গণভোটে ‘হ্যাঁ’ জয়: সংস্কারের পক্ষে জনগণের ঐতিহাসিক রায়
সংস্কারের এই গণরায় বাস্তবায়নের মূল দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর ওপর।
বাংলাদেশের ভোটাররা অত্যন্ত সুস্পষ্টভাবে সংবিধান সংস্কারের প্রস্তাবনা তথা ‘জুলাই জাতীয় সনদ’-এর পক্ষে তাদের রায় দিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, দেশের মানুষ আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যেতে চায় না, তারা চায় আমূল রাষ্ট্র সংস্কার।
শনিবার সকালে রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। ২০২৬ সালের এই ঐতিহাসিক গণভোটের ফলাফল এবং জনসচেতনতামূলক কার্যক্রমের সমন্বয় পরবর্তী পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘এবারের গণভোটে ৬০ শতাংশের বেশি ভোটার অংশ নিয়েছেন, যা সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও এক শতাংশ বেশি। এই উচ্চ অংশগ্রহণ প্রমাণ করে যে, সংস্কার নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। নাগরিকরা স্থিতাবস্থা ভেঙে একটি নতুন গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক কাঠামো বিনির্মাণে সংকল্পবদ্ধ।’
তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা সবসময়ই বিশ্বাস করেন যে পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতিতে। সেই লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছিল। ড. রীয়াজ বলেন, ‘জনগণ প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়েছেন। এই রায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণদানকারী ও আহতদের অর্পিত দায়িত্বের প্রতি একটি বড় স্বীকৃতি।’
গণভোটের ফলাফল পরবর্তী করণীয় নিয়ে আলোকপাত করতে গিয়ে ড. আলী রীয়াজ জানান, সংস্কারের এই গণরায় বাস্তবায়নের মূল দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর ওপর। তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো যে সহনশীলতা ও আপস-সমঝোতার ঐতিহ্য দেখিয়েছে, তা ধরে রেখে এই দলিল বাস্তবায়ন করতে হবে।’
তিনি বর্তমান ক্ষমতাসীন দলসহ সংসদের ভেতরে ও বাইরের সকল দলকে আলাপ-আলোচনার মাধ্যমে এই আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে আসার আহ্বান জানান।
গণভোটের ফলের আইনি বাধ্যবাধকতা ব্যাখ্যা করে বিশেষ সহকারী জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের এবার দুটি শপথ নিতে হবে। ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ, ২০২৫’ অনুযায়ী, নির্বাচিত সদস্যদের মাধ্যমেই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। তারা প্রথমত সংসদ সদস্য হিসেবে এবং দ্বিতীয়ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। সংখ্যাগরিষ্ঠ দলসহ সব দল তাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এই সংস্কার আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. আলী রীয়াজ সুশীল সমাজকে এই রূপান্তর প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের কাজে আপনাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সংবাদ সম্মেলনের শেষে তিনি দীর্ঘ সময় পর একটি সত্যিকারের নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সব ধরণের ষড়যন্ত্র ও সহিংসতার আতঙ্ক নস্যাৎ করে দেওয়ার জন্য দেশের জনগণকে অভিনন্দন জানান।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মনির হায়দার।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



