানের সময় আনসার সদস্যদের পক্ষ থেকে বাড়াবাড়ি হয়েছে। ইউএনও ও ওসিকে না জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অভিযান না চালাতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

গারো নেতা অলিক মৃ বলেন, 'প্রশাসন তাদের প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করেন, আমরা তা নজরে রেখেছি।'


ভুক্তভোগী গারো পরিবারের দাবি, তারা বন বিভাগের কাছ থেকে জমি কিনে সেখানে বসতঘর নির্মাণ করেছিলেন। তাদের বাড়ি সরিয়ে নিতে বন বিভাগ থেকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ক্ষতিপূরণের আশ্বাস দিতে বাধ্য হলো রাবার বাগান কর্তৃপক্ষ।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: