বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটাতারের রাজকূট

স্কেচ: এআই
ক্ষমতায় এসেই সীমান্তে কাঁটাতার নির্মাণের উদ্যোগকে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বিজেপির রাজনৈতিক অবস্থানের বাস্তবায়ন হিসেবেও দেখা হচ্ছে।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবারও রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায়। ভারতের পক্ষ থেকে এটিকে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকানোর উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হলেও বাংলাদেশে অনেকেই এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ভারত-বাংলাদেশ সীমান্ত প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশই সবচেয়ে বড়—২ হাজার ২১৬ কিলোমিটার। ভারতের তথ্য অনুযায়ী, এই অংশের এখনও প্রায় ৫৬৩ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ বাকি রয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের নিরাপত্তা ও জনসংখ্যার ভারসাম্যে প্রভাব ফেলছে। নির্বাচনি প্রচারণার সময়ও দলটি এই ইস্যুকে বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
বিশ্লেষকরা বলছেন, তাই ক্ষমতায় এসেই সীমান্তে কাঁটাতার নির্মাণের উদ্যোগকে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বিজেপির রাজনৈতিক অবস্থানের বাস্তবায়ন হিসেবেও দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ প্রসঙ্গ বহুদিন ধরেই গুরুত্বপূর্ণ। বিজেপি প্রায়ই সীমান্ত নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তা ও নাগরিক পরিচয়ের প্রশ্নের সঙ্গে যুক্ত করেছে।
তবে বাংলাদেশে বিষয়টি অন্যভাবে দেখা হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে সীমান্তে নতুন কাঁটাতার নির্মাণকে অনেকে কেবল নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখছেন না। গত দুই বছরে সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা, সীমান্ত হত্যা এবং বাংলাদেশিদের পুশইনের অভিযোগ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
বাংলাদেশ সরকারের ভেতরেও এই ইস্যুতে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোন জায়গা নাই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না।”
তার এই বক্তব্যে স্পষ্টভাবে রাজনৈতিক বার্তা রয়েছে। তিনি আরও বলেন, “সীমান্তে ভারতেরও দেখাতে হবে মানবিক অ্যাপ্রোচ। গুলি মেরে মানুষ হত্যা করা হলে বা তারে ঝুলাইয়া ফেলে রাখলে সেই পরিস্থিতি আর চলবে না।”
হুমায়ুন কবিরের বক্তব্যে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার প্রশ্নও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের উদ্বেগ তিনি আবার সামনে এনেছেন। তার মন্তব্যে এটিও পরিষ্কার যে, বর্তমান বাংলাদেশ সরকার সীমান্ত ইস্যুতে আগের তুলনায় বেশি দৃশ্যমান প্রতিক্রিয়া দেখাতে চায়।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বিষয়।”
তবে একইসঙ্গে তিনি জানান, “অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।”
এই দুই ধরনের বক্তব্য থেকে বোঝা যায়, বাংলাদেশ সরকার সরাসরি সংঘাতের পথে যেতে চায় না, তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেই রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে।
বিরোধী দলগুলোও বিষয়টি নিয়ে সরব হয়েছে। জামায়াতে ইসলামী বলেছে, ভারতের নিরাপত্তার প্রয়োজন থাকলে তারা বেড়া দিতে পারে, কিন্তু সেটি যদি বাংলাদেশের মর্যাদাহানি বা আগ্রাসী আচরণের প্রতীক হয়, তাহলে তারা প্রতিবাদ করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই উদ্যোগকে “বিভেদের দেওয়াল” হিসেবে উল্লেখ করেছে। দলটির নেতাদের মতে, এটি নিরাপত্তার চেয়ে বেশি রাজনৈতিক সিদ্ধান্ত।
বিশ্লেষকদের মতে, সীমান্তে কাঁটাতারের প্রশ্ন দক্ষিণ এশিয়ায় শুধু নিরাপত্তা ইস্যু নয়; এটি রাজনীতি, অভিবাসন, মানবাধিকার ও কূটনীতির জটিল বাস্তবতার অংশ। ভারত বহু বছর ধরে সীমান্ত সুরক্ষার কথা বলছে, কিন্তু সমালোচকদের মতে, কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। কারণ সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক সম্পর্ক দীর্ঘদিন ধরে আন্তঃনির্ভরশীল।
তারা মনে করেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সিদ্ধান্তের তাৎপর্য রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় বাড়বে, ফলে সীমান্ত ইস্যুতে আরও কঠোর নীতি দেখা যেতে পারে। একইসঙ্গে বাংলাদেশকে ঘিরে জাতীয়তাবাদী বক্তব্যও নতুন করে রাজনৈতিক গুরুত্ব পেতে পারে।
সীমান্তে কাঁটাতারের নতুন উদ্যোগ শুধু অবকাঠামোগত প্রকল্প নয়; এটি রাজনৈতিক বার্তা ও কূটনৈতিক সংকেতও বহন করছে। ভারত এটিকে নিরাপত্তার প্রয়োজন হিসেবে তুলে ধরলেও বাংলাদেশে অনেকে এটিকে আস্থার সংকটের প্রতিফলন হিসেবে দেখছেন। তাই সীমান্তে নতুন বেড়া এখন শুধু সীমান্ত ব্যবস্থাপনার প্রশ্ন নয়, বরং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনাও হয়ে উঠেছে।



