অনধিকার চর্চায় স্বাধীনতার সংকট

ঢাকা পেপার্স গ্রাফিক্স
অনধিকার চর্চা স্নেহের বহিঃপ্রকাশ নয়। এটি ব্যক্তির মানসিক স্বাধীনতার পরিপন্থী। একটি সুন্দর ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। অন্যের জীবনে হস্তক্ষেপ না করে নিজের জীবনকে সমৃদ্ধ করা এবং অন্যকে তার মতো করে বাঁচতে দেওয়াই হলো সভ্যতার আসল পরিচয়।
একুশ শতকে দাঁড়িয়ে আমরা ব্যস্ত ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার ও মানসিক স্বাস্থ্যের সচেতনতা নিয়ে। ঠিক তখনই আমাদের দৈনন্দিন জীবনে অক্টোপাসের মতো জড়িয়ে রয়েছে একটি নিঃশব্দ ব্যাধি- অনধিকার চর্চা। ব্যক্তিজীবন থেকে পেশাগত ক্ষেত্র— সবখানেই এই সীমানা লঙ্ঘনের যেন মহোৎসব। বিশেষ করে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অনধিকার চর্চাকে প্রায়শই শুভানুধ্যায়িতার মোড়কে বৈধতা দেওয়ার একটি প্রবৃত্তি দেখা যায়। অথচ এই অনধিকার চর্চা কীভাবে ব্যক্তির স্বাভাবিক মানসিক বিকাশ রুদ্ধ করছে, পরিবারে দূরত্ব বাড়াচ্ছে এবং কর্মক্ষেত্রের পরিবেশ বিষাক্ত করে তুলছে তা গভীর বিশ্লেষণের দাবি রাখে।
আমরা যে দেশগুলোকে সভ্য বলি বা যাদের উন্নত জীবনযাপন ও সামাজিক ব্যবস্থাকে আমরা অনুসরণীয় বলে মনে করি, তাদের ব্যক্তিগত জীবনকে এক বিশেষ পরিমণ্ডলে আবদ্ধ রাখতে দেখা যায়। তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপকে তারা অপরাধ বলে মনে করে। এমনকি আইনানুগ ব্যবস্থাও নিতে পারে।
তাই ইউরোপ ও উত্তর আমেরিকায় অনধিকার চর্চা পারিবারিক ও সামাজিকভাবে বর্জিত। তাদের এই ব্যক্তিগত সীমানা বিশেষ এক মানসিক স্বাধীনতা প্রদান করে যার মাধ্যমে তাদের সর্বোচ্চ বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করে। ছোটবেলা থেকে আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাদের শিশুরা। অনধিকার চর্চাকে তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে দেয় না। তারা নিজেদের জীবনের অগ্রগতি নিয়ে সর্বদা চিন্তিত থাকে। নিজেদের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। আর এজন্যই এ সভ্য দেশগুলো সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। কারণ তারা অনধিকার চর্চার মতো সামাজিক ব্যাধিকে একটি ছোট ও সাধারণ সমস্যা হিসেবে না দেখে তা সামাজিক কাঠামো থেকেই পরিহার করেছে। এজন্য উন্নত বিশ্বে কোন পরিবারকে তাদের নিজ পরিবারের সদস্য, আত্মীয় বা প্রতিবেশীদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে দেখা যায় না। সবাই নিজের সিদ্ধান্ত নিজে এককভাবে নিতে পারে। তাদের জীবনে তাই সফলতার হারও বেশি।
অন্যদিকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে মানুষ ভীষণ ব্যস্ত অনধিকার চর্চা নিয়ে। বাংলাদেশে অনধিকার চর্চাকে একভাবে নিজের অধিকার বলেই মনে করে অনেকে। পরিবার বা আত্মীয়তার গণ্ডিতে অনধিকার চর্চা সবচেয়ে বেশি ঘটে স্নেহ বা পরিচর্চার দোহাই দিয়ে। পড়াশোনা শেষ হতেই “কখন চাকরি হবে?”, চাকরির শুরুতেই “বেতন কত?”, বিয়ের বয়স হলে “বিয়ে কবে করছ?”, আর বিয়ের পর “সন্তান কবে নিচ্ছ?”—এই প্রশ্নগুলো প্রায় প্রতিটি মানুষের জীবনের বাঁধাধরা অভিজ্ঞতার অংশ। একজন ব্যক্তি তার নিজস্ব জীবন পরিকল্পনা কীভাবে সাজাবে, সেই স্বাধীনতায় মানুষ ক্রমাগত হস্তক্ষেপ করতে থাকে।
এমনকি একজন মানুষের পোশাকের পছন্দ, খাদ্যাভ্যাস কিংবা জীবনের ছোটবড় সিদ্ধান্ত নিয়েও সবাই মতামত দিতে যেন নিজেদের দায়িত্ব বলে মনে করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কিংবা সহপাঠীদের অযাচিত ব্যক্তিগত মন্তব্য, শিক্ষার্থীর পোশাক, বন্ধুত্বের সম্পর্ক কিংবা পারিবারিক অবস্থা নিয়ে কৌতূহল প্রকাশও এর একটি পরিচিত উদাহরণ। সামাজিক পরিসরেও কার বাড়িতে কে আসছে, কার পরিবারের আয় কত, কে কী কিনল, কার সন্তান কোথায় পড়ছে এসব বিষয়ে অপ্রয়োজনীয় অনুসন্ধান যেন সামাজিকতার স্বাভাবিক অনুষঙ্গ হয়ে উঠেছে। একই সাথে সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিসরেও ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যেন হয়ে উঠেছে স্বাভাবিক ব্যাপার। নিজের বিশ্বাস ও মূল্যবোধ অনুযায়ী অন্যকে পরিচালিত করার প্রবণতা দেখা যায় প্রায়শই।
পেশাগত ক্ষেত্রে অনধিকার চর্চা আরও জটিল রূপ ধারণ করে। সহকর্মীদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল, কে কখন অফিসে আসছে বা যাচ্ছে তা নিয়ে অপ্রয়োজনীয় নজরদারি, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে গসিপ কিংবা কার ব্যক্তিগত জীবন কেমন চলছে তা নিয়ে চর্চা করা আমাদের দেশের অনেক কর্মক্ষেত্রেই নিত্যদিনের চিত্র। কাজের দক্ষতা বা পেশাদারিত্ব মূল্যায়নের চেয়ে সহকর্মীর ব্যক্তিগত চালচলন নিয়ে মন্তব্য করা কর্মপরিবেশকে অত্যন্ত বিষাক্ত করে তোলে।
প্রযুক্তির প্রসারের সাথে সাথে অনধিকার চর্চা এখন শুধুমাত্র ড্রয়িংরুম বা অফিসের টি-টেবিলে সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যের ছবিতে কটু মন্তব্য করা এখন এক সহজ ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের আপডেট দেখে অযাচিত উপদেশ দেওয়া একটি সুন্দর মুহূর্তকে বিরক্তিকর করে তুলতে পারে। এছাড়াও কোনো ভিত্তিহীন বিষয়ে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো—অনধিকার চর্চার এক আধুনিক ও ভয়াবহ রূপ। সোশ্যাল মিডিয়ায় ছবি বা মতামত প্রকাশ করলেই কেউ কেউ হুমড়ি খেয়ে পড়েন। এ বিরম্বনার সবথেকে বেশি ভুক্তভুগি নারীরা। একটি ছবি বা মতামত দেখেই নানা ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হন কিছু কৌতূহলী মানুষ। এটাও ডিজিটাল অনধিকার চর্চার এক বড় দৃষ্টান্ত।
মুখে না বললেও অনেকে বিশ্বাস করে যে নারীরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে অক্ষম। তাই নারীদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বরাবরের মতই অন্যরা নিয়ে থাকেন। এমন অনধিকার চর্চা সভ্যতার শুরু থেকেই নারীদের আত্মবিশ্বাস ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। নারীদের সিদ্ধান্তে অপ্রার্থিত হস্তক্ষেপ শুধু নারীদের ক্ষতি করেছে তা নয়, সে নারী থেকে আগত পরবর্তী প্রজন্মকেও মানসিকভাবে খর্ব করে রেখেছে যুগের পর যুগ। অনধিকার চর্চাকে একটি গুরুত্বহীন ও তুচ্ছ সামাজিক অবস্থা মনে হলেও, এর প্রভাব একটি জাতিকে সভ্য হতে রুদ্ধ করে রাখছে। তাই অনধিকার চর্চা সম্পর্কে জানা জরুরী।
অনধিকার চর্চার মনস্তত্ত্ব: মানুষ কেন এমন করে?
বাংলাদেশের মানুষের এ অনাধিকার চর্চার পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ রয়েছে। আমাদের সামাজিক গঠনে যৌথ পরিবারের প্রভাব দীর্ঘদিনের। ফলে ‘আমি’ এবং ‘আমাদের’ মধ্যকার সূক্ষ্ম সীমানাটি আমরা শেখার সুযোগ পাই না। অন্যের ব্যক্তিগত জীবনে প্রবেশ করা যে অপরাধ বা শিষ্টাচারবহির্ভূত, এই প্রাতিষ্ঠানিক বা পারিবারিক শিক্ষার ব্যাপক অভাব রয়েছে আমাদের মধ্যে। নিজের জীবনের শূন্যতা ও সুস্থ বিনোদনের অভাবে আজকাল এ সমস্যা প্রকট আকার ধারণ করছে।
অনেকেরই নিজের জীবনে লক্ষ্য বা উদ্দীপনার অভাব থাকে। ফলে অন্যের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তা জানা এবং তা নিয়ে আলোচনা করাকে তারা বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নেন। এবং এটি দ্বারা অন্য কেউ বিব্রত হচ্ছেন কিনা বা কষ্ট পাচ্ছেন কিনা- তা তারা ভাবার প্রয়োজন মনে করেন না।
পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা পাওয়ার প্রবণতাও অনধিকার চর্চাকে উৎসাহিত করে। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অপ্রয়োজনীয় মতামত পোষণ করার মধ্য দিয়ে অনেকে নিজেদের সামাজিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেন। বিশেষ করে গুজব, পরচর্চা ও ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত থাকার প্রবণতা কাজ করে। ফলে ব্যক্তিগত গোপনীয়তার চেয়ে দলীয় আলোচনা ও সামাজিক কৌতূহল অনেকের কাছে বেশি গুরুত্ব পায়।
অন্যকে নিয়ন্ত্রণ করার মানসিকতা আমাদের এখন মজ্জাগত বিষয়ে পরিণত হয়েছে। পরিবার বা বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, তরুণদের জীবনের সব সিদ্ধান্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটি প্রবণতা কাজ করে। এটিকে তারা নিজেদের দায়িত্ব মনে করলেও মূলত তা অনধিকার চর্চাতেই রূপ নেয়। কার্যকরী উপদেশ ও অনধিকার চর্চার মধ্যে পার্থক্য না বুঝতে পারলেই ঘটে বিপত্তি। এতে অনেকে সংসারে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। ক্যারিয়ার ভুল দিকে মোড় নেয়। পেশাগত ক্ষেত্রেও এ নিয়ন্ত্রণ পরিলক্ষিত। অফিসের বস বা সহকর্মীরা নিদিষ্ট নির্দেশনার বাইরে গিয়েও একে অন্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে চায় যা ভুক্তভুগীকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে।
আমরা অনেক সময় মনে করি, কারও সঙ্গে পরিচয় থাকলেই তার ব্যক্তিগত জীবনের সব বিষয়ে জানার অধিকার তৈরি হয়। অথচ পরিচিত হওয়া আর অধিকার থাকা এক বিষয় নয়। একজন মানুষের সঙ্গে আত্মীয়তা, বন্ধুত্ব কিংবা দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক থাকলেও তার ব্যক্তিগত তথ্য জানার আগে তার আগ্রহ ও সম্মতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই সাধারণ বোধের অভাব থেকেই অনেক সময় অনিচ্ছাকৃত অনধিকার চর্চা দীর্ঘস্থায়ী অভ্যাসে পরিণত হয়।
অনধিকার চর্চাকে আমরা আপাতদৃষ্টিতে ছোটখাটো বিষয় মনে করলেও এর মানসিক ও সামাজিক পরিণতি অত্যন্ত ব্যাপক। অনাধিকার চর্চার ফলে দেখা দেয় মানসিক বিষণ্ণতা ও উদ্বেগ। ক্রমাগত অযাচিত প্রশ্ন ও মন্তব্যের মুখোমুখি হতে হতে একজন মানুষ তীব্র মানসিক চাপে ভোগেন। আত্মবিশ্বাসের অভাব তৈরি হয় এবং নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে যায়। এছাড়া সম্পর্কের দূরত্ব ও তিক্ততা প্রতিনিয়ত দেখা দিচ্ছে। যে আত্মীয় বা বন্ধু শুভানুধ্যায়িতার নামে বারবার ব্যক্তিগত সীমানা অতিক্রম করেন, তাদের সাথে দীর্ঘমেয়াদে দূরত্ব তৈরি হয়। আন্তরিকতা হারিয়ে সেখানে কৃত্রিমতা স্থান পায়। তেমনি কর্মক্ষেত্রও। যার প্রভাবে হ্রাস হচ্ছে কর্মদক্ষতা। অফিসে কাজের পরিবেশ সুস্থ না থাকলে এবং সহকর্মীদের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থাকলে কর্মীর কাজের প্রতি মনোযোগ ও উদ্দীপনা নষ্ট হয়। এছাড়া, মানুষ একে অপরের প্রতি ভরসা হারাতে থাকে। নিজস্ব অনুভূতি বা সমস্যার কথা প্রকাশের মতো নিরাপদ স্থানের দেখা দেয় চরম অভাব।
এখন আসি মূল কথায়। এগুলো প্রতিকারের জন্য আমরা মূলত কি কি করতে পারি- একটি সুস্থ, সুন্দর ও স্বস্তিদায়ক সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য অনধিকার চর্চা বন্ধ করা অত্যন্ত জরুরি। প্রথমেই প্রতিটি মানুষকে নিজের ব্যক্তিগত সীমানা স্পষ্ট করতে হবে। কেউ যদি অনিচ্ছাকৃতভাবেও আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে, তবে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে তাকে বুঝিয়ে দিতে হবে যে এই বিষয়ে আলোচনা করতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। 'না' বলতে শেখাটা নিজের মানসিক সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত— সব জায়গায় শেখাতে হবে যে প্রতিটি মানুষের নিজস্ব একটি ব্যক্তিগত জগৎ আছে। অন্যের ডায়েরি না পড়া, অন্যের ফোন স্পর্শ না করা, হঠাৎ না বলে কারও ঘরে প্রবেশ করা, অনুমতি না নিয়ে কারও খাবার খেয়ে নেয়া, কিংবা অনুমতি ছাড়া তার ব্যক্তিগত প্রশ্ন না করা— এই সাধারণ শিষ্টাচারগুলো শিশুদের ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হবে।
ঠিক তেমনিভাবে সোশ্যাল মিডিয়াতেও একই শিষ্টাচার বজায় রাখা জরুরী। কারও পোস্টে এসে ব্যক্তিগত কমেন্ট করা বা অকাম্য উপদেশ দেয়া থেকে বিরত থাকতে হবে। কেউ সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত মতামত, জ্ঞান, কবিতা, গান বা ছবি পোস্ট করলে তাতে তাচ্ছিল্যস্বরূপ বা অযাচিত মন্তব্য করে তার মনের ভাবের মূল্যায়ন করতে না পারলে তা অবমূল্যায়ন করা নিষ্প্রয়োজন। তেমনি কেউ আপনার সোশ্যাল মিডিয়ায় অনাধিকার চর্চা করলেও তার প্রত্যুত্তর দেয়াও নিষ্প্রয়োজন।
সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘ব্যক্তিগত স্পেস’ নিয়ে সমাজে নিয়মিত আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। শিক্ষাব্যবস্থায় অন্যের মতামতকে সম্মান করা, ভিন্ন জীবনধারাকে মেনে নেওয়া এবং ব্যক্তিগত সীমানা বজায় রাখার মতো সামাজিক দক্ষতাও অন্তর্ভুক্ত করা জরুরি।
কর্মক্ষেত্রে ব্যক্তিস্বার্থ ও পেশাগত দায়বদ্ধতাকে আলাদা করতে হবে। অফিসের এইচ আর বিভাগকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্মান ও প্রফেশনালিজম বজায় থাকে। ব্যক্তিগত গসিপ বা ট্রোলিংকে কঠোরভাবে নিরুৎসাহিত করতে হবে। অন্যের জীবনে মন্তব্য করার আগে আমাদের চিন্তা করা উচিত— আমার এই মন্তব্যটি কি সত্যিই কি তার উপকারে আসে কিনা, নাকি এটি তাকে ব্যথিত করবে? শুভাকাঙ্ক্ষী হতে হলে অযাচিত পরামর্শ দেওয়ার চেয়ে অন্যের প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা এবং তার সিদ্ধান্তকে সম্মান জানানোই প্রকৃত আন্তরিকতা।
অনধিকার চর্চা স্নেহের বহিঃপ্রকাশ নয়। এটি ব্যক্তির মানসিক স্বাধীনতার পরিপন্থী। একটি সুন্দর ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। অন্যের জীবনে হস্তক্ষেপ না করে নিজের জীবনকে সমৃদ্ধ করা এবং অন্যকে তার মতো করে বাঁচতে দেওয়াই হলো সভ্যতার আসল পরিচয়। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র ও ভার্চুয়াল জগতে পারস্পরিক সম্মান এবং ব্যক্তিগত সীমানার চর্চা চালু করার মাধ্যমেই আমরা একটি ইতিবাচক ও স্বস্তিদায়ক জীবনযাপন নিশ্চিত করতে পারি।
আশা করা যায়, আমাদের পরবর্তী প্রজন্মগুলো অনধিকার চর্চাকে ঠিকঠাক শনাক্ত করে তা পুরোপুরি বর্জন করতে পারবে। তারা নিজেদের মধ্যে ব্যক্তিগত সীমানা বজায় রেখে তা সম্মান করবে। অনধিকার চর্চার মতো অপ্রয়োজনীয় চর্চায় ব্যস্ত না থেকে নিজেদের উন্নয়নে চিন্তা ও কাজ করবে। এভাবেই হয়তো একটি সভ্য ও কৃষ্টিসম্পন্ন সমাজ আমরা গড়ে উঠতে দেখব।
___________________
লেখকঃ লেখক ও গবেষক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



