জনগণ সংস্কার চায়, সংবিধানের বিলোপ নয়

প্রমথ চৌধুরীর সেই বিখ্যাত উক্তি স্মরণ করা যায়—'ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।' জামায়াতের এই নেতিবাচক প্রভাব যদি এনসিপির মতো তরুণ দলেও ছড়িয়ে পড়ে এবং তারা সংস্কারের নামে একাত্তরের ভিত্তি মুছে ফেলার রাজনীতিতে লিপ্ত হয়, তবে তা হবে গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
মানুষ রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার চায় বলেই গণভোটে ইতিবাচক রায় দিয়েছে। তবে এই সংস্কারের অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনগড়া শাসনতান্ত্রিক নিয়ম চাপিয়ে দেওয়া নয়। জনকাঙ্ক্ষা হলো—প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অগণতান্ত্রিক মানসিকতারও সংস্কার ঘটুক।
বিপরীত দিকে, যারা সংস্কারের বিপক্ষে তারা ‘না’ ভোট দিয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, পুরনো ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো টিকিয়ে রাখতে চাওয়া মানুষের সংখ্যা ৩০ শতাংশের উপরে। তবে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ প্রায় ৬০-৬২ শতাংশ মানুষ সংস্কারের পক্ষেই অবস্থান নিয়েছে। এখন প্রশ্ন হলো, এই সংস্কারের প্রকৃতি কেমন হবে? সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থার আধুনিকায়ন ও সংশোধন, এর সমূলে বিনাশ বা বিলোপ নয়। বিএনপি তাদের ‘নোট অব ডিসেন্ট’-এ যেভাবে বলেছে—অপ্রাসঙ্গিক ও সেকেলে ধারাগুলো বাতিল করে সঠিক বিষয়গুলো অক্ষুণ্ণ রাখা—জনসাধারণের কাছে সেটিই প্রকৃত সংস্কার হিসেবে গণ্য হয়েছে। মূলত এই জনম্যান্ডেটের কারণেই সংস্কারের স্বার্থে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে ভোটাররা।
এই রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত জোট ছাত্র-জনতার অভ্যুত্থানের বড় অংশীদার হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত জনসমর্থন পায়নি। কারণ, মানুষ সংবিধানের সংস্কার চেয়েছে, এর বিলোপ নয়। অন্যদিকে, অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের একাংশ যখন নতুন দল গঠন করে সংবিধান বাতিলের দাবি তুলল, তখন তারা প্রকারান্তরে জনআকাঙ্ক্ষার বিপরীতেই অবস্থান নিল।
জামায়াতের এই কৌশলের পেছনে নিহিত রয়েছে দলীয় স্বার্থ। একাত্তরে দেশবিরোধী ভূমিকা এবং গণহত্যার কলঙ্কিত ইতিহাস মুছে ফেলতেই তারা স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানটি বিলোপ করতে চায়। এই চাওয়ার সঙ্গে অভ্যুত্থানের একটি অংশ যখন কণ্ঠ মেলায়, তখন তা রাষ্ট্র সংস্কারের পথে একটি ‘ট্র্যাজিক’ মাত্রা যোগ করে। অন্তর্বর্তীকালীন শাসনের অস্থিতিশীলতার সুযোগে তারা সংবিধান বাতিলের দাবিকে ‘সংস্কারের দাবি’ হিসেবে চালানোর চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার নয়, বরং একাত্তরের ভিত্তি ধূলিসাৎ করা। এই উদ্দেশ্যে তারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও ৩০-৩৫ শতাংশের বেশি মানুষের সমর্থন পায়নি; এমনকি আসন অনুপাতে তাদের অবস্থান আরও নগণ্য।
ভোটের সমীকরণ বলছে, ৩০-৩২ শতাংশ মানুষ যেমন পুরনো ব্যবস্থায় ফিরতে চায়, তেমনি সমপরিমাণ মানুষ আবার জাতিরাষ্ট্রের ভিত্তিকেই মুছে ফেলতে চায়। অর্থাৎ, দুই পক্ষই জুলাই সনদের প্রকৃত সংস্কারের পরিপন্থী। বিপরীতে, আসন হিসেবে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্যের স্বার্থে এই গণতান্ত্রিক রায়কে সবার মেনে নেওয়া উচিত।
জুলাই চেতনায় উদ্দীপ্ত হয়ে দ্বিমত ও পারস্পরিক সহনশীলতার মধ্য দিয়েই জাতিকে এগিয়ে নিতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যেমন ফ্যাসিবাদে ফিরতে চায় না, তেমনি একাত্তরের অর্জনকেও বৃথা যেতে দিতে রাজি নয়। জামায়াত জোট জুলাই সনদে স্বাক্ষর করেও এখন সংবিধান প্রতিস্থাপনের কথা বলে এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা করছে। এদিকে এনসিপি শুরুতে সংবিধান বাতিলের দাবিতে অনড় থাকলেও বর্তমানে কৌশল পরিবর্তন করেছে। যদিও তাদের শীর্ষ নেতাদের বক্তব্যে এখনো সংবিধান বিলোপের সুর পাওয়া যাচ্ছে।
প্রমথ চৌধুরীর সেই বিখ্যাত উক্তি স্মরণ করা যায়—'ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।' জামায়াতের এই নেতিবাচক প্রভাব যদি এনসিপির মতো তরুণ দলেও ছড়িয়ে পড়ে এবং তারা সংস্কারের নামে একাত্তরের ভিত্তি মুছে ফেলার রাজনীতিতে লিপ্ত হয়, তবে তা হবে গণতন্ত্রের জন্য অশনিসংকেত। জনগণ সংস্কারের যে ম্যান্ডেট দিয়েছে, তাকে পাশ কাটিয়ে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কখনোই টেকসই হবে না।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



