খলিলুর রহমানকে ঘিরে বিএনপিতেই বিস্ময়
অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় যাঁর কড়া সমালোচনা করেছিলেন বিএনপির শীর্ষ নেতারা, সেই খলিলুর রহমানকে এখন সহকর্মী হিসেবে মেনে নিতে পারছেন না দলটির অনেক নীতিনির্ধারক।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। দীর্ঘ দেড় দশক পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি যখন সরকার গঠন করল, তখন সবার চোখ ছিল দলটির নতুন মন্ত্রিসভার দিকে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি ‘বিপ্লবী’ মন্ত্রিসভার প্রত্যাশা থাকলেও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ড. খলিলুর রহমানের হাতে যাওয়ায় খোদ দলটির নেতা-কর্মীদের মধ্যেই ব্যাপক বিস্ময় ও ক্ষোভ তৈরি হয়েছে।
অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় যাঁর কড়া সমালোচনা করেছিলেন বিএনপির শীর্ষ নেতারা, সেই খলিলুর রহমানকে এখন সহকর্মী হিসেবে মেনে নিতে পারছেন না দলটির অনেক নীতিনির্ধারক। নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক সদস্য বলেন, "বিগত ১৮ মাসে তাঁর (খলিলুর রহমান) অনেক কর্মকাণ্ডের বিরোধিতা আমরা রাজপথে করেছি। এখন তিনি আমাদেরই পররাষ্ট্রমন্ত্রী, এটি সাধারণ কর্মীদের কাছে ব্যাখ্যা করা আমাদের জন্য বিব্রতকর ও অস্বস্তিকর।"
কেবল কেন্দ্র নয়, তৃণমূলের জেলা পর্যায়ের নেতাদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
গত বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ড. খলিলুর রহমান। নির্বাচনে ‘রেফারি’র ভূমিকা পালন শেষে বিজয়ী দলের পক্ষে ‘খেলোয়াড়’ হয়ে নামা ‘স্বার্থের সংঘাত’ (Conflict of Interest) তৈরি করে কি না—এমন প্রশ্নে তিনি বেশ সাবলীল উত্তর দেন। খলিলুর রহমান বলেন, "আমি তো জোর করে আসিনি। একেকজনের একেকজন সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটি সময়ের সাথে পরিবর্তনও হয়।" এমনকি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে বিরোধীদের অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি উপহাসের সুরে বলেন, "গণনা ঠিক না হলে আরেকবার গুনে নিন।"
খলিলুর রহমানের সঙ্গে বিএনপির বিরোধের ইতিহাস খুব বেশি দিনের পুরনো নয়। গত ২০২৫ সালের মে মাসে রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সীমান্তে ‘মানবিক করিডর’ চালুর প্রস্তাব দিয়ে বিএনপির কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সে সময় বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলন করে খলিলুর রহমানকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছিলেন। এমনকি সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে তাঁকে সরিয়ে দেওয়ার অনুরোধও জানানো হয়েছিল।
এছাড়া নির্বাচনের মাত্র তিন দিন আগে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিতর্কিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, তাতেও খলিলুর রহমানের বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়। তৎকালীন বিরোধী দল বিএনপি অভিযোগ করেছিল, ওই চুক্তি দেশের স্বার্থ রক্ষা করেনি। অথচ সেই একই ব্যক্তিকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কেন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও সন্দিহান।
দীর্ঘ দুই যুগের বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাস করা খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। যদিও তিনি দাবি করেছেন তাঁর কেবল বাংলাদেশের পাসপোর্টই রয়েছে। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের ‘গ্রিন কার্ড’ধারী এবং সেখানে তাঁর বিপুল সম্পদ রয়েছে, যা অন্তর্বর্তী সরকারের দেওয়া হলফনামায় উঠে এসেছিল। বিদেশের মাটিতে সম্পদ ও দীর্ঘ বসবাসের রেকর্ড থাকায় জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল দায়িত্বে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিল বিএনপিই। এখন সেই রেকর্ড থাকা সত্ত্বেও পররাষ্ট্রের চাবিকাঠি তাঁর হাতে তুলে দেওয়াকে অনেকেই ‘কৌশলগত বাধ্যবাধকতা’ হিসেবে দেখছেন।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে খলিলুর রহমানকে বেছে নেওয়া হতে পারে। তবে তাঁর মাধ্যমেই এখন বিশ্ব দেখবে ‘বিএনপির বাংলাদেশ’—এটি মেনে নেওয়া দলটির একনিষ্ঠ কর্মীদের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নতুন সরকারের পথচলায় খলিলুর রহমান কতটুকু সফল হবেন কিংবা দলের ভেতরের এই অস্বস্তি কীভাবে প্রশমিত হবে, তা সময়ই বলে দেবে। তবে আপাতত ‘খলিলুর রহমান’ ইস্যুটি বিএনপি সরকারের প্রথম বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



