ইরান যুদ্ধ: বাংলাদেশের বিবৃতি নিয়ে বিতর্ক কেন

সবশেষ, বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ইস্যুতে সোমবার নতুন বিবৃতি দিয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও শোকের ঝড় উঠলেও, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতি এখন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
রোববার বিকালে প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশ ইরানের পাল্টা হামলায় বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। তবে এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি, কিংবা ইরানের ওপর হওয়া প্রথম হামলার বিষয়েও কোনো নিন্দা জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, চলমান শত্রুতা আঞ্চলিক শান্তি ও বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করছে এবং বাংলাদেশ সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। কিন্তু কূটনীতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান ‘একপেশে’ এবং ‘বিচারহীন’।
সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ বিবিসি বাংলাকে বলেন, ‘এখানে আগ্রাসন আগে চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। ইরান আক্রান্ত হয়ে জবাব দিয়েছে। বাংলাদেশের সংবিধান বলছে, আমরা আগ্রাসনের বিরোধিতা করব। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সেই প্রতিফলন ঘটেনি। এই বিবৃতি কী কোনো চাপে পড়ে দেওয়া হয়েছে, সেটা প্রশ্নসাপেক্ষ।’
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান মনে করেন, এই ধরান্ত্রিক পরিস্থিতিতে বাংলাদেশের উচিত ছিল সব পক্ষের নাম উল্লেখ করে হামলার নিন্দা জানানো। তিনি বলেন, ‘শুধু ইরানের জবাবি হামলার কথা বলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন এড়িয়ে যাওয়া সঠিক নয়। এতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়ে।’
অর্থনীতিবিদ আনু মুহাম্মাদ ফেসবুক পোস্টে বলেন, ‘বাংলাদেশ সরকারের বিবৃতিতে দুটি দেশের নাম নেই- যুক্তরাষ্ট্র এবং ইসরাইল! করুণা জানাই।’
তিনি আরো বলেন, ‘ইরানে ইসরাইল সহযোগে মার্কিন সাম্রাজ্যবাদী বর্বরতার প্রতিবাদ করছেন বার্ণি স্যান্ডার্স, মামদানিসহ সে দেশের অনেক নেতা।'
'কিন্তু ইরানে মার্কিন-ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদ করলো না বাংলাদেশ সরকার। যে সরকার খুনী যুদ্ধাপরাধী ট্রাম্প-নেতানিয়াহুর বর্বর আগ্রাসনের নিন্দা জানাতে ভয় পায় তাদের স্বাধীন সরকার বলার কোনো উপায় নাই', যোগ করেন তিনি।
সমালোচনার মুখে নতুন বিবৃতি
সবশেষ, বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ইস্যুতে সোমবার নতুন বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সরকার গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি পরিকল্পিত হামলায় নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। কেবলমাত্র সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বিবাদ নিরসনে সফল হওয়া সম্ভব।’
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



