গণগানের জালালি কইতর হেমাঙ্গ বিশ্বাস


হেমাঙ্গ বিশ্বাস / ঢাকা পেপার্স গ্রাফিক্স
হেমাঙ্গ বিশ্বাস ছিলেন তাঁর সময়ের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সৃজনশীল যোগ্যতম নেতা। যিনি আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের বহু বাঁকে আজও সাহস জুগিয়ে চলেছেন। তাই তাঁরই লেখা একটি গান গাইতে গাইতে শেষ করছি এই লেখা—'আরো বসন্ত, বহু বসন্ত তোমার নামে আসুক, তুমি তো সূর্য অস্তবিহীন চির জাগরুক'।
'রাগসংগীতে আমরা ঘরানা কথাটা ব্যবহার করে থাকি। কিন্তু লোকসংগীতে কোনো ঘরানা নেই, আছে 'বাহিরানা'। একে আমি বলি আঞ্চলিকানা। ঘরানা ব্যক্তিকেন্দ্রিক বা পরিবারকেন্দ্রিক। কিন্তু লোকসংগীত গুরুমুখী বা বিদ্যালয়মুখী নয়। ঘরে বসে রেওয়াজ করে লোকসংগীত আয়ত্ত করা যায় না। একটা বিশেষ অঞ্চলের জনসমাজের জীবনের সঙ্গে দীর্ঘকালের পরিচয় প্রয়োজন। লোকসংগীতেরও রেওয়াজ, শিক্ষণ আছে—তা প্রান্তর ও গণমুখী, একটি জনসমাজের সঙ্গে একাত্মতাবোধে এই পাঠ শুরু হয়'- হেমাঙ্গ বিশ্বাস।
বাংলায় লোকসংগীত নিয়ে যারা গবেষণা করেছেন, লিখেছেন, গেয়েছেন, রেকর্ড করেছেন এবং ছাত্রদের শিখিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হেমাঙ্গ বিশ্বাস। তাঁর 'গানের বাহিরানা' প্রবন্ধ সংকলনে লোকসংগীতের রাগরূপ ও গীতরীতি, লোকসংগীতের কয়েকটি আধুনিক সমস্যা, লোকসংগীতের সঙ্গে রাগসংগীত কিংবা গণসংগীতের সম্পর্ক ইত্যাদি বহু প্রয়োজনীয় বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চিন্তার বিনিময় এবং বিতর্ক হাজির করে গেছেন, যা আজও প্রাসঙ্গিক এবং যেসব সংকটের আজও মীমাংসা হয়নি। ফলে আজকের দিনে যারা সামগ্রিক সংগীত চিন্তা নিয়ে কাজ করবেন, তাঁদের জন্য বলা যায়, হেমাঙ্গ বিশ্বাসের 'গানের বাহিরানা' একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।
কিন্তু হেমাঙ্গ বিশ্বাসকে সাধারণত একজন গণসংগীত শিল্পী হিসেবেই চেনেন-জানেন বেশিরভাগ মানুষ। 'সংগীত' শব্দটির সামনে 'গণ' যুক্ত হয়ে 'গণসংগীত'-এর ধারাটি নিঃসন্দেহে আমাদের সামনে নতুন একটি সাংস্কৃতিক নিশানা নিয়ে হাজির হয়েছিল ৪০/৫০-এর দশকে। হেমাঙ্গ বিশ্বাস সেই ধারা প্রবর্তনের অন্যতম প্রধান কারিগর। যিনি এই গণসংগীতকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছিলেন, 'গণসংগীত মানুষের সচেতন জীবন সংগ্রামের ফসল। বলা যেতে পারে, জাতীয় চেতনার ধারা যেখানে আন্তর্জাতিক, মেহনতি মানুষের আন্দোলনের সমুদ্রে মিশেছে, সেই সাগরসঙ্গমে গণসংগীতের উৎপত্তি।'
এই গণসংগীত আন্দোলন গড়ে ওঠে মূলত ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের বিকাশের পথ ধরে গণনাট্য সংঘের জন্মের মধ্য দিয়ে। পুঁজিবাদী রাষ্ট্রগুলোর বাজার লুটপাট-কাড়াকাড়ির অবধারিত ফলস্বরূপ দুনিয়ায় ঘনিয়ে আসে আরেকটি কালো যুদ্ধের কাল—দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু ফ্যাসিবাদী হিটলার ১৯৪১ সালে সমাজতান্ত্রিক রাশিয়ার ওপর উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়লে সারা দুনিয়ার কমিউনিস্টরা প্রতিবাদে ফেটে পড়লেন। যার প্রতিক্রিয়ায় আক্রান্ত সোভিয়েতের জনগণের প্রতি ভারতীয়দের সংহতি দৃঢ়তর করার লক্ষ্যে ১৯৪২ সালে গঠিত হলো 'সোভিয়েট সুহৃদ সমিতি'। এ বছরেরই ৮ মার্চ ঢাকায় প্রো-ফ্যাসিস্টদের হাতে মাত্র ২১ বছর বয়সে গল্পকার সোমেন চন্দ নিহত হওয়ার ঘটনা ভীষণভাবে আলোড়িত করল প্রগতি লেখক সংঘের আন্দোলনকে। সোমেন চন্দের আত্মদান সে সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিপুল প্রেরণার উৎস হয়ে ওঠে। এ পর্যায়ে প্রগতি লেখক সংঘ রূপান্তরিত হয় ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘে। এর পরপরই ১৯৪৩ সালে জন্ম নিল ভারতীয় গণনাট্য সংঘ। এ সংগঠন গড়ে উঠেছিল মূলত ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্যোগ-আয়োজনের মধ্য দিয়ে। যেমন, গণনাট্য সংঘ ছিল পার্টির একটি সাংস্কৃতিক ফ্রন্ট—মূলত নাটক এবং গণসংগীত শিল্পীদের নিয়ে। এ সময় থেকেই বলা যায়, ভারতে গণসংগীত আন্দোলন একটি আনুষ্ঠানিক রূপ লাভ করল। আর হেমাঙ্গ বিশ্বাস ১৯৪৬ সালে ভারতীয় গণনাট্য সংঘের আসাম প্রাদেশিক কমিটির সম্পাদক নির্বাচিত হন।
'ধানের দেশে বাড়ি আমাদের—ধানের গন্ধে বড় হয়েছি। এই ধানই আমায় গান দিয়েছে'। ১৪ ডিসেম্বর ১৯১২, সাতাশে অগ্রহায়ণ ১৩১৯, হবিগঞ্জ জেলার চুনারুঘাটের মিরাশী গ্রামে জন্মেছিলেন শিল্পী ও সংগঠক হেমাঙ্গ বিশ্বাস। বাবা হরকুমার বিশ্বাস, মা সরোজিনী বিশ্বাস। বাবা ছোট জমিদার হলেও গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী ছিলেন তিনি। ছিলেন প্রচণ্ড রক্ষণশীল। কিন্তু মায়ের দিক থেকে পেয়েছিলেন তিনি সংগীতের উত্তরাধিকার। মা খুবই ভালো গান গাইতেন। বিভিন্ন ধরনের মেয়েলি গান, রজনীকান্তের গান, শ্যামাসংগীত তাঁর গলায় শুনেছেন তিনি। দাদু রাজমোহন চৌধুরী ছিলেন সে অঞ্চলের নামকরা তবলা বাদক। সেই সূত্রে ওস্তাদ আফতাবউদ্দীন, আলাউদ্দীন মাঝে মাঝে আসতেন তাঁর বাড়িতে। সংগীতের সঙ্গে সম্পর্ক স্থাপনের এই পারিবারিক আবহ থাকার পরেও তাঁর শৈশবের স্মৃতিচারণে বলছেন—'আমার ছেলেবেলার মিউজিক বলতে যদি বলি আখমাড়াইয়ের গান আর আজানের ডাক, কেমন ভাববে সবাই?' ... 'গানের প্রতি আমার এই আকর্ষণ কিন্তু বাবার মোটেই মনঃপূত ছিল না। তাই স্কুলে যাওয়ার পথে মাঠ-ঘাট ছিল আমার গাইবার ক্ষেত্র'। এমনি মাঠের বাঁশি শুনে শুনে, ফকির-বৈষ্ণব, শিবের গাজন, কবিগান, কীর্তন আরও কতশত আঞ্চলিক গান শুনে শুনে হাওরের হাওয়া-জল-কাদায় বেড়ে ওঠেন হেমাঙ্গ বিশ্বাস।
‘হবিগঞ্জের জালালি কইতর/সুনামগঞ্জের কুড়া/ সুরমা নদীর গাঙচিল আমি/শূন্যে দিলাম উড়া...’ কলেজে ভর্তি হয়েই যুক্ত হয়ে পড়েন ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে। তিনি আইন অমান্য আন্দোলনে অংশ নিয়ে লবণের প্যাকেট হাতে নিয়ে পায়ে হেঁটে ত্রিপুরা পর্যন্ত প্রচার অভিযানে যান। এই অপরাধে গ্রেফতার হন এবং ছয় মাসের জন্য তাঁকে কারারুদ্ধ করা হয়। এর ফলে কলেজ থেকে বহিষ্কৃত হন। ১৯৩২ সালে পুনরায় গ্রেফতার হন। এবার কারারুদ্ধ হন আড়াই বছরের জন্য। জেলে থাকা কালেই যক্ষ্মা রোগে আক্রান্ত হন। জেল থেকে বেরিয়ে প্রায় তিন বছরব্যাপী যাদবপুর যক্ষ্মা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।
হেমাঙ্গ বিশ্বাস ১৯৩৯ সাল নাগাদ শ্রমিক-কৃষক আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন। এদিকে কমিউনিস্ট মতাদর্শের জন্য রক্ষণশীল পিতার সঙ্গে আদর্শগত বিরোধ তৈরি হয় হেমাঙ্গ বিশ্বাসের। যথারীতি তিনি বাড়ি থেকে বিতাড়িত হন। বিতাড়িত হয়ে সোজা চলে যান শিলংয়ে। সে সময় সিলেট কমিউনিস্ট পার্টি হেমাঙ্গ বিশ্বাসের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে গ্রামাঞ্চলে সংগঠন গড়ার কাজে পাঠায়। এই সময়টাতে তিনি ঘনিষ্ঠভাবে মেশেন বিভিন্ন গ্রামের কৃষকদের সঙ্গে এবং রচনা করেন তাঁর গণসংগীত জীবনের প্রথম দিককার বিশেষ আলোচিত গান—'কাস্তেটারে দিও জোরে শান'।
১৯৪১ থেকে ১৯৭৬, হেমাঙ্গ বিশ্বাসের সংগীত রচনার জীবনে প্রায় দুইশত গান লেখেন, অনুবাদ করেন, সুর করেন। নিজের গান রচনা সম্পর্কে তিনি বলেন, 'আমার গান আমার একার সৃষ্টি নয়, একটা আন্দোলনের সৃষ্টি।' 'জন হেনরি'র মতো অসংখ্য প্রয়োজনীয় গান বাংলায় অনুবাদ করে জনপ্রিয় করেন হেমাঙ্গ বিশ্বাস। সার্থক অনুবাদের সেতু রচনা করে তিনি আমাদের সঙ্গে বিশ্বের বিপ্লবী সংগীতের সংযোগ ঘটিয়েছিলেন। 'আমরা করবো জয়' গানটির একটি ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ করেছেন তাঁর স্ত্রী রাণু বিশ্বাস, 'পীট সিগারের গানের অনুষ্ঠানে (কলকাতায়) গেলাম গান শুনতে। এক সময় হঠাৎ পীট সিগার মাইকে বললেন, এখানে একজন লোকগায়ক বসে আছেন, তিনি যেন দয়া করে মঞ্চে আসেন।' ... দুজন লোক এসে হেমাঙ্গকে পাঁজাকোলা করে মঞ্চে তুলে দিল। করমর্দনের পর পীট ধরলেন 'উই স্যাল ওভারকাম' আর হেমাঙ্গ অনুবাদ করে গাইলেন 'আমরা করবো জয়'।
১৯৪৭-এ দেশভাগের ফলে গণনাট্য কর্মীরাও বিভাজনের শিকার হন। অন্যদিকে তেভাগা কৃষক বিদ্রোহ দমনের নামে নেহেরু সরকার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা করেন। বিপ্লবীদের ওপর নেমে আসে অমানুষিক অত্যাচার, গ্রেফতার, কারাদণ্ড। হেমাঙ্গ বিশ্বাস ১৯৪৮ সালের দিকে আত্মগোপন করেন। এ সময়টাতে রচনা করেন তাঁর আলোড়নকারী ব্যঙ্গাত্মক গান 'মাউন্টব্যাটন মঙ্গল কাব্য'।
১৯৫১ সালে হেমাঙ্গ বিশ্বাস আবারও গ্রেফতার হয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পেয়ে যান। তবে যক্ষ্মা রোগের এই তীব্রতা তাঁকে জেল থেকে মুক্তি দিলেও জীবন থেকে এত সহজে মুক্তি দিচ্ছিল না। ফলে ১৯৫৭ সালের দিকে রোগের তীব্রতায় শরীর যখন একেবারেই ভেঙে পড়ে, তখন পার্টির উদ্যোগে চিকিৎসার জন্য তাঁকে চীনে পাঠানো হয়। প্রায় আড়াই বছর চীনে থেকে তিনি চিকিৎসা করান এবং ১৯৫৯ সালে দেশে ফিরে আসেন। এ বছর তিনি বিয়ের কাজটি সম্পন্ন করেন রাণু দত্তের সঙ্গে। চীনের অভিজ্ঞতা নিয়ে এ সময়ে রচিত তাঁর বেশ কিছু গানেই চীনপন্থী রাজনীতির প্রতি তাঁর আগ্রহ এবং আস্থার প্রতিফলন ঘটেছে।
'৬০ সালে আসামে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। সে সময় গণনাট্য সংঘের উদ্যোগে শান্তি-সম্প্রীতির অভিযান কর্মসূচি নেওয়া হয়। ভূপেন হাজারিকা ও হেমাঙ্গ বিশ্বাসের যৌথ রচনা ও দ্বৈতকণ্ঠের বিখ্যাত প্রেরণাময়ী গান 'হারাধন রঙমন কথা' সারা আসামজুড়ে গেয়ে শোনানো হয়। গণনাট্যের এই সাংস্কৃতিক উদ্যোগ দাঙ্গাবিধ্বস্ত নিরীহ মানুষের মনে সত্যিই সে সময় আশা জাগাতে পেরেছিল।
১৯৮০ সালে একটি গানের সংকলন বের হয় 'হেমাঙ্গ বিশ্বাসের গান' শিরোনামে। তবে তার আগেই ১৯৭৫ সালে সলিল চৌধুরীর রেকর্ডিং প্রতিষ্ঠান থেকে বের হয়েছিল হেমাঙ্গ বিশ্বাসের অডিও ক্যাসেট 'শঙ্খচিলের গান'। যদি হেমাঙ্গ বিশ্বাসের সকল গান থেকে কোনো একটি গানকে আমরা নির্বাচন করতে চাই, যেখানে তাঁর রাজনৈতিক মতাদর্শসহ সামগ্রিক সৃজনশীলতা ও দার্শনিকতার সমন্বয় ঘটেছে, তাহলে আমরা অবশ্যই বলব তাঁর প্রথম অ্যালবামের 'শঙ্খচিল' গানটি। এ গান সম্পর্কে তিনি নিজেই বলছেন—'আমার সবচেয়ে প্রশংসিত এবং একই সঙ্গে সর্বাধিক সমালোচিত গান হলো 'শঙ্খচিলের গান'। এ গানটির ক্যানভাস বহুদূরবিস্তৃত। এখানে 'সাগরিকা' হলো হিরোশিমা এবং তার ধ্বংসের একমাত্র সাক্ষী শঙ্খচিল হলো সংগ্রামী জনতার প্রতীক, যে অপরাজেয়, যাকে পারমাণবিক বোমা ধ্বংস করতে পারে না।'
ইতোমধ্যে পার্টি লাইন নিয়ে মতবিরোধের জের ধরে গণনাট্যের কাজ দ্বিধাবিভক্ত হয়ে পড়লেও হেমাঙ্গ বিশ্বাস কিন্তু বসে থাকেননি। তিনি '৭১-এ যেমন গঠন করেন 'মাস-সিংগার্স' নামে একটি নতুন গানের দল, তেমনি আবার জীবনের একেবারে শেষ প্রান্তে ১৯৮৬ সালের দিকে এসে উদ্যোগ নিয়েছিলেন গণনাট্য আন্দোলনকে পুনরুজ্জীবিত করার। ১৯৮৭ সালের ২২ নভেম্বর কলকাতাঁর এসএসকেএম হাসপাতালে রাত পৌনে নয়টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আর মৃত্যুর চার বছর আগে, ১৯৮৩ সালে, হেমাঙ্গ বিশ্বাস গানের দল নিয়ে বাংলাদেশে আসেন। ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় তিনি গান করেন।
হেমাঙ্গ বিশ্বাস মৃত্যুর আগ পর্যন্ত সাংস্কৃতিক লড়াইয়ের ময়দান থেকে কোনোদিন পলায়ন করেননি। মতাদর্শিক লড়াই, রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিন চালিয়েও যখন গণনাট্যের সঙ্গে থাকতে পারলেন না, তবু তিনি হতাশ হয়ে ভেঙে পড়লেন না। গড়ে তুললেন নতুন গানের দল। মুক্তির আলো খুঁজলেন চীনের সাংস্কৃতিক বিপ্লবের দিকে তাকিয়ে। তিনি লিখলেন সাংস্কৃতিক লড়াইয়ের নানা বিষয় নিয়ে অসংখ্য রচনা।
পার্টি নিয়ন্ত্রিত সাংস্কৃতিক আন্দোলনের সুফল-কুফল নিয়ে তাঁর মতামত, পর্যালোচনা আজও আমাদের জন্য এক অমূল্য সম্পদ। কার্যত প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের রূপরেখা কী হবে, সেই দিকনির্দেশনামূলক তাঁর লেখাগুলো আমাদের জন্য আজও প্রাসঙ্গিক। এমনকি গণসংগীতের ধারণা তাঁর সংগীত জীবনের শুরুর দিকে যেমনটা ছিল, জীবনের শেষ প্রান্তে এসে সেই ধারণায়ও নতুন ভাবনার সংযোজন ঘটেছিল। তিনি ছিলেন তাঁর সময়ের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সৃজনশীল যোগ্যতম নেতা। যিনি আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের বহু বাঁকে আজও সাহস জুগিয়ে চলেছেন। তাই তাঁরই লেখা একটি গান গাইতে গাইতে শেষ করছি এই লেখা—'আরো বসন্ত, বহু বসন্ত তোমার নামে আসুক, তুমি তো সূর্য অস্তবিহীন চির জাগরুক'।
_______________________________
লেখক: শিল্পী ও সংগঠক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



