সংবাদমাধ্যমে হানা ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত: টিআইবি

সংবাদমাধ্যম কার্যালয় থেকে রাতের আঁধারে ২১ জন কর্মীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি এই ঘটনাকে ‘মুক্ত সাংবাদিকতার পথে একটি নেতিবাচক ও সহিংসতার দৃষ্টান্ত‘ হিসেবে অভিহিত করেছে।
রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘গণভোট ও প্রাক্-নির্বাচন পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একটি প্রতিষ্ঠানের সব কর্মীকে তুলে নেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কোনো সংবাদের বিষয়ে আপত্তি থাকলে তা নিরসনের আইনি পথ রয়েছে। কিন্তু এভাবে কর্মীদের তুলে নেওয়া পুরো গণমাধ্যমের ওপর প্রচণ্ড ভীতি তৈরির একটি কৌশল। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তবে এই ঘটনা একটি কঠোর ও নেতিবাচক বার্তা দিয়েছে।
ড. ইফতেখারুজ্জামান সম্প্রতি ‘দ্য ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’ কার্যালয়ে হামলা-লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, মাত্র দুদিন আগে সেনাবাহিনী সংবাদমাধ্যমকে ‘জাতির দর্পণ’ হিসেবে অভিহিত করে ভীতিহীন সাংবাদিকতার কথা বলেছিল। কিন্তু বর্তমান বাস্তবতা সেই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সেনা কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে টিআইবি প্রধান বলেন, "সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো সেনা কর্মকর্তা এ কাজ করতে পারেন কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। যদি পারেন, তবে সেনাবাহিনীর ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা কোথায়?" তিনি আরও যোগ করেন, সাধারণত এ ধরনের ঘটনাকে ব্যক্তিগত দায় হিসেবে দেখানোর চেষ্টা করা হয়, যা বিশ্বাস করা কঠিন। ড. ইফতেখারুজ্জামান সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মুক্ত গণমাধ্যমের ওপর ক্রমবর্ধমান চাপ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



