‘জুলাই সনদ পালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১২পরিবর্তন করতে ক্লিক করুন
‘জুলাই সনদ পালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি’
শেয়ার করুন:

‘আজ থেকে পরিবর্তনের যাত্রা শুরু হলো। সংসদ সদস্য হলেই কেউ আইনের ঊর্ধ্বে বা সব বিশেষ সুবিধার মালিক হবেন—সেই সংস্কৃতি আর থাকবে না।’  

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সংসদীয় দলের প্রথম বৈঠকেই বড় ধরনের সংস্কারের ঘোষণা দিল বিএনপি। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

 

সালাহউদ্দিন আহমদ জানান, বৈঠকে তারেক রহমান দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য কঠোর দুটি অনুশাসন দিয়েছেন। এখন থেকে বিএনপির কোনো সংসদ সদস্য রাষ্ট্রপ্রদত্ত শুল্কমুক্ত গাড়ি সুবিধা গ্রহণ করবেন না এবং সরকারি কোনো প্লটও নেবেন না।

 

তিনি বলেন, ‘আজ থেকে পরিবর্তনের যাত্রা শুরু হলো। সংসদ সদস্য হলেই কেউ আইনের ঊর্ধ্বে বা সব বিশেষ সুবিধার মালিক হবেন—সেই সংস্কৃতি আর থাকবে না।’

 

রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’ অক্ষরে অক্ষরে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ।

 

তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার এই সনদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তবে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে তিনি দলের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, বিএনপির সংসদ সদস্যরা কেবল সাংসদ হিসেবে শপথ নিয়েছেন, কারণ তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হননি।

 

সালাহউদ্দিন আহমদের মতে, গণভোটের রায় অনুযায়ী জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে গিয়ে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। তিনি আরও মন্তব্য করেন যে, বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এই সংস্কার পরিষদের শপথ পড়ানোর কোনো এখতিয়ার নেই। সিইসি তাদের এই শপথের জন্য ‘অ্যাপ্রোচ’ করেননি এবং তারাও তা গ্রহণ করেননি।

 

সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, ‘আমরা সাংবিধানিক পদ্ধতি মেনেই এই পর্যন্ত এসেছি এবং ভবিষ্যতেও দেশ পরিচালনা করব সাংবিধানিকভাবেই।’

 

তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় দলের এই প্রথম বৈঠকটি দলটির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দর্শনের এক প্রতীকী বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ দিন বিকেলেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের কথা রয়েছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: