অবশেষে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা
দ্বিতীয় ধাপের এই শপথ অনুষ্ঠানের আগে জামায়াত জোটের সদস্যরা যখন সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সভাকক্ষ থেকে বেরিয়ে যান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং বিএনপির ইশরাক হোসেন।
নাটকীয়তা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত এই সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এর আগে সকাল ১০টার দিকে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলেও জামায়াত জোটের শপথ গ্রহণ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। মূলত ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টি নিয়েই এই জটিলতার সূত্রপাত।
বিএনপি কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতে জামায়াত জোটের এমপিরা কী করবেন, তা নিয়ে দুপুর ১২টা পর্যন্ত সংসদ ভবনের ভেতরেই শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক চলে।
বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর তারা দুটি ধাপেই শপথ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। দুপুর ১২টা ২০ মিনিটে তারা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এর পরপরই দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
দ্বিতীয় ধাপের এই শপথ অনুষ্ঠানের আগে জামায়াত জোটের সদস্যরা যখন সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সভাকক্ষ থেকে বেরিয়ে যান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং বিএনপির ইশরাক হোসেন।
এর আগে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা কেউ এই পরিষদের সদস্য হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হননি। বিষয়টি আগে সংসদে আইনগতভাবে গৃহীত হওয়া প্রয়োজন। বিএনপির এই অনড় অবস্থানের কারণে জামায়াত জোটের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত জামায়াত ও তাদের মিত্ররা আইনি ও রাজনৈতিক কৌশল হিসেবে উভয় শপথেই অংশ নেওয়ার পথ বেছে নিলেন।
এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সব বিজয়ীর আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রক্রিয়াটি পূর্ণতা পেল। এ দিন বিকেলেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা রয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



