নিজেকে মনে হচ্ছে শৃঙ্খলিত প্রমিথিউস

ছবিঃ সংগৃহীত
দেশি ব্র্যান্ডগুলো দেশ ছেড়ে চলে যাবে কিংবা শিল্প ধ্বংস হয়ে যাবে—এ ধরনের বক্তব্য অর্থহীন। মজুরি বৃদ্ধির সঙ্গে শিল্প ধ্বংসের কোনো সম্পর্ক নেই। দেশের গার্মেন্টস শিল্প যদি ধ্বংস হয়, তবে তা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূসের বাণিজ্য চুক্তির কারণে।
প্রচণ্ড ক্রুদ্ধতা বোধ করছি। দুঃখে-যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা, নিজেকে শান্ত রাখা অসম্ভব হয়ে পড়েছে। নিজেকে মনে হচ্ছে শৃঙ্খলিত প্রমিথিউস! সরকার কি নিরীহ গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করে হত্যা করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে খুব দৃঢ়ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছিলাম, শ্রমিকদের ওপর থেকে দ্রুত পুলিশ প্রত্যাহার করুন। শ্রমিকদের ওপর পুলিশের নির্মম নির্যাতন ও দমন-পীড়ন বন্ধ করুন। বলপ্রয়োগ করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাবেন না। শ্রমিকদের কষ্ট, যন্ত্রণা বোঝার চেষ্টা করুন।
সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদের দালাল এবং মৌলবাদী শক্তির সহযোগী বিএনপি সরকারের কাছে শ্রমজীবী মানুষের প্রতি মানবিক আচরণ আশা করা বৃথা—এ কথা কি জানা ছিল না? মার্ক্সের শ্রেণিসংক্রান্ত ধারণাটা সাফসাফ এবং টানটান আছে বলেই মনে করি। সে কারণেই ১৯৭৮ সাল থেকে টানা ৪৮ বছর রাজনীতিতে থেকে এবং ৩২ বছর সরাসরি শ্রমিকদের মধ্যে কাজ করেও দালাল বুর্জোয়া সরকার, শাসকশ্রেণি ও মালিকদের শত ষড়যন্ত্র মোকাবিলা করে বুক টান করে দাঁড়িয়ে থাকতে পেরেছি। শ্রমিকদের কথা বলতে চেয়েছিলাম। অথচ নিজের কথাই বলা হয়ে যাচ্ছে! বেশি যন্ত্রণার মধ্যে থাকলে হয়তো মানুষ এমনই করে।
ঠিকই জানতাম, তারেক রহমানের বিএনপি সরকারের কাছে শ্রমিকদের দাবির কথা বলে কিছুই হবে না। তবু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সেখানে গিয়েছি কৌশলগত কারণে। অনেকেই মনে করেন, এমনকি আমাদের অনেক বামপন্থী বন্ধুও মনে করেন, আমি সরকারের কাছে বা মালিকদের কাছে যেতে চাই না—এটা ঠিক নয়। ট্রেড ইউনিয়ন আন্দোলন করতে হলে নাকি তাদের কাছে যেতে হয়। যদিও ট্রেড ইউনিয়ন আন্দোলন সম্পর্কে এই বন্ধুদের সঙ্গে আমাদের বোঝাপড়া ও দৃষ্টিভঙ্গির যথেষ্ট পার্থক্য রয়েছে। সে বিষয়ে অন্য কোনো সময় বলা যাবে।
এক
শ্রমিকরা নেহাত পেটের দায়ে আন্দোলনে নেমেছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি—এতসব মূল্যবৃদ্ধির চাপে শ্রমিক ভাই-বোনদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ১২ হাজার ৫০০ টাকায় তাঁদের জীবন চলছে না। এর পাশাপাশি কারখানার ভেতরে আরও কত রকম যন্ত্রণা ও নিপীড়নের মধ্য দিয়ে তাঁদের যেতে হচ্ছে, তার খবর দেশের কতজন রাখেন? বছরের পর বছর মালিকপক্ষের ব্ল্যাকলিস্টিংয়ের শিকার হয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক। তাঁরা বেকার হয়ে আছেন। বিভিন্ন কারখানায় অনিয়মিত বেতন দেওয়া হচ্ছে। কোথাও দুই-তিন মাস পর্যন্ত শ্রমিকেরা মজুরি পাচ্ছেন না।
সরকারদলীয় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ মাহবুব শ্যামলের কারখানা ‘মেগা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেড’ ও মাছিহাতার কথা বলা যায়। শ্রমিকেরা জানিয়েছেন, এসব কারখানায় উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক তিন, চার কিংবা পাঁচ মাসের মজুরি পাননি। অন্যদিকে, নোয়াখালী-৩ আসনের সাবেক আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের মালিকানাধীন ইনজেনেটিক্স (বিডি) লিমিটেডের ৯৫ শতাংশ শ্রমিক এখনো মার্চ-এপ্রিল মাসের মজুরি পাননি। মোর্শেদ আলম একসময় আরটিভিরও মালিক ছিলেন।
দৃষ্টান্ত হিসেবে বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের মালিকানাধীন কারখানার পরিস্থিতি তুলে ধরলাম। আশুলিয়ার শ্রমিক নেতা পরিচয় দেওয়া শ্রমিকবিরোধী এক গুন্ডাকে এসব কারখানার মালিক মোটা অঙ্কের টাকা দিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়োজিত রেখেছেন বলেও শ্রমিকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ রকম পরিস্থিতি আরও অনেক কারখানায় চলছে।
দুই
২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের পর সারাদেশের কারখানাগুলোতে রীতিমতো তুঘলকি কাণ্ড চলছে। নির্দিষ্ট কোনো শ্রমঘণ্টা নেই। উৎপাদনের লক্ষ্যমাত্রা অনেক বেশি। মালিকদের বক্তব্য, শ্রমিকদের এত বেশি মজুরি দিতে হচ্ছে, তাই উৎপাদন বেশি না হলে কারখানা চলবে কীভাবে! এই অতিরিক্ত উৎপাদনের চাপ সামলাতে গিয়ে মধ্যরাত পর্যন্ত কাজ করতে হয় শ্রমিকদের। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কথা জানিয়ে রাত ১০টা বা ১১টায় ছুটি চাইলেও অনেক সময় ছুটি দেওয়া হয় না। এমনকি কোনো কোনো শ্রমিক ওই রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। অনেকে আত্মহত্যা করেন। এগুলো নিছক আত্মহত্যা, নাকি কাঠামোগত হত্যা—সেই প্রশ্নও সামনে আসা জরুরি। কারখানার ভেতরে চলমান নিপীড়নের মাত্র তিনটি দিক তুলে ধরলাম। সব বলতে গেলে আর কিছু লেখা হবে না।
এই জীবন কি আদৌ যাপনযোগ্য?
এমন নিঃশেষিত জীবন যাপন করতে বাধ্য হয়ে শ্রমিকদের মধ্যে যে গভীর হতাশা, দুঃখ, ক্ষোভ এবং নিজের জীবনের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, সেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে চলমান আন্দোলনকে দেখা সম্ভব নয়। তাই পুলিশ দিয়ে দমন, নির্যাতন, গুলিবর্ষণ কিংবা কুপিয়ে হত্যা করে শ্রমিকদের আন্দোলনের ন্যায্যতা শেষ করে দেওয়া যাবে না। তাঁদের দাবিকে অস্বীকার করা যাবে না।
তিন
যুদ্ধাপরাধী জামায়াত বলতে চায় তারা মজলুমের জন্য, মজলুমের পক্ষে কাজ করছে! অথচ দেখা গেল, এই শ্রমিক আন্দোলন কঠোরভাবে দমন করার জন্য জামায়াতের আমির শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এর মধ্যে ধর্ম, মানবিকতা কিংবা মজলুম জনতার রাজনীতির কোনো বালাই নেই।
বিএনপি ও জামায়াত কিংবা বিএনপি জোট ও ১১ দল—এরা উভয়েই শাসকশ্রেণির রাজনীতির অংশ। সাম্রাজ্যবাদের দালাল। ভারতেরও দালাল। ভারতবিরোধিতা জামায়াতের আদর্শ নয়; এটি তাদের রাজনীতির একটি কৌশল, ক্ষমতার রাজনীতি।
আমাদের শ্রমিক বন্ধুরা এসব বোঝেন কি না, বুঝতে চান কি না, তা শ্রমিকশ্রেণির মুক্তির আদর্শ ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। মজুরি বৃদ্ধির আন্দোলনের পাশাপাশি শ্রমিকদের এসব রাজনৈতিক বাস্তবতাও বুঝতে হবে।
চার
সাংবাদিক থেকে শুরু করে অনেকেই একটি অদ্ভুত প্রশ্ন করছেন—১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে, তাহলে এখনো শ্রমিকেরা রাজপথে কেন? ব্যাপারটা এমন, যেন মজুরি বোর্ডের ঘোষণা ধুয়ে পানি খেলেই শ্রমিকের পেট ভরে যাবে!
মজুরি বোর্ড ঘোষণার পর থেকেই মালিকপক্ষ বলতে শুরু করেছে, মজুরি বাড়ানোর সক্ষমতা তাদের নেই। গত ৩২ বছর ধরে দেখে আসছি, যখনই শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রশ্ন আসে এবং শ্রমিক আন্দোলন গড়ে ওঠে, তখনই মালিকপক্ষ একই কথা বলতে শুরু করে—মজুরি বাড়ানোর সক্ষমতা তাদের নেই। এরপর তারা আরও দুটি কথা যুক্ত করে সাধারণত। প্রথমত, এসব কোনো আন্দোলন নয়; এটি শিল্প ধ্বংসের চক্রান্ত। দ্বিতীয়ত, মজুরি বাড়ালে বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশ ছেড়ে চলে যাবে।
একটি কথা পরিষ্কার করে বলতে চাই, বিদেশি ব্র্যান্ডগুলো দেশ ছেড়ে চলে যাবে কিংবা শিল্প ধ্বংস হয়ে যাবে—এ ধরনের বক্তব্য অর্থহীন। মজুরি বৃদ্ধির সঙ্গে শিল্প ধ্বংসের কোনো সম্পর্ক নেই। দেশের গার্মেন্টস শিল্প যদি ধ্বংস হয়, তবে তা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূসের বাণিজ্য চুক্তির কারণে। অন্য কোনো কারণে নয়।
পাঁচ
মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলনরত শ্রমিক ভাই-বোনেরা মাঠ ছাড়তে পারছেন না। কারণ, মালিকদের মজুরি বাড়ানোর সক্ষমতা নেই—এমন বক্তব্যে তাঁরা আস্থাহীনতায় ভুগছেন। তাঁদের আশঙ্কা, মালিকপক্ষ শেষ পর্যন্ত মজুরি বাড়াবে না। এ বিষয়ে তাঁদের অতীত অভিজ্ঞতাও রয়েছে। পাশাপাশি অনেক শ্রমিক ও শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও বিএনপির বিভিন্ন বাহিনী আন্দোলনকারীদের ওপর নিপীড়ন চালাচ্ছে, গুলি ছুড়ছে। শ্রমিক হত্যার খবর তাঁরা শুনছেন। সব মিলিয়ে শ্রমিকেরা এক চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সরকার কিংবা মালিকপক্ষ—কারও ওপরই তাঁদের আস্থা নেই। তাই তাঁদের জোর করে, নির্যাতন করে কোনোভাবেই আন্দোলনের মাঠ থেকে সরানো যাচ্ছে না। তাঁরা কী নিয়ে ঘরে ফিরবেন? জয়ের কোনো নিশ্চয়তা তাঁদের সামনে নেই। আন্দোলনের কর্মী-সংগঠকেরা জানেন, আন্দোলনে ‘সেন্স অব ভিক্টরি’ বা জয়ের অনুভূতি কতটা গুরুত্বপূর্ণ। শ্রমিকদের আন্দোলন থেকে ফেরাতে হলে তাঁদের সামনে জয়ের একটি বাস্তব সম্ভাবনা তৈরি করতে হবে।
দেশের গার্মেন্টস শ্রমিকেরা কোনোভাবেই সহিংস নন। তাঁদের শান্তিপূর্ণ মজুরি বৃদ্ধির আন্দোলনকে সরকারই নিপীড়ন চালিয়ে সহিংস করে তুলেছে। এর দায় সরকারেরই।
আমরা আশা করব, মজুরি বোর্ড শ্রমিকদের ৩০ হাজার টাকার মজুরির দাবি কার্যকর করার ঘোষণা দিবে। মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও মালিক প্রতিনিধিদের স্পষ্টভাবে এই ঘোষণা দিতে হবে। লাঠি, গুলি ও টিয়ারশেল ছেড়ে আলোচনার এই পথে আসুন। শ্রমিকদের ন্যায্য দাবিকে স্বীকৃতি দিন। তাঁদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। এটাই সংকট সমাধানের একমাত্র পথ।
লেখকঃ রাজনীতিবীদ ও শ্রমিক নেত্রী
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



