হাদিকে পাঠ্যবইয়ে তোলার আগে যে প্রশ্নগুলো জরুরি

ফাইল ফটো
হাদির মতো কোনো জনপ্রিয় ব্যক্তির রাজনৈতিক বক্তব্য বা জনসমাবেশের ভাষায় নারী-শরীরকেন্দ্রিক অপমানজনক শব্দ বা সহিংসতার ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহৃত হয়ে থাকে, তাহলে পাঠ্যবইয়ে তাঁর বীরত্বের পাঠ কীভাবে উপস্থাপিত হবে? শিশুদের কি শুধু তাঁর সংগ্রামের কথা শেখানো হবে, নাকি ভাষা, মূল্যবোধ এবং সামাজিক আচরণের প্রশ্নগুলোও আলোচনায় আসবে?
পাঠ্যবই শুধু তথ্যের সংকলন নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নাগরিক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো ব্যক্তি যখন পাঠ্যবইয়ে স্থান পান, তখন তিনি কেবল ইতিহাসের চরিত্র হিসেবে উপস্থিত হন না, বরং নতুন প্রজন্মের কাছে এক ধরনের আদর্শ, অনুপ্রেরণা বা অনুসরণযোগ্য ব্যক্তিত্ব হিসেবেও প্রতিষ্ঠিত হন। সেই কারণেই পাঠ্যবইয়ে কাদের অন্তর্ভুক্ত করা হবে, কীভাবে তাদের উপস্থাপন করা হবে এবং তাদের জীবন থেকে ঠিক কোন শিক্ষাটি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে—এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ২০২৮ সালের পাঠ্যবইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জীবন, কর্ম, শাহাদাত ও পরবর্তী ঘটনাবলি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখেই বলা যায়, এই সিদ্ধান্তের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে আসে। কারণ একজন মানুষকে পাঠ্যবইয়ে স্থান দেওয়া মানে শুধু তাঁর বীরত্বগাথা তুলে ধরা নয়; বরং তাঁর সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবকেও বিবেচনায় নেওয়া।
আমাদের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে এমন এক ভাষাচর্চা প্রচলিত, যেখানে কাউকে অপমান করতে নারী, নারীর শরীর বা নারীর প্রতি সহিংসতার ইঙ্গিত ব্যবহার করা হয়। এই ভাষা শুধু ব্যক্তিগত রাগের প্রকাশ নয়; এটি একটি পিতৃতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ, যেখানে নারীকে স্বতন্ত্র মানুষ হিসেবে নয়, বরং পুরুষের সম্মান, সম্পত্তি বা নিয়ন্ত্রণের ক্ষেত্র হিসেবে কল্পনা করা হয়। ফলে একজন পুরুষকে আঘাত করতে গিয়ে আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে নারী।
এই বাস্তবতায় প্রশ্ন উঠতেই পারে—হাদির মতো কোনো জনপ্রিয় ব্যক্তির রাজনৈতিক বক্তব্য বা জনসমাবেশের ভাষায় নারী-শরীরকেন্দ্রিক অপমানজনক শব্দ বা সহিংসতার ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহৃত হয়ে থাকে, তাহলে পাঠ্যবইয়ে তাঁর বীরত্বের পাঠ কীভাবে উপস্থাপিত হবে? শিশুদের কি শুধু তাঁর সংগ্রামের কথা শেখানো হবে, নাকি ভাষা, মূল্যবোধ এবং সামাজিক আচরণের প্রশ্নগুলোও আলোচনায় আসবে?
আমাদের সমাজে এমন বহু শব্দ আছে, যেগুলো কথ্য ভাষায় এত বেশি ব্যবহৃত হয় যে অনেকেই আর সেগুলোর অন্তর্নিহিত অর্থ নিয়ে ভাবেন না। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায়, এসব শব্দের অধিকাংশই নারীকে অবমাননা, নিয়ন্ত্রণ কিংবা যৌন বস্তু হিসেবে কল্পনা করার ধারণার ওপর দাঁড়িয়ে আছে। অনেক গালিতে নারীর পোশাক, শরীর, যৌনতা বা সম্ভাব্য যৌন সহিংসতাকে অপমানের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
সমস্যা হলো, শিশুরা ভাষা থেকে শিক্ষা নেয়। তারা শুধু পাঠ্যবইয়ের পাঠ থেকে নয়, সামাজিক আচরণ, রাজনৈতিক ভাষণ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং জনপরিসরের ভাষা থেকেও শিখে। যদি একদিকে কোনো ব্যক্তিকে বীরত্ব, ন্যায়বোধ বা আদর্শের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়, আর অন্যদিকে জনপরিসরে প্রচলিত তাঁর ভাষা বা বক্তব্যে নারী-অবমাননাকর উপাদান থাকে, তাহলে শিশুদের মনে একটি বিভ্রান্তি তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তারা বুঝতে পারে না কোনটি অনুসরণযোগ্য—আত্মত্যাগের আদর্শ, নাকি অবমাননাকর ভাষার ব্যবহার?
এই লেখার উদ্দেশ্য কোনো ব্যক্তিকে বাতিল করা নয়। ইতিহাসের প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনেই সীমাবদ্ধতা, দ্বন্দ্ব এবং সময়ের প্রভাব থাকে। বরং শিক্ষার দায়িত্ব হলো সেই জটিলতাগুলোকে বোঝানো। একজন মানুষ কোনো ক্ষেত্রে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁর সব আচরণ যে অনুসরণযোগ্য হবে, এমন নয়। শিশুদের এই সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তোলাই শিক্ষার কাজ।
কিন্তু সেই কাজ সফলভাবে করতে হলে আমাদের পাঠ্যক্রমে আরও একটি বিষয়কে গুরুত্ব দিতে হবে—যৌনতা ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা। কারণ নারীকে অপমান করার ভাষা, যৌন সহিংসতাকে হুমকি হিসেবে ব্যবহার করা কিংবা অন্যের শরীরের ওপর অধিকারবোধ—এসবের শিকড় একই মানসিকতায় নিহিত। আর সেই মানসিকতার মোকাবিলা কেবল আইন দিয়ে নয়, শিক্ষা দিয়েও করতে হয়।
‘যৌনতা শিক্ষা’ মানে যৌন সম্পর্ক শেখানো নয়। এটি হলো বয়স-উপযোগী এমন শিক্ষা, যা শিশু-কিশোরদের নিজেদের শরীর, শারীরিক পরিবর্তন, ব্যক্তিগত নিরাপত্তা, সম্মতি, সম্পর্ক, আবেগ এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে। একজন শিশু যদি জানে যে তার শরীর তার নিজের, যদি সে বুঝতে শেখে সম্মতি কী, ব্যক্তিগত সীমারেখা কী এবং অন্যকে সম্মান করা কেন জরুরি—তাহলে সে ভবিষ্যতে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে।
বাংলাদেশে এখনো বহু শিশু কৈশোরে প্রবেশের সময় শরীরের স্বাভাবিক পরিবর্তন সম্পর্কে পর্যাপ্ত তথ্য পায় না। মাসিক, স্বপ্নদোষ, হরমোনজনিত পরিবর্তন, মানসিক চাপ বা আবেগের ওঠানামা নিয়ে তাদের মধ্যে ভয় ও বিভ্রান্তি কাজ করে। অনেক সময় তারা ভুল তথ্যের ওপর নির্ভর করে। এর ফলে নিজেদের শরীর সম্পর্কে লজ্জা, অপরাধবোধ বা ভুল ধারণা তৈরি হয়।
একইভাবে, যৌন হয়রানি, অনাকাঙ্ক্ষিত স্পর্শ কিংবা নির্যাতন সম্পর্কে সচেতনতার অভাবও শিশুদের ঝুঁকির মধ্যে ফেলে। বয়স-উপযোগী যৌনতা শিক্ষা তাদের আত্মরক্ষা, আত্মসম্মান এবং অন্যের প্রতি সম্মানবোধ গড়ে তুলতে সাহায্য করতে পারে।
আজ যখন আমরা পাঠ্যবইয়ে কাদের অন্তর্ভুক্ত করা হবে, কীভাবে অন্তর্ভুক্ত করা হবে এবং কোন মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছানো হবে—এসব প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তখন আমাদের আরও বড় একটি প্রশ্ন করা উচিত: আমরা কি শিশুদের এমন শিক্ষা দিচ্ছি, যা তাদের মানুষ হিসেবে আরও সংবেদনশীল, দায়িত্বশীল এবং সম্মানবোধসম্পন্ন করে তুলবে?
ইতিহাসের বীরদের গল্প অবশ্যই পাঠ্যবইয়ে থাকবে। কিন্তু তার আগে দরকার ভাষার দায়িত্বশীল ব্যবহার, নারী-পুরুষের সমান মর্যাদা, সম্মতির ধারণা এবং সুস্থ সম্পর্কের শিক্ষা। কারণ একজন শিক্ষিত মানুষ শুধু ইতিহাস জানে না; সে অন্য মানুষের মর্যাদাকেও সম্মান করতে শেখে।
তাই সময়ের দাবি হলো পাঠ্যক্রমে বয়স-উপযোগী যৌনতা শিক্ষা, প্রজনন স্বাস্থ্য শিক্ষা এবং আবেগগত বিকাশ-সংক্রান্ত শিক্ষাকে আরও সুসংহতভাবে অন্তর্ভুক্ত করা। আমাদের সন্তানদের জানতে হবে তাদের শরীরে কী পরিবর্তন ঘটে, কেন ঘটে, আবেগ ও মানসিক অবস্থার পরিবর্তন কীভাবে সামলাতে হয়, ব্যক্তিগত সীমারেখা কী এবং অন্যের প্রতি সম্মান কেন জরুরি। একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে এর কোনো বিকল্প নেই।
---
*লেখক: জেন্ডার বিশ্লেষক এবং মানবসম্পদ বিভাগ প্রধান, ঢাকা পেপার্স।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



