স্থানীয় সরকারে বিএনপির দলীয়করণ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ৬:৫২পরিবর্তন করতে ক্লিক করুন
স্থানীয় সরকারে বিএনপির দলীয়করণ নিয়ে প্রশ্ন

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

শেয়ার করুন:

তারা আশঙ্কা করছেন, এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন আরও বিলম্বিত হতে পারে।

 

দেশের ১২টি সিটি করপোরেশনের পর এবার ৪২টি জেলা পরিষদেও দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা দিলেও রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা একে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ‘দলীয় পুনর্বাসন কেন্দ্র’ তৈরির চেষ্টা হিসেবে দেখছেন।

 

তারা আশঙ্কা করছেন, এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন আরও বিলম্বিত হতে পারে।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অপসারণ করে সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ করেছিল।

 

তবে গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই দৃশ্যপট বদলে যায়। প্রথমে ঢাকা উত্তর ও দক্ষিণসহ প্রধান সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তাদের সরিয়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতাদের প্রশাসক করা হয়। গত রোববার (১৫ মার্চ) সর্বশেষ ধাপে ৪২টি জেলা পরিষদেও দলীয় নেতাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

 

সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক ব্যক্তিরা জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ত।

 

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জানিয়েছেন, জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এবং অকার্যকর প্রতিষ্ঠানগুলোকে সচল করতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে এই নিয়োগ নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। দেখা গেছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের অনেকেই গত সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী অথবা যারা দলীয় মনোনয়ন পাননি। ফলে একে পরাজিত নেতাদের ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে দেখছেন অনেকে।

 

বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা মাঠ পর্যায়ে বেশি কার্যকর হতে পারেন, কিন্তু দলীয় পরিচয় এখানে বড় উদ্বেগের কারণ।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দ্রুত নির্বাচন আয়োজনই ছিল মূল সমাধান। নির্বাচন না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রশাসকরা কাজ করলেও দলীয় কর্তৃত্ব স্থাপনের শঙ্কা থেকেই যায়।

 

অন্যদিকে, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান একে ‘কুপ্রথা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, নির্বাচিত প্রতিনিধি ছাড়া এসব প্রতিষ্ঠান জনগণের কাছে দায়বদ্ধ থাকে না।

 

এদিকে, স্থানীয় সরকারে বিএনপি নেতাদের এই একক আধিপত্যের প্রতিবাদ জানিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, দলীয় পদধারীদের নিয়োগ দেওয়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থি এবং এটি নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল হতে পারে।

 

এ পর্যায়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত হবে নাকি কেবল দলীয় প্রভাব বাড়বে, তা নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: