জামায়াত যেভাবে স্বাধীনতার বিপক্ষ থেকে সংসদের বিরোধী দল

ছবি: জামায়াতের ফেসবুক পেজ
‘এই কৃতিত্ব দলটির আমিরের। তিনি সব ধর্ম ও পেশার মানুষকে কাছে টেনে জামায়াতকে একটি আধুনিক রাজনৈতিক দলে রূপান্তরের চেষ্টা করেছেন। দীর্ঘদিনের বৈরী পরিবেশে তাদের যে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি হয়েছিল, সেটিই ব্যালটে প্রতিফলিত হয়েছে।’
বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক নতুন সমীকরণ তৈরি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন সাফল্য পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বাধীনতার বিরোধিতাকারী এবং একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটির নেতারা এবার প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট সব মিলিয়ে ৭৭টি আসন পেয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত তিন দশকের ‘কিংমেকার’ বা জোটের ছোট শরিকের ইমেজ ভেঙে জামায়াত এবার দেশের রাজনীতিতে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হলো। বিশেষ করে রাজধানী ঢাকায় দলটির অভাবনীয় সাফল্য রাজনৈতিক মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকার দুর্গে প্রথম হানা
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঢাকার কোনো আসনে জয় পেল জামায়াত। রাজধানীর ১৫টি আসনের মধ্যে পাঁচটিতেই জয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। এর মধ্যে ঢাকা-১৫ আসনে জয়ী হয়েছেন খোদ দলটির আমির ডা. শফিকুর রহমান। পুরো ঢাকা জেলায় ২০টি আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছে দলটি। এমনকি গুলশান-বনানীর মতো অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন জামায়াত প্রার্থী, যেখানে জয়ের ব্যবধান ছিল পাঁচ হাজারের কম। জামায়াত অবশ্য এই আসনসহ মোট ৩০টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে।
সাফল্যের নেপথ্যে সুনির্দিষ্ট ছক
নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই বিশাল জয়ের পেছনে কাজ করেছে সুসংগঠিত সাংগঠনিক নেটওয়ার্ক এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি। ২০২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জামায়াত অত্যন্ত পরিকল্পিতভাবে মাঠ গোছাতে শুরু করে।
দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর এ প্রসঙ্গে বলেন, ‘এই কৃতিত্ব দলটির আমিরের। তিনি সব ধর্ম ও পেশার মানুষকে কাছে টেনে জামায়াতকে একটি আধুনিক রাজনৈতিক দলে রূপান্তরের চেষ্টা করেছেন। দীর্ঘদিনের বৈরী পরিবেশে তাদের যে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি হয়েছিল, সেটিই ব্যালটে প্রতিফলিত হয়েছে।’
গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি জামায়াতকে বড় সুবিধা দিয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সমর্থকরা অনেক জায়গায় বিকল্প হিসেবে জামায়াতকে বেছে নিয়েছেন। এছাড়া অনেক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে ভোট ভাগ হয়ে যাওয়াও জামায়াতের জয়ে সহায়ক হয়েছে।’
ক্ষমতার লড়াই বনাম বাস্তবতা
নির্বাচনের আগে থেকেই জামায়াতের প্রচারণায় ছিল ‘সরকার গঠনের’ প্রত্যয়। আমির শফিকুর রহমান বিভিন্ন জনসভায় সম্ভাব্য মন্ত্রীদের পরিচয় করিয়ে দিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক আবহ তৈরি করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘জামায়াত ক্ষমতায় যাচ্ছে’—এমন প্রচার তুঙ্গে ছিল। যদিও শেষ পর্যন্ত তারা ম্যাজিক ফিগার ১৪৮ থেকে অনেকটা দূরেই থেমেছে, তবে ১৯৯১ সালের ১৮ আসনের রেকর্ড ভেঙে এবার ৬৮ আসন পাওয়া তাদের বড় রাজনৈতিক বিজয়।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিজের আসনে হারলেও সামগ্রিক ফলে উজ্জীবিত তৃণমূল। জামায়াত নেতারা বলছেন, তারা সংসদে গঠনমূলক ও শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
বিতর্কিত অতীত ও আগামীর চ্যালেঞ্জ
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা এবং যুদ্ধাপরাধের দায়ে শীর্ষ নেতাদের ফাঁসি হওয়ার ইতিহাস জামায়াতের চিরস্থায়ী দায়। সেই বিতর্কিত উত্তরাধিকার কাঁধে নিয়েই এবার তারা সংসদের সামনের সারিতে বসবে। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্বের ভূমিকায় থাকা তরুণদের নিয়ে গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’ বা এনসিপির সাথে জোট করা দলটির জন্য একটি কৌশলগত মোড় হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা জানান, বর্তমান ফলাফল নিয়ে তারা এখনই আনুষ্ঠানিক মন্তব্য করবেন না; দলীয় বৈঠকে পর্যালোচনার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



