নতুন সরকারকে যে বার্তা দিল জামায়াত

ছবি: ভিডিও থেকে নেওয়া
‘যে জাতি সদ্য তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সেই জাতির বুকে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতির তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জুলাই বিপ্লবের চেতনা এখনো জীবিত এবং দেশে আর কোনো ধরনের স্বৈরাচারী আচরণ সহ্য করা হবে না।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর ১১ দলীয় জোটের সমর্থক, স্বতন্ত্র প্রার্থী এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে যেসব নিরপরাধ ভোটার ও নাগরিক সহিংসতার শিকার হয়েছেন, জামায়াতে ইসলামী তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘যে জাতি সদ্য তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সেই জাতির বুকে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অবিলম্বে প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপই পরিস্থিতি অবনতির হাত থেকে রক্ষা করতে পারে। প্রতিটি সহিংসতার ঘটনা যথাযথভাবে নথিভুক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নিজের দলের নির্বাচিত সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের নির্দেশ দিয়ে আমির বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়ে সংহতি প্রকাশ করতে হবে। একই সঙ্গে ছবি ও ভিডিওসহ যাবতীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে তা আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
আসন্ন সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে জামায়াত আমির উল্লেখ করেন, জনগণের ম্যান্ডেট কোনো অনিয়ন্ত্রিত ‘লাইসেন্স’ নয়, বরং এটি একটি ‘শর্তযুক্ত আমানত’। এই আমানতের মূল শর্ত হলো দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সমান সুরক্ষা নিশ্চিত করা। তিনি সতর্ক করে বলেন, ‘সুশাসনের প্রথম পরীক্ষা শুরু হয় নিজের দল ও কর্মীদের শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে।’
বিবৃতিতে ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তিপূর্ণ রাজনীতির অঙ্গীকারকে কেউ যেন দুর্বলতা মনে না করে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এ দেশে আর কখনো দমন-পীড়ন বা সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না—তা সে যে পক্ষ থেকেই হোক না কেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



