'গুপ্ত' রাজনীতি: কৌশল, নৈতিকতা নাকি বিশ্বাসঘাতকতার সীমানা?

ছাত্রদলের 'গুপ্ত' দেয়াল লিখনে ছাত্র শিবিরের সন্ত্রাসের প্রতিবাদ, জাবি
চট্টগ্রামে 'গুপ্ত' বিতর্কের জেরে ছাত্রদল ও শিবির প্রকাশ্য সশস্ত্র সংঘাতেও জড়িয়েছে।
রাজনীতিতে পরিচয় গোপন করে কাজ করার প্রশ্নটি নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এটি নতুন করে বিতর্কের কেন্দ্রে এসেছে। কেউ এটিকে কৌশলগত প্রয়োজন বলে ব্যাখ্যা করছেন, আবার কেউ দেখছেন নৈতিক বিচ্যুতি হিসেবে।
বিশ্লেষণ বলছে, এই দ্বৈত দৃষ্টিভঙ্গির মধ্যেই মূল প্রশ্নটি দাঁড়ায়—কখন গোপন রাজনীতি গ্রহণযোগ্য কৌশল, আর কখন তা নৈতিক সংকটে পরিণত হয়?
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, রাজনৈতিক সংগ্রামের নির্দিষ্ট পর্যায়ে পরিচয় গোপন করে কাজ করা অনেক সময় বাধ্যতামূলক হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে চীনের বিপ্লবী রাজনীতির কথা বলা যায়। মাও সে তুং-এর সময় জাপানি আগ্রাসন, সামরিক দমন এবং রাজনৈতিক নিপীড়নের কারণে অনেক বিপ্লবী প্রকাশ্যে কাজ করতে পারেননি। সে সময় চীনের কমিউনিস্টরা কুওমিনটাং-এর ভেতরে গোপনে কাজ করেছেন। তবে এই অংশগ্রহণ ছিল সম্পূর্ণ বিরোধিতার ভিত্তিতে নয়; বরং একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত উভয়ের লক্ষ্য—বিদেশি দখলদারিত্ব থেকে মুক্তি—একই ছিল।
উপমহাদেশের ইতিহাসেও একই ধরনের উদাহরণ পাওয়া যায়। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় অনেক বিপ্লবী সরাসরি কাজ করতে না পেরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা মুসলিম লিগ-এর ভেতরে থেকে কাজ করেছেন।
একইভাবে পাকিস্তান আমলেও নিষিদ্ধ বা দমন-পীড়নের মুখে থাকা রাজনৈতিক শক্তিগুলো বৃহত্তর জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে, বিশেষ করে মাওবাদী কমিউনিস্ট পার্টিগুলো মওলানা ভাসানীর ন্যাপে যুক্ত হয়েছে। 'আন্ডারগ্রাউন্ড' পার্টিগুলোর ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট ছিল—সংগ্রামের একটি নির্দিষ্ট ধাপ পর্যন্ত আদর্শগত মিল বা অন্তত সামঞ্জস্য ছিল, যা এই কৌশলকে নৈতিকভাবে কিছুটা গ্রহণযোগ্যতা দিয়েছে।
খবরে প্রকাশ, জামায়াত-শিবির গত ১৭ বছর গ্রেপ্তার-নির্যাতন এড়াতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভেতরে 'গুপ্ত' রাজনীতি করে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর প্রকাশ্য হয়েছে, রাজনৈতিক অঙ্গনে এ বিষয়টি প্রকাশ্য হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। চট্টগ্রামে 'গুপ্ত' বিতর্কের জেরে ছাত্রদল ও শিবির প্রকাশ্য সশস্ত্র সংঘাতেও জড়িয়েছে।
বিশ্লেষণ বলছে 'গুপ্ত' নিয়ে সমস্যাটি শুরু হয় তখন, যখন এই গোপন অংশগ্রহণ আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত অবস্থানের মধ্যে ঘটে। একজন যদি এমন একটি দলে প্রবেশ করেন, যার মূল আদর্শ তার নিজের বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী, এবং সেখানে থেকে গোপনে নিজের সংগঠনের স্বার্থে কাজ করেন, তখন সেটি কৌশলের সীমা ছাড়িয়ে যায়। অনেক বিশ্লেষকের মতে, এই ধরনের কাজ নৈতিকভাবে গুপ্তচরবৃত্তির কাছাকাছি।
এখানেই দার্শনিক প্রশ্নটি সামনে আসে—উদ্দেশ্য কি উপায়ের বৈধতা নির্ধারণ করে? রাজনৈতিক ইতিহাসে বারবার দেখা গেছে, 'উচ্চতর লক্ষ্য' অর্জনের জন্য অনেক সময় নৈতিক আপসকে গ্রহণ করা হয়েছে। কিন্তু এই যুক্তি সর্বজনগ্রাহ্য নয়। কারণ, যদি রাজনৈতিক সংগ্রাম নিজেই নৈতিকতার ভিত্তিতে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সংগ্রামে প্রতারণা বা গোপন অনুপ্রবেশ কতটা বৈধ—এই প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক ও গবেষক আ-আল মানুন জামায়াত-শিবিরের রাজনীতির প্রতি ইঙ্গিত করে তীর্যক মন্তব্যে বলেন, 'মুনাফেকি তো গুপ্তভাবেই করতে হয়, প্রকাশ্যে করা যায় না। এইটা আপনারা কেন বুঝতে পারতেছেন না, তা বুঝি না!!'
সমসাময়িক প্রেক্ষাপটে এই বিতর্ক আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন দেশে উগ্র বা চরমপন্থী সংগঠনগুলো কখনো কখনো অন্য রাজনৈতিক বা সামাজিক সংগঠনের ভেতরে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এর পেছনে নিরাপত্তা, সংগঠন বিস্তার কিংবা কৌশলগত সুবিধা অর্জনের বিষয়গুলো কাজ করে। কিন্তু এর ফলে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়।
এখানে 'গোপন' ও 'গুপ্ত' রাজনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সব গোপন রাজনীতি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নয়। যখন কোনো রাজনৈতিক কর্মী দমন-পীড়ন এড়াতে বা জীবন রক্ষার জন্য পরিচয় গোপন করেন, তখন সেটিকে অনেক সময় বাস্তবতার অনিবার্যতা হিসেবে দেখা হয়।
কিন্তু 'গুপ্ত' রাজনীতি বলতে সাধারণত বোঝানো হয় সেই পরিস্থিতিকে, যেখানে একজন কর্মী ন্যূনতম নৈতিকতাও বিসর্জন দিয়ে প্রতিপক্ষের ভেতরে প্রবেশ করেন এবং সেই সংগঠনের ক্ষতি করার পাশাপাশি কখনো কখনো তার অন্যায় কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নেন।
এই পর্যায়ে এসে বিষয়টি শুধু কৌশলগত থাকে না, বরং নৈতিক অবক্ষয়ে পরিণত হয়। বিশেষ করে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী এমন একটি সংগঠনের ভেতরে কাজ করেন, যাকে সমাজের বড় অংশ গণবিরোধী হিসেবে বিবেচনা করে, এবং সেখানে গিয়ে সেই গণবিরোধী কর্মকাণ্ডেরই অংশ হয়ে ওঠেন—তখন এটি সবচেয়ে গুরুতর নৈতিক সংকট সৃষ্টি করে।
অতএব, গুপ্ত রাজনীতি নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন—কোন পর্যায়ে রাজনৈতিক কৌশল নৈতিকতার সীমা অতিক্রম করে? ইতিহাস বলছে, নির্দিষ্ট পরিস্থিতিতে গোপন অংশগ্রহণ একটি কার্যকর কৌশল হতে পারে। কিন্তু একই সঙ্গে এটিও সত্য, আদর্শগত সীমা অতিক্রম করে প্রতারণা ও অনুপ্রবেশের পথে গেলে সেই কৌশলই নৈতিক সংকটে রূপ নেয়।
এই দ্বন্দ্বের সহজ কোনো সমাধান নেই। তবে স্পষ্টভাবে বলা যায়, রাজনৈতিক কৌশল হিসেবে গোপনতা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু তা ন্যূনতম নৈতিকতার সীমা লঙ্ঘন করলে সেটি আর কৌশল থাকে না—বরং হয়ে ওঠে বিশ্বাসের সংকট ও রাজনৈতিক অবিশ্বাসের উৎস।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



