গণভোটে নির্ধারণ হবে আগামীর সংবিধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৫পরিবর্তন করতে ক্লিক করুন
গণভোটে নির্ধারণ হবে আগামীর সংবিধান
শেয়ার করুন:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক এক গণভোট। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রশ্নে দেশের ভোটাররা তাদের রায় দেবেন।

ভোটারদের সামনে প্রশ্ন থাকবে—তারা এই সনদ বাস্তবায়ন চান কি না। ব্যালট পেপারে সুনির্দিষ্ট চারটি বিষয় উল্লেখ করে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।

 

গত কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশজুড়ে এই গণভোটের ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি এক ভিডিও বার্তায় দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে।’

 

কী আছে জুলাই সনদে?

সংস্কার কমিশনের রিপোর্ট এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর ৮৪টি প্রস্তাবনা নিয়ে এই ‘জুলাই সনদ’ তৈরি করা হয়েছে। এর মধ্যে ৪৭টি প্রস্তাবনা সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সঙ্গে যুক্ত এবং ৩৭টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে।

 

ক্ষমতার ভারসাম্য ও মেয়াদের সীমাবদ্ধতা:

জুলাই সনদের অন্যতম প্রধান সংস্কার হলো প্রধানমন্ত্রীর মেয়াদ। সনদে প্রস্তাব করা হয়েছে, কোনো ব্যক্তি এক জীবনে দুই মেয়াদের বেশি অর্থাৎ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এছাড়া প্রধানমন্ত্রী এককভাবে সব ক্ষমতার অধিকারী হবেন না; রাষ্ট্রপতি নিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংসদের উচ্চকক্ষ ও বিরোধী দলের সঙ্গে সমন্বয়ের বিধান রাখা হয়েছে। বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর স্বাক্ষরে জরুরি অবস্থা জারি হলেও সনদে মন্ত্রিসভা ও বিরোধী দলের সম্মতির বিধান রাখা হয়েছে।

 

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও নির্বাচন ব্যবস্থা:

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো ১০০ সদস্যের ‘উচ্চকক্ষ’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এছাড়া সংবিধানে স্থায়ীভাবে ‘তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ডেপুটি স্পিকার পদটি সংরক্ষিত থাকবে বিরোধী দলের জন্য। নারী আসন সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাবও রয়েছে এই সনদে।

 

জাতীয় পরিচয় ও মৌলিক অধিকার

 

বিদ্যমান সংবিধানে জাতীয় পরিচয় ‘বাঙালি’ হলেও জুলাই সনদে তা ‘বাংলাদেশি’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বাংলা রাষ্ট্রভাষা থাকলেও অন্য সব মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। মৌলিক অধিকারের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ‘নিরবচ্ছিন্ন ইন্টারনেট’ এবং ‘ব্যক্তিগত তথ্যের সুরক্ষা’। সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকে প্রাধান্য দেওয়া হয়েছে।

 

বিচার বিভাগ ও প্রশাসন

 

জুলাই সনদে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগ হবে আপিল বিভাগ থেকে এবং বিচারক নিয়োগের দায়িত্ব থাকবে একটি স্বাধীন কমিশনের হাতে।

 

এছাড়া দীর্ঘদিনের দাবি ‘ন্যায়পাল’ নিয়োগের প্রক্রিয়াও এই সনদে অন্তর্ভুক্ত। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার প্রস্তাব রাখা হয়েছে।

 

রাজনৈতিক মতভেদ ও ভবিষ্যৎ

গণভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব থেকে। বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি দল কিছু সংস্কার প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত জানিয়েছিল। সরকার সিদ্ধান্ত নিয়েছে, জনগণের সরাসরি রায়ের মাধ্যমেই এর সমাধান হবে।

 

যদি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়, তবে নবনির্বাচিত সংসদের সদস্যরা ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কাজ করবেন এবং ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে বাধ্য থাকবেন। আর যদি ‘না’ জয়ী হয়, তবে এই সনদ বাস্তবায়নের কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: