নার্সিং শিক্ষার অনিয়মের বিরুদ্ধে লড়ছেন অন্তু বিশ্বাস

অন্তু বিশ্বাস
বিগত আওয়ামী লীগ আমলে জহিরুল ইসলাম ছিলেন বরিশাল জেলা কৃষক লীগের সদস্য, তাঁর স্ত্রীও ছিলেন আওয়ামী লীগ নেতা। ক্ষমতার পালাবদলে আজ তিনি বিএনপির ছায়াতলে। এবার তিনি স্থানীয় বিএনপির সহযোগিতায় আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা করেন, অপকর্ম জারি রাখেন। এর বাইরেও নার্সিং শিক্ষার মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে (বিএমএনসি) তাঁর বিস্তর প্রভাব। একের পর এক সাইনবোর্ডসর্বস্ব নার্সিং কলেজের নিবন্ধন পেয়েছেন এই প্রভাব খাটিয়ে।
‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ঐতিহাসিক উক্তি ছিল, “তীরে অলসভাবে দাঁড়িয়ে থাকার চেয়ে বরং দশবার ঢেউয়ের তোড়ে বিলীন হয়ে এক নতুন বিশ্বের পথ দেখাও।” বিলীন হয়ে যাওয়া এক পথের শেষ সীমানা থেকে নতুন পথের যাত্রায় ছুটছেন বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বুক টানটান করে দাঁড়ানো এই তরুণ এখন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে আলোচিত নাম।
আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস নিজ ক্যাম্পাসে যৌক্তিক আন্দোলন করতে গিয়ে হয়েছেন স্থায়ী বহিষ্কার। বহিষ্কারাদেশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গত ১৯ নভেম্বর দুই দফায় হামলার শিকার হন। পরের দিন পুলিশি হয়রানির পরও এই শিক্ষার্থী নিজের দাবিতে অটল রয়েছেন। তিনি যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন, সেই প্রতিষ্ঠানের একটি সাইনবোর্ড ছাড়া নিজস্ব কোনো আয়োজন নেই তাঁর কর্মসূচিতে।
আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলামের মালিকানাধীন একটি ভবনে একই অধ্যক্ষ, একই শিক্ষক প্যানেল ও একই কর্তৃপক্ষের মাধ্যমে দুটি ভিন্ন নামে ডিডব্লিউএফ নার্সিং কলেজ এবং আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। মূলত অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে রমরমা শিক্ষা ব্যবসা করার জন্য মালিকপক্ষ এই অসৎপন্থা অবলম্বন করেছে। বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে চলছে। কাগজে-কলমে ১৫টির বেশি কলেজ থাকলেও বাস্তবে নিজস্ব ভবন না থাকা এবং একই প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন নামে পরিচালনার গুরুতর অভিযোগ আছে মালিকপক্ষের বিরুদ্ধে।
কলেজের সামগ্রিক অনিয়ম নিয়ে অন্তু বিশ্বাস ও তাঁর সহপাঠীরা ২০২৪ সাল থেকে বারবার আন্দোলন করে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও তাঁদের দাবি পূরণ করা হয়নি। বরং ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১২ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। বলা হয়, এই ফি নাকি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, শেবাচিম এ ধরনের অবৈধ ফি সম্পর্কে কিছুই জানে না। এর বিরুদ্ধে চলতি বছরের এপ্রিল মাসে অন্তু বিশ্বাস ও তাঁর সহপাঠীরা আন্দোলন করেন। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে একটি মামলা (মিস কেস নং-০২/২০২৬) দায়ের করেন এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেন। আন্দোলনের মুখে পরিচালক জহিরুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে আত্মসাৎ করা টাকা ফিরিয়ে দিতে বাধ্য হন।
কলেজ কর্তৃপক্ষ এর প্রতিশোধ নেয় আন্দোলনের সাত মাস পর বহিষ্কার করার মধ্য দিয়ে। পরীক্ষার ঠিক আগমুহূর্তে ফরম পূরণ করতে গিয়ে গত ৮ নভেম্বর অন্তু বিশ্বাস দেখেন, এক সপ্তাহ আগেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনি যেন যথাসময়ে ফরম পূরণ করতে না পারেন, সে জন্য বহিষ্কারের নোটিশ গোপন রাখা হয়। এই ঘটনার প্রতিবাদে অন্তু বিশ্বাসের সহপাঠীরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করতে চাইলেও কলেজ পূর্বঘোষণা ছাড়াই নয় দিন বন্ধ রাখা হয়।
সর্বশেষ ১৯ নভেম্বর ক্যাম্পাস খোলা হলে অন্তু বিশ্বাস অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে কলেজ কর্তৃপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে এবং ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। ছেলের ওপর হামলার সংবাদ শুনে অন্তুর বাবা কলেজে এলে তাঁকেও মারধর করা হয়। এই ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পরের দিন অন্তু বিশ্বাসকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তখন বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদের মুখে পাঁচ ঘণ্টা পর বরিশালের কোতোয়ালি থানায় অন্তুকে ফেরত পাওয়া যায়।
আমাদের ভাবতে হয়, দেশের একটি বেসরকারি নার্সিং কলেজের মালিকপক্ষ কি এতটাই শক্তিশালী যে তারা চাইলেই সাইনবোর্ডসর্বস্ব নার্সিং কলেজ চালাতে পারে? নির্দ্বিধায় অনিয়ম-দুর্নীতি করতে পারে? নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলামের এমন অপরিসীম শক্তির উৎস কী?
বিগত আওয়ামী লীগ আমলে জহিরুল ইসলাম ছিলেন বরিশাল জেলা কৃষক লীগের সদস্য, তাঁর স্ত্রীও ছিলেন আওয়ামী লীগ নেতা। ক্ষমতার পালাবদলে আজ তিনি বিএনপির ছায়াতলে। এবার তিনি স্থানীয় বিএনপির সহযোগিতায় আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা করেন, অপকর্ম জারি রাখেন। এর বাইরেও নার্সিং শিক্ষার মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে (বিএমএনসি) তাঁর বিস্তর প্রভাব। একের পর এক সাইনবোর্ডসর্বস্ব নার্সিং কলেজের নিবন্ধন পেয়েছেন এই প্রভাব খাটিয়ে। সদা সরকারপন্থী জহিরুল ইসলাম যখন একজন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করেন, তখন সেই শিক্ষার্থী বরিশাল থেকে ঢাকায় এসেও বিএমএনসির কাছে প্রতিকার পাননি।
রাষ্ট্রীয় আইন, বিধিমালা, মান নিয়ন্ত্রণ—কোনো কিছুই যেন চলে না এই মুল্লুকে। অন্তু বিশ্বাসের আন্দোলন দমন করার জন্য তাঁকে বহিষ্কার, হামলা ও পুলিশি হয়রানি করেও যখন থামানো যায়নি, তখন জহিরুল ইসলামের পত্রিকায় তাঁকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত করে প্রচারের চেষ্টাও চলছে। যদিও এই প্রচার ভিত্তিহীন। অন্তু বিশ্বাস বামপন্থী ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল নগর শাখার সংগঠক। ছাত্রদের ন্যায়সংগত আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি বহিষ্কৃত ও নির্যাতিত। একের পর এক আক্রমণের মুখেও এই তরুণ তাঁর লড়াই চালিয়ে যাচ্ছেন।
দেশের বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষা ব্যবসার বিরুদ্ধে অন্তুর মতো তরুণদের প্রতিবাদ আশার আলো দেখায়। জহিরুল ইসলামদের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার দাপটের সামনে অন্তু বিশ্বাসরা দাঁড়িয়ে থাকেন প্রতিবাদের আলোকবর্তিকা নিয়ে। তাঁরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। বৈষম্য দূরীকরণের যে আন্দোলন ফ্যাসিস্ট হটানোর আন্দোলনে মোড় নিয়েছিল, সেই আন্দোলন যে একটি অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক ব্যবস্থা ভাঙতে পারেনি, তা বুঝেই অন্তুরা লড়াইয়ের অন্তিম ফলাফলের জন্য লড়ে যাচ্ছেন।
___________
লেখকঃ সাবেক বামপন্থী ছাত্রনেতা
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



