নীলমাধব থেকে জগন্নাথ: শবর কাল্টের বৈদিকীকরণ, চৈতন্যের হত্যা ও শূদ্রের বেহাত ভূমি

অতনু সিংহ
অতনু সিংহ
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০২পরিবর্তন করতে ক্লিক করুন
নীলমাধব থেকে জগন্নাথ: শবর কাল্টের বৈদিকীকরণ, চৈতন্যের হত্যা ও শূদ্রের বেহাত ভূমি

স্কেচ: এআই

শেয়ার করুন:

গবেষক জয়দেব মুখোপাধ্যায় তাঁর গবেষণার ফসলকে লিপিবদ্ধ করেছিলেন, ‘কাঁহা গেলে তোমা পাই’ শীর্ষক একটি বইয়ে। যেখানে তিনি তুলে ধরছিলেন কীভাবে পুরীর মন্দিরে খুন হতে হয় শ্রীচৈতন্যকে। কিন্তু গবেষণা চলাকালীন বইটির প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার পরে তাঁকেও খুন হতে হয় পুরীতেই।

শবরদের লৌকিক দেবতা নীলমাধবই বৈদান্তিক ক্ষমতাতন্ত্রের রাজনৈতিক ইতিহাস নির্মাণে যে জগন্নাথে রূপান্তরিত হয়েছিলেন। জগন্নাথের উৎস উপমহাদেশের শূদ্রের তথা নিম্নবর্গের বেহাত হওয়া ভূমিজ ইতিহাসের আলো-আঁধারি চলনের সঙ্গে সম্পৃক্ত। শবরদের লৌকিক টোটেম নীলমাধবের বৈদিকীকরণের ঘটনা আসলেই বহিরাগত আর্যদের উপমহাদেশে ‘সভ্য’ আর্য শাসন কায়েমের ইতিহাস পূর্ব ইতিহাসকে সামনে নিয়ে আসে। উন্মুক্ত হয় ওড়িশার রাজতন্ত্র ও ব্রাহ্মণ্যবাদের ক্ষমতার অন্ধকার ইতিহাস। সামনে চলে আসে শঙ্করাচার্যীয়দের দ্বারা বৌদ্ধ গণহত্যার প্রসঙ্গ থেকে শুরু করে বৌদ্ধ মঠ থেকে পুরোহিত তন্ত্রের দরবারে বদলে যাওয়া পুরীর মন্দিরের ইতিবৃত্ত এবং বঙ্গের ভাবান্দোলনের মহাপ্রাণ শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্যের রণরক্ত অধ্যায়। এবং এই ইতিহাসের ধারাবাহিকতা এতই রক্তাক্ত ও হিংস্র যে কালক্রমে শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্য উন্মোচনের গবেষণায় নিয়োজিত পশ্চিমবঙ্গের এক গবেষককেও খুন হতে হয় মাত্র কয়েক দশক আগেও।

গবেষক জয়দেব মুখোপাধ্যায় তাঁর গবেষণার ফসলকে লিপিবদ্ধ করেছিলেন, ‘কাঁহা গেলে তোমা পাই’ শীর্ষক একটি বইয়ে। যেখানে তিনি তুলে ধরছিলেন কীভাবে পুরীর মন্দিরে খুন হতে হয় শ্রীচৈতন্যকে। কিন্তু গবেষণা চলাকালীন বইটির প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার পরে তাঁকেও খুন হতে হয় পুরীতেই।

 

ইতিমধ্যেই বহু লেখক, গবেষক আদিবাসী দেবতা নীলমাধবের বৈদান্তিক রূপান্তরে জগন্নাথ হয়ে ওঠার এই বিষয়ে বহুক্ষেত্রেই আলোকপাত করেছেন। এক্ষেত্রে বৈদিক টেক্সট স্কন্দ পুরাণই এ ব্যাপারে অকাট্য প্রমাণ। স্কন্দ পুরাণের আখ্যান অনুযায়ী ‘সত্য যুগে’ অবন্তী নগরের (আজকের উজ্জয়িনী) রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে জানতে পেরেছিলেন স্বয়ং বিষ্ণু ব্রহ্মাদ্রি পাহাড়ের গুহায় পূজিত হন নীলমাধব রূপে। বিষ্ণুই নাকি রাজাকে লৌকিক দেবতা নীলমাধবের পূজার স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই স্বপ্নাদেশ পেয়ে রাজা তাঁর মন্ত্রী-পারিষদ-পুরোহিত-সহ দলবলকে নির্দেশ দেন নীলমাধবের বিগ্রহ খুঁজে বের করতে। কিন্তু পাহাড়ের গভীর জঙ্গলে কোথাও নীলমাধবের সন্ধান পাননি রাজার দলবল।

 

ঘন জঙ্গলে পথ হারান রাজপুরোহিত বিদ্যাপতি। তিনি যখন উদভ্রান্তের মতো জঙ্গলে ঘুরছেন, সেই সময় শবর অধিপতি বিশ্ববসু তাঁর কুটিরে আশ্রয় দেন রাজপুরোহিতকে। শবরপল্লিতে ঠাঁই হয় বিদ্যাপতির। ক্রমে বিশ্ববসুর কন্যা ললিতাকে তিনি বিয়ে করেন। তো শবরপল্লিতে থাকার সময় তিনি দেখতে পান, প্রতিদিন গভীর রাতে শবর অধিপতি বিশ্ববসু কুলদেবতার পূজা করতে যান। ক্রমে তিনি জানতে পারেন, সেই কুলদেবতাই নীলমাধব। এরপর তিনি নীলমাধবের দর্শন পাওয়ার জন্য আবদার করেন শ্বশুর বিশ্ববসুকে। প্রথমে জামাতার এহেন আবদারে কিছুটা ক্রুদ্ধ হলেও পরে বিশ্ববসু শর্তপ্রদান করেন, গভীর রাতে চোখে কাপড় বেঁধে তারপর নীলমাধব বিগ্রহের কাছে বিদ্যাপতিকে নিয়ে যাওয়া যেতে পারে। বিগ্রহের দর্শনের পর চোখে কাপড় বেঁধেই ফের ফিরিয়ে আনা হবে বিদ্যাপতিকে। এই প্রস্তাবে বিদ্যাপতি রাজি হন। কিন্তু চালাকি করে তিনি নীলমাধব বিগ্রহের কাছে যাওয়ার পথে সরিষা দানা ছড়াতে ছড়াতে যান।

 

পরে সেখান থেকে ফিরে এসে নীলমাধব মূর্তির বিষয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে বার্তা পাঠান। বর্ষার পর সেই সরষের বীজ থেকে গাছ হয়। হলুদ ফুল পথ সংকেত হিসাবে কাজ করে। রাজা সৈনিক নিয়ে হাজির হন। এখানে দুটো মত আছে, কেউ বলেন রাজার দলবল মূর্তিটি লুঠ করে নিয়ে আসে, কেউ বলে রাজা মূর্তির সন্ধান পাননি। পুরাণ মতে, রাজা এরপর স্বপ্নাদেশে পুরীর সমুদ্রে কাঠ ভেসে উঠবে বলে জানতে পারেন। সেই কাঠই দারুবিগ্রহ, সেই কাঠেই বিদ্যাপতির বর্ণনা মতো স্বর্গের শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে নীলমাধবের মূর্তি প্রতিষ্ঠা করেন। যদিও তা অসমাপ্ত থেকে যায়। আর এখান থেকে হস্তপদহীন জগন্নাথ-বলরাম ও সুভদ্রা মূর্তি তিনটির উৎপত্তি।

 

এই বিগ্রহগুলিকে দেখলেও বোঝা যায় তাদের মধ্যে ত্রিমাত্রিক রূপের বদলে দ্বিমাত্রিক চেহারা প্রকাশ পেয়েছে। এই দ্বিমাত্রিকতাই কিন্তু ভূমিজ চারুকলা ও ভাস্কর্যের নমুনা। অর্থাৎ এ কথা পুরাণ থেকে উঠে আসে যে হয় নীলমাধবের বিগ্রহ লুঠ হয়েছিল, অথবা সেই মূর্তির ভাব বা ভাস্কর্য শৈলী চুরি করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন।

 

আবার পুরীর মন্দিরটিও কোনো বৈদিক বা হিন্দু মন্দির নয় আদতেই। এটি ছিল মূলত বৌদ্ধ মঠ। শবরদের পৃথক সাংস্কৃতিক ঐতিহ্যকে বৈদিক আগ্রাসনে গ্রাস করে বৈদান্তিক বর্ণাশ্রমের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া, বৌদ্ধ মঠ দখল করার বিষয়টিও সেই প্রক্রিয়ারই অংশ। বৌদ্ধ গণহত্যার পরম্পরাতেই শঙ্করবাদী বা শঙ্করাচার্যের ফলোয়ারদের হাতেই পুরীতে অধিষ্ঠিত বৌদ্ধমঠটিকে দখল করে বৈদান্তিক মন্দিরে রূপান্তর করা হয়।

 

এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের স্বীকারোক্তিকে আমরা স্মরণ করতে পারি। তিনি বলছেন, “জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। এটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এইরূপ ব্যাপার আমাদিগকে অনেক করিতে হইবে।”

 

পুরীর মন্দিরের ইতিহাসে নীলমাধব বিগ্রহের ভাস্কর্য শৈলী চুরি অথবা বিগ্রহ লুঠের ঘটনা স্বীকার করতে গিয়েও এক আধিভৌতিক পৌরাণিক আখ্যানকে ইতিহাসের ফ্যাক্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়। বলা হয়, মূর্তি চুরির ঘটনায় বিশ্ববসু অত্যন্ত মনোকষ্ট পেলে ভগবান নীলমাধব বা বিষ্ণু ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশে মূর্তিটি ফিরিয়ে দিতে বলেন। রাজা তা ফিরিয়ে দেন। এবং ভগবানের ইচ্ছাতেই রাজার জন্য অনুরূপ একটি মূর্তি ‘পুরীর মন্দির’-এর গর্ভগৃহে নির্মাণ প্রক্রিয়া শুরু করেন দেবতা বিশ্বকর্মা।

 

তাঁর শর্ত ছিল, মূর্তিটি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কেউ যেন ভুলেও গর্ভগৃহে প্রবেশ না করেন। কিন্তু রাজার পত্নী অধৈর্য হয়ে মূর্তি তৈরির কাজ দেখতে গর্ভগৃহে প্রবেশ করায়, বিশ্বকর্মা কাজ অর্ধেক বাকি থাকতেই মন্দির পরিত্যাগ করেন। তো পৌরাণিক এই কাহিনীর আবরণে বৈদান্তিকদের দ্বারা শবরদের কাঠের নীলমাধব মূর্তিটি চুরি করা এবং বৈদান্তিক সংস্কৃতির সমান্তরালে যুগ-যুগ ধরে বিকাশমান শবর জনজাতিকে বর্ণাশ্রম প্রথার মধ্যে নিয়ে আসার রাজনীতিকে আড়াল করার চেষ্টা চালানো হলেও সেই চেষ্টা আজ ব্যর্থ হয়েছে।

 

বিশেষত শ্রীচৈতন্য হত্যারহস্য নিয়ে কাজ শুরু হওয়ার পর থেকেই পুরীর মন্দির ও দারুব্রহ্ম জগন্নাথ মূর্তির ব্যাপারে নানা তথ্য সামনে চলে আসে।

 

শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য- নদীয়ার এই তিন পাগল বঙ্গের সুলতানি আমলে যে ভাবান্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলন ছিল জাত-পাত, গোত্রবাদ, বর্ণবাদ, লৈঙ্গিক বিভাজন ও বিত্তবাদী বৈষম্যের বিরোধী। তাছাড়া শঙ্করাচার্যের ভুয়া মায়াবাদ যা আসলে বিভ্রমবাদ, সেই অদ্বৈতবাদী মায়াদর্শনকে অচিন্ত্যভেদাভেদ তত্ত্বে খণ্ডন করেন শ্রীচৈতন্য। দেব-পুরাণ, শাস্ত্র-কিতাবকে পুরুষ-প্রকৃতির যুগল অভিন্নতার প্রেমে ও ভক্তিরসে খারিজ করে দেন নদীয়ার প্রথম ফকির নিমাইচাঁদ।

 

কিন্তু সুলতানি শাসকের মন্ত্রীসভায় যে গোস্বামী ব্রাহ্মণ ভাইয়েরা ছিল, তাঁরা চৈতন্যকে সুকৌশলে বঙ্গ থেকে সরিয়ে উৎকল দেশে বা আজকের ওড়িশায় নিয়ে যান। যদিও উৎকল দেশে গিয়েও নিমাই সেখানেও তাঁর বিপ্লব চালিয়ে যান। পুরীর মন্দিরকে কেন্দ্র করে বৈদান্তিকদের বাণিজ্য ও বর্ণাশ্রম প্রথার দ্বারা সমাজের প্রান্তজনেদের উপর ব্রাহ্মণ্যবাদের যে আস্ফালন তার বিরুদ্ধে স্বভাবতই রুখে দাঁড়ান ভাববিপ্লবী শ্রীচৈতন্য।

 

একটা সময় পুরীর রাজা চৈতন্যের ভাব আন্দোলনে নিজেকে সারেন্ডার করেন। তিনিও সাম্রাজ্য-সম্পদ বিলাতে শুরু করেছিলেন। ফলে বৈদিক পান্ডারা আর রাজার তোষামোদকারীরা বুঝতে পেরেছিলেন, রাজা নিজেই যদি চৈতন্যের প্রভাবে রাজতন্ত্র ভেঙে ফেলেন, তাহলে রাজতন্ত্রের প্রভাবে যারা করে কম্মে খাচ্ছেন, তাদের অবস্থা শোচনীয় হবে। তাই শেষমেশ মন্দিরের ভিতর চৈতন্যকে ঢুকিয়ে খুন করা হয়। প্রচার করা হয়, চৈতন্য জগন্নাথে বিলীন হয়েছেন। আবার কেউ কেউ প্রচার করতে শুরু করেন, চৈতন্য সমুদ্রে মিশে গেছেন কৃষ্ণের সাক্ষাৎ পেয়ে। বেশ কয়েক বছর আগেও এইসব নিয়ে যারা লেখালিখি করছিলেন, তাঁদের রহস্যজনক মৃত্যু হয়। অথবা নিরুদ্দেশ হয়ে যান কেউ কেউ।

 

জয়দেব মুখোপাধ্যায়ের ‘কাঁহা গেলে তোমা পাই’ বইটি শ্রীচৈতন্যের হত্যা রহস্যের গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ। যদিও এই গ্রন্থের দ্বিতীয় অংশটি প্রকাশ পাওয়ার আগেই খুন হতে হয় জয়দেব মুখোপাধ্যায়কে। চৈতন্যকে হত্যা করা হয়েছিল পুরীর মন্দিরে। সেই হত্যা রহস্য উন্মোচনে ফের পুরীতেই খুন হতে হয় জয়দেব মুখোপাধ্যায়কে।

 

পুরীতে রথ উপলক্ষ্যে যে আনন্দ-উচ্ছ্বাস, রথযাত্রার এই ভক্তিবাদী প্লাবন সব দিক থেকেই নদীয়ার তিন পাগল নিমাই-নিতাই আর অদ্বৈতাচার্যের ভক্তি আন্দোলন থেকে উৎসারিত। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে শ্রীচৈতন্য, নিত্যানন্দ ও অদ্বৈতাচার্য নাম সংকীর্তনে শূদ্র-যবনের যে প্রতিস্পর্ধী কার্নিভাল পলিটিক্সের সূচনা করেছিলেন, সেই স্পিরিট রথযাত্রার অন্তরঙ্গ ও বহিরঙ্গ— এই উভয় ক্ষেত্রেই প্রবহমান। কিন্তু, পুরীর মন্দির কর্তৃপক্ষ, শঙ্করাচার্যীয় পরম্পরা পুরীকে ব্রাহ্মণ্যবাদী পুরোহিততন্ত্রের আখড়ায় পর্যবসিত করেছে।

 

পুরীর মন্দিরে কোনো মুসলমানের প্রবেশাধিকার নেই সেই চৈতন্যের সময় থেকেই। চৈতন্যের সহযোগী/ শিষ্য যবন হরিদাসকেও মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই। তাই তো শ্রীচৈতন্য বিদ্রোহের সূচনা করেছিলেন এই পুরীর মন্দিরের ব্রাহ্মণ্যবাদী হেজিমনির বিরুদ্ধে। যে কারণে তাঁকে খুন হতে হয়। কিন্তু সেই ইতিহাসও চেপে রাখা হয়েছে।

 

ইতিহাস উন্মোচনের চেষ্টা করলেই জয়দেব বা আরও কয়েকজনের জীবনের মতো নিষ্ঠুর অন্তিম পরিণাম নেমে আসতে পারে। ব্রাহ্মণ্যবাদ আজও রণ-রক্ত চক্ষু মেলে খাড়ায়ে আছে কল্পিত হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি ‘নেশন’ (?) জুড়ে। কবে মোকাবিলা করা হবে এই খুনীদের? কবে একত্রে সোচ্চার হবে শবর, যবন ও শূদ্রেরা এই প্রশ্ন বারবার ইতিহাসের সামনে হাজির হয়।

 

চৈতন্য কিংবা রবীন্দ্রনাথ চেয়েছিলেন রথের রশি থাকুক নিম্নবর্গের হাতে। কিন্তু ক্ষমতার রথ চালিত হচ্ছে ব্রাহ্মণ্যবাদীদের দ্বারাই। তা সে পুরীর পুরোহিততন্ত্রের রথ হোক, কিংবা আরএসএস-বিজেপির রামরাজ্য প্রতিষ্ঠার রথ। এমনকী চৈতন্য-নিত্যানন্দদের বিকৃতি ঘটানো সাম্রাজ্যবাদ ও হিন্দি-হিন্দুত্বের জাতিবাদী ধারার অনুসারী ইস্কনের রথও একই বর্গের। এমন রথের চাকা থামিয়ে, শূদ্র-মজলুম বান্ধব সাম্যের সমাজ প্রতিষ্ঠার রথের রশিতে টান দেওয়ার সময় এসেছে। সোজা রথে না হোক, উলটো রথে আমরা নিশ্চয়ই সে রথের রশিটা আমাদের নিজেদের হাতের মুঠোয় আনতে পারব। চৈতন্য-নিত্যানন্দের স্বপ্নের ভাবের সমাজ হয়তো একদিন আমরা কায়েম করব বড় বাংলায়। দয়াল সহায়।

--

তথ্যসূত্র:

১। স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, ‘ভারতের মহাপুরুষগণ’, ১৪৮ পৃষ্ঠা, উদ্বোধন প্রকাশনা, বেলুড়মঠ, ১৩৬৯ বঙ্গাব্দ বা ১৯৬২-৬৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত।

২। ‘কাঁহা গেলে তোমা পাই’- জয়দেব মুখোপাধ্যায়

৩। অথ জগন্নাথ- স্বামী তত্ত্বসারানন্দ, অনলাইন উদ্বোধন পত্রিকা

--

লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক,  কলকাতা, ভারত।

ইমেইল- [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: