শ্রমিকের মজুরি বাড়লে কার পকেট কাটে?

নূজিয়া হাসিন রাশা
নূজিয়া হাসিন রাশা
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১:০৩পরিবর্তন করতে ক্লিক করুন
শ্রমিকের মজুরি বাড়লে কার পকেট কাটে?

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

আমাদের এই শিক্ষিত ভদ্দরলোকদের যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এত অহংকার, সেটা আসলে কোনো নিশ্চিত ভবিষ্যৎ দিতে পারছে না। বেতন, চাকরি আর শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক মর্যাদা নিয়ে তাঁরা যে প্রকার সংকটে পড়েছেন; সেটা থেকে উত্তরণের জন্যই নিজেরা শ্রমিক থেকে যে শ্রেয়, সেটা তাঁদের নিজের কাছে প্রমাণ করাটা খুব জরুরি হয়ে পড়ে। তাই হয়তো অর্থনীতির চাকা চালানো শ্রমিকদের কাজ তাঁদের কাছে তুচ্ছ।

২৭ বছর বয়সী সুমি আক্তার নীলফামারী থেকে ঢাকায় এসেছিলেন জীবিকার সন্ধানে। যুক্ত হয়েছিলেন ডেকো গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেড কারখানায়। সুইং অপারেটর হিসেবে কাজ করতে করতে তাঁর জীবনটা কেটে যাচ্ছিল সুইং মেশিনের সামনেই। সুমিকে তাঁর জীবনের প্রায় পুরোটাই বিক্রি করে দিতে হয়েছিল ডেকো গ্রুপের মালিকের কাছে, ভীষণ সস্তায়। তাঁর মজুরি ছিল মাসে মাত্র ১২ হাজার ৫০০ টাকা। অসুস্থতার কারণে ছুটির আবেদন করেও ছুটি পাননি সুমি। শেষ পর্যন্ত সুইং মেশিন চালাতে চালাতে সুইং মেশিনের ওপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমি আক্তার। অবশ্য সুমি আক্তারের মৃত্যুতে সুইং মেশিনটির কিছু যায় আসেনি; ডলার উৎপাদনের প্রক্রিয়া চলমান আছে আর সেই সঙ্গে চলমান আছে ডলারের দামে কেনা মালিকপক্ষের ভোগবিলাস।

ডেকো লিগ্যাসি গ্রুপের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহদাত হোসেন কিরণ। ২০২২ সালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি একজন প্রকৃতিপ্রেমী। কাজের প্রয়োজনে যখনই তাঁকে ভ্রমণ করতে হয়, তিনি একাই যান। তবে ছুটিতে গেলে তাঁর স্ত্রী তাঁর সঙ্গেই থাকেন। তাঁর স্ত্রীরও প্রকৃতির প্রতি একই রকম ভালোবাসা রয়েছে। প্রায়ই ছবি তোলার মতো বিষয়বস্তু খুঁজে পেতে তাঁকে সাহায্য করেন তাঁর স্ত্রী। সামুদ্রিক তিমি দেখার জন্য যেবার তিনি ভ্রমণে গিয়েছিলেন, তখনো স্ত্রী তাঁর সঙ্গেই ছিলেন। বাংলাদেশের বাইরে তিনি যত ছবি তুলেছেন, প্রতিবারই তাঁর স্ত্রীও তাঁর সঙ্গেই ছিলেন।

সাক্ষাৎকারে প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসা, স্ত্রী ও পরিবারের সঙ্গে সময় কাটানো, সন্তানদের যত্ন, আলোকচিত্রের প্রতি আগ্রহ—এসবের কথা উঠে এসেছিল। দেশের বাইরে ঘুরে বেড়ানো, প্রকৃতিকে উপভোগ করা, আলোকচিত্রের প্রদর্শনী করা কিংবা স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ তাঁর রয়েছে। তাঁর জীবনের সেই সব ভোগবিলাসের মধুর জোগান এসেছে কিন্তু তাঁর লাভজনক পোশাকশিল্পের কারখানা থেকেই। অথচ সেই একই কারখানাতেই প্রতিনিয়ত সুমিদের জীবন শেষ হয়ে যাচ্ছে। সুমি অসুস্থ ছিলেন। একবার নিজের ছোট ছেলেটার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ছুটি চেয়েছিলেন। ছুটি না পেয়ে লাঞ্চের বিরতিতে ছেলের সঙ্গে দেখা করে আবার কাজে ফিরতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত সেই কারখানাতেই তাঁকে শেষনিশ্বাস ত্যাগ করতে হলো।

একই দিনে গাজীপুরের অন্য একটি কারখানাতেও আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু সুমিদের মৃত্যুর মধ্য দিয়ে যে প্রশ্নগুলো সামনে আসার কথা, সেগুলো আমাদের গণমাধ্যম ও সমাজে কতটা জায়গা পাচ্ছে?

যে শ্রেণির মানুষের শ্রমে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই শ্রেণির মানুষের একটি ব্যাপক আন্দোলন বর্তমানে চলমান। বড় বড় গণমাধ্যমে এই আন্দোলনকে একধরনের ব্ল্যাকআউটের মধ্য দিয়ে অদৃশ্য করে রাখার চেষ্টা চলছে। আর যারা আন্দোলনকে পুরোপুরি আড়াল করছে না, তাদের অনেকেই শ্রমিকদের ন্যায্য দাবিকে ষড়যন্ত্র, আন্দোলনকে বিশৃঙ্খলা এবং আন্দোলনকারীদের দোসর বা উসকানিদাতা হিসেবে চিহ্নিত করছে।

শ্রমিকদের দাবি খুবই ন্যায্য। তাঁরা মাসে ৩০ হাজার টাকা মজুরি চান। যেসব শ্রমিক আজ রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। এই সামান্য মজুরিটুকুও তাঁরা পান দীর্ঘ কর্মঘণ্টা এবং অতিরিক্ত শ্রমের বিনিময়ে। তবু আমাদের শিক্ষিত ভদ্রলোকদের একটি অংশের কাছে শ্রমিকদের এই দাবি একধরনের অহেতুক আবদার বলে মনে হচ্ছে।

দ্য ডেইলি স্টারের একটি ভিডিওর নিচে একজন তরুণ মন্তব্য করেছেন, তিনি এনএসইউ থেকে গ্র্যাজুয়েশন করে ১২ হাজার ৫০০ টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন। অর্থাৎ তাঁর বক্তব্যের সারকথা, তিনি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেও যখন ১২ হাজার ৫০০ টাকা দিয়ে চাকরি শুরু করেছেন, তখন এই ‘অশিক্ষিত ছোটলোকের বাচ্চাগুলো’ কীভাবে ৩০ হাজার টাকা মজুরি দাবি করে!

১২ হাজার ৫০০ টাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা একজনের চাকরি শুরু হতে পারে। কিন্তু কারখানার একজন শ্রমিকের কাছে এই ১২ হাজার ৫০০ টাকার অর্থ কী, সেটা তিনি জানেন না। কিন্তু তাঁর বেতন বৃদ্ধির সঙ্গে যে গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধির কোনো সংঘর্ষ নেই, তাঁর জীবনে স্বচ্ছলতা আসার সঙ্গে যে গার্মেন্টস শ্রমিকের খেয়ে-পরে বাঁচার কোনো সংঘাত নেই, একথা তাঁকে তাঁর গ্র্যাজুয়েশন শেখায়নি। একজন শ্রমিককে প্রতিদিন যে শারীরিক পরিশ্রম করতে হয়, তার তুলনায় তাঁর নিজের কাজের চাপ কতটা, সেই হিসাবও হয়তো তিনি কখনো করেননি। একজন গার্মেন্টস শ্রমিকের মজুরি কত হবে, তা অন্য কারও তুলনায় তাঁর কয়টা সার্টিফিকেট কম আছে, সেই হিসাবে বিচার হতে পারে না। মজুরির ন্যায্যতা বুঝতে হলে দেখতে হবে শ্রমিক আসলে কতটা মূল্য সৃষ্টি করছেন। যে সুতা, কাপড় আর বোতামের দাম ছিল সামান্য, শ্রমিকের শ্রমে তা পরিণত হয় এমন পোশাকে, যা আমেরিকার বাজারে বিক্রি হয় বহুগুণ দামে। কাঁচামালের দাম আর বিক্রয়মূল্যের মাঝখানের এই বিপুল ব্যবধান তৈরি হয় মূলত শ্রমিকের শ্রমে; অথচ তার অতি সামান্য অংশই মজুরি হয়ে শ্রমিকের হাতে ফেরে, বাকিটা মুনাফা হয়ে জমা হয় কারখানার মালিক, বায়ার আর ব্র্যান্ড মালিকের ঘরে। এই সহজ হিসাবটুকু বোঝার মতো শিক্ষাও যে এসব বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী পাননি, তা আমাদের শিক্ষাব্যবস্থার দৈন্য ছাড়া আর কিছু নয়।

এই যেমন, হাসান তারেক নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গ্র্যাজুয়েট শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরি দাবি শুনে এক ফেসবুক পোস্টে বলেন, ‘ফ্রেশ গ্র্যাজুয়েটের বেতন কত জানে ওরা?’ শাবিপ্রবির এই গ্র্যাজুয়েট জানেন না যে ওই গরিব অশিক্ষিত গার্মেন্টস শ্রমিকের রক্ত পানি করা টাকা দিয়েই তিনি গ্র্যাজুয়েট হয়েছেন। যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার জন্য তাঁর এত অহংকার, সেই বিশ্ববিদ্যালয়ও চলে ওই গরিব গার্মেন্টস শ্রমিকেরই টাকায়।

এই গ্র্যাজুয়েটরা এটাও জানেন না যে, শ্রমিকদের বেতন চাইলেই বাড়ে না। শ্রমিকেরা ন্যায্য দাবি তুললেও তাঁদের ছাঁটাই করা হতে পারে, কালো তালিকাভুক্ত করা হতে পারে। তাঁদের চাকরির নিরাপত্তা নেই, বেতন বাড়ানোর নিশ্চয়তা নেই।

আসলে আমাদের এই শিক্ষিত ভদ্দরলোকদের যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এত অহংকার, সেটা আসলে কোনো নিশ্চিত ভবিষ্যৎ দিতে পারছে না। বেতন, চাকরি আর শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক মর্যাদা নিয়ে তাঁরা যে প্রকার পরিচয় সংকটে পড়েছেন; সেটা থেকে উত্তরণের জন্যই নিজেরা শ্রমিক থেকে যে শ্রেয়, সেটা তাঁদের নিজের কাছে প্রমাণ করাটা খুব জরুরি হয়ে পড়ে। তাই হয়তো অর্থনীতির চাকা চালানো শ্রমিকদের কাজ তাঁদের কাছে তুচ্ছ।

শ্রমিকের পরিবারের সদস্যসংখ্যা বাড়ে, সন্তানের বয়স বাড়ে, চিকিৎসা ও শিক্ষার খরচ বাড়ে; কিন্তু তাঁর মজুরি সেই অনুপাতে বাড়ে না। সেটা ঘটলে সুমিদের জীবন সুইং মেশিনের সামনে এভাবে ফুরিয়ে যেত না।

আরেকটি অদ্ভুত অভিজ্ঞতার কথা বলি। কিছুদিন আগেই গবেষণার কাজে তথ্য সংগ্রহ করতে মিরপুর ও গাজীপুরের কারখানা শ্রমিকদের কাছে গিয়েছিলাম। কর্মজীবী মায়েদের সংগ্রাম নিয়ে বেশ মোটা অঙ্কের অর্থ ব্যয় করে গবেষণা হচ্ছে। তথ্য সংগ্রহ করতে গিয়ে শ্রমিকদের কাছ থেকে একটি কথা শুনতে হয়েছিল, ‘আপনারা গবেষণা করেন, আমাদের কাছ থেকে উত্তর নিয়ে যান, আপনারা আয়-রোজগার করেন। আমাদের তো কোনো লাভ হয় না।’

সত্যি বলতে, কথাটা একেবারে মিথ্যা নয়। একাডেমিয়ায় আরএমজি খাত নিয়ে যত গবেষণা হচ্ছে, সেই গবেষণা কি এনএসইউর মিডল ক্লাস, আপার মিডল ক্লাস শিক্ষার্থীদের মধ্যে শ্রমিকদের প্রতি কোনো সহমর্মিতা বা সংহতি তৈরি করতে পারছে? নাকি এই সংহতি আরও ভেঙে পড়ছে? গবেষণার বিষয়বস্তু হিসেবে শ্রমিকদের জীবন, তাঁদের দুঃখ-দুর্দশা, কর্মপরিবেশ ও শোষণের বিবরণ উঠে আসছে; কিন্তু সেই গবেষণার সুফল শ্রমিকদের জীবনে কতটুকু পৌঁছাচ্ছে?

রাষ্ট্র তার মেকানিজমে একজন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করা শিক্ষার্থীকে বারবার কিন্তু এটাই বোঝাতে চাচ্ছে যে, শ্রমিকের সন্তানকে যেকোনোভাবে শ্রমিক হতে হবে, সে যেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া না হয়ে যায়। আর সেই ব্যবস্থাকেই সুসংহত করার দায়িত্ব ঘাড়ে নিচ্ছেন আমাদের গ্র্যাজুয়েটরা। আমাদের আমলারা। আমাদের আগামীর নেতৃত্বরা।

রাষ্ট্র ও অর্থনীতির কাঠামো যখন শ্রমিকদের দাবির মুখোমুখি হয়, তখন এই কাঠামোর প্রত্যেকটি মেকানিজম এমনভাবে কাজ করে, যাতে অন্য শ্রেণির মানুষের সঙ্গে শ্রমিকদের বিরোধ তৈরি হয়। মধ্যবিত্তকে বোঝানো হয়, শ্রমিকদের বেতন বাড়লে সেই টাকা আসবে আপনার পকেট কেটে। শ্রমিকদের মজুরি বাড়লে আপনি ছোট হয়ে যাবেন। আপনার জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।

এই শহরের মধ্যবিত্তরা তখন বলতে শুরু করেন, ছোটলোকেরা কেন রাস্তা দখল করে রেখেছে? কেন তারা ৩০ হাজার টাকা মজুরি চায়? অথচ তাঁর নিজের অবস্থাও খুব একটা ভালো নয়। তাঁরাও যে খুব একটা বড়লোক, তা নয়; তাঁদের অবস্থাও ছোটলোকের খুব বেশি দূরে নয়। এত টাকা খরচ করে এনএসইউতে গ্র্যাজুয়েশন করেও হয়তো তাঁকে তেলের দাম দেখে হাঁসফাঁস করতে হয়। মধ্যবিত্তের এই মানসিকতার একটা সংকট আছে। একদিকে নিজের গায়ে ময়লা লাগাতে চান না, অন্যদিকে তেলের দাম বৃদ্ধির চাপও নিতে পারেন না। ফলে শ্রমিকদের আন্দোলন দেখলে তাঁদের গা গুলিয়ে ওঠে।

আবার মধ্যবিত্তের আরেকটি অংশ আছেন, যাঁরা শ্রমিকদের দাবির প্রতি নৈতিক সমর্থন রাখেন। তাঁরা মনে করেন, শ্রমিকেরা গরিব মানুষ, তাঁদের বেতন বাড়ানো দরকার। কিন্তু একই সঙ্গে তাঁদের মধ্যে একধরনের দোদুল্যমান মানবিকতা কাজ করে। বেতন বাড়ার দরকার আছে, কিন্তু এভাবে সহিংসতা করে নয়।


আন্দোলন ঠিক আছে, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে না? আমাদের অর্থনীতি তো এত ভালো অবস্থায় নেই! এই দ্বিধার জায়গাটিই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার প্রশ্নে মধ্যবিত্তের একাংশের সমর্থন থাকলেও সেই সমর্থন প্রায়ই শর্তসাপেক্ষ। তাঁরা শ্রমিকের দুর্দশার প্রতি সহানুভূতিশীল, কিন্তু শ্রমিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতি পুরোপুরি সংহত নন। বাজারের ব্যাগের ভার বহন করতে করতে বাড়ি ফেরার পথে তাঁরা হয়তো নিজেদের জীবনযাত্রার ব্যয় নিয়ে চিন্তিত হন, কিন্তু সেই ব্যয়ের সঙ্গে শ্রমিকের মজুরির সম্পর্কটি বুঝতে চান না।

কিন্তু আসলেই কি মধ্যবিত্তের পকেট কেটে শ্রমিকদের মজুরি দিতে হবে?

আমরা বামপন্থী রাজনীতির মানুষের মুখে প্রায়ই শুনি, বাংলাদেশে সরকার মূলত মালিকপক্ষের সরকার। প্রশ্ন হচ্ছে, কেন আমরা সরকারকে মালিকপক্ষের সরকার বলি? বাংলাদেশের গার্মেন্টস কারখানার মালিকেরা বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সামনে বারবার দাবি করেন, তাঁরা অনেক ঝুঁকি নিয়ে বাংলাদেশে ব্যবসা করছেন, ২৫ থেকে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। তাঁদের বক্তব্য শুনলে মনে হয়, দেশের অর্থনীতির জন্য তাঁরা যেন একেকজন মহাপুরুষ। কিন্তু হিসাবের খাতা খুললে দেখা যায়, এই শিল্পের পেছনে রাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ ভর্তুকি কতটা। অর্থাৎ মালিকেরা একদিকে শ্রমিকদের সস্তা শ্রমের সুবিধা নিচ্ছেন, অন্যদিকে রাষ্ট্রীয় নীতি ও আর্থিক সুবিধার মাধ্যমে নিজেদের ব্যবসার খরচও কমিয়ে রাখছেন।

কারখানার কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কসুবিধা, রপ্তানিমুখী শিল্পের জন্য বিভিন্ন প্রণোদনা, বিদ্যুৎ ও গ্যাসের সুবিধা, নগদ সহায়তা এবং করছাড়—সব মিলিয়ে গার্মেন্টসশিল্পের মালিকদের জন্য রাষ্ট্রের সহায়তার অভাব নেই। সাধারণ কোম্পানির তুলনায় এই খাতের করপোরেট করের হারও অনেক কম। প্রচলিত কর কাঠামোয় গার্মেন্টস খাতের করহার ১২ শতাংশ এবং গ্রিন ফ্যাক্টরির ক্ষেত্রে ১০ শতাংশের মতো সুবিধা রয়েছে। অর্থাৎ রাষ্ট্র শুধু তাঁদের ব্যবসা করার সুযোগই করে দিচ্ছে না, মুনাফার ওপর করের বোঝাও তুলনামূলকভাবে কমিয়ে দিচ্ছে।

প্রশ্ন হচ্ছে, এতসব সুবিধার বিনিময়ে রাষ্ট্রের কাছে মালিকদের দায়বদ্ধতা কোথায়? রাষ্ট্রীয় নীতির মাধ্যমে যাঁদের ব্যবসার খরচ কমানো হচ্ছে, তাঁদের কাছ থেকে শ্রমিকের জীবনযাত্রার উপযোগী মজুরি নিশ্চিত করার দাবি কি রাষ্ট্র তুলছে? শ্রমিকের নিরাপত্তা, চিকিৎসা, ছুটি, কর্মঘণ্টা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে মালিকদের বাধ্য করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কোথায়?

মালিকদের জন্য প্রণোদনার শেষ নেই। বিনিময়ে তাঁদের শুধু ২৫-৩০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করলেই হবে—এমন একটা ধারণা প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু সেই কর্মসংস্থান কেমন? যে কর্মসংস্থানে একজন শ্রমিক অসুস্থ হয়েও ছুটি পান না, যে কর্মসংস্থানে একজন নারী শ্রমিককে নিজের সন্তানের সঙ্গে দেখা করার জন্য লাঞ্চের বিরতির ওপর নির্ভর করতে হয়, যে কর্মসংস্থানে একজন শ্রমিককে সুইং মেশিনের সামনে বসে নিজের জীবনটাই শেষ করে দিতে হয়, সেই কর্মসংস্থানকে আমরা কতটা উন্নয়ন বলতে পারি?

ঢাকা শহরে তিন থেকে চার সদস্যের একটি পরিবারের ন্যূনতম জীবনযাপনের জন্য এখন প্রায় ২৬ হাজার টাকা প্রয়োজন। অথচ আমাদের গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। একদিকে বড় বড় কোম্পানির মালিকেরা পরিবার-পরিজন নিয়ে বিদেশে ঘুরতে পারেন, প্রকৃতি উপভোগ করতে পারেন, আলোকচিত্রের প্রদর্শনী করতে পারেন। অন্যদিকে তাঁদের কারখানার অধিকাংশ শ্রমিক নিজেদের সন্তানদের বাড়িতে রেখে জীবিকার সন্ধানে শহরে আসেন। অর্থনৈতিক অসচ্ছলতা তাঁদের ঋণগ্রস্ত করে, তাঁদের পরিবারকে ভেঙে দেয়। মানসিক অশান্তি, সামাজিক অপমান ও অনিশ্চয়তা তাঁদের জীবনকে মৃত্যুমুখী করে তোলে। যাঁরা হয়তো সুইং মেশিনের সামনে কাজের চাপে মারা যাচ্ছেন না, তাঁদের কেউ কেউ বাসায় ফিরে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন।

এবার অর্থনীতির প্রশ্নে আসা যাক। শ্রমিকের মজুরি বাড়লে কি দেশের অর্থনীতি সংকটে পড়বে? নাকি এই যুক্তির আড়ালে মালিকদের মুনাফা অক্ষুণ্ণ রাখার চেষ্টা চলছে? মজুরি বৃদ্ধি মানেই অর্থনীতির ওপর অতিরিক্ত বোঝা নয়। বরং শ্রমিকের হাতে টাকা পৌঁছানো মানে অর্থনীতির ভেতরে কার্যকর চাহিদা তৈরি হওয়া। একজন শ্রমিকের আয় বাড়লে তিনি সন্তানের স্কুলের বেতন দেবেন, মুদির দোকানের বিল পরিশোধ করবেন, বাড়িভাড়া দেবেন, চিকিৎসা করাবেন, পরিবারের জন্য প্রয়োজনীয় পণ্য কিনবেন। তাঁর ব্যয় অন্য কারও আয় হয়ে উঠবে। মুদি দোকানদার সেই টাকা দিয়ে পাইকারের কাছ থেকে পণ্য কিনবেন, বাড়িওয়ালা সেই টাকা বাজারে খরচ করবেন, পরিবহন ও সেবাখাতের মানুষের আয় বাড়বে। অর্থাৎ শ্রমিকের হাতে বাড়তি টাকা গেলে তা অর্থনীতির ভেতরেই ঘুরবে। অপরদিকে, মালিকের মুনাফা বেশি হলে সেই টাকা খরচ হবে দেশে-বিদেশের ফাইভ-স্টার হোটেলে আর পশ্চিমের বড় বড় বিপণিবিতানে। অন্যদিকে শ্রমিকের বেতন বাড়লে সেই টাকা যাবে ছোট চাষি, মুদি দোকানি আর নিম্ন আয়ের মানুষদেরই কাছে। মুনাফার একটি অংশ যদি বিদেশে সম্পদ গড়া, অর্থ পাচার কিংবা দেশের বাইরে বিনিয়োগে ব্যয় হয়, তাহলে সেই অর্থ দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে একইভাবে চাহিদা তৈরি করে না। ফলে একদিকে শ্রমিকের ক্রয়ক্ষমতা সংকুচিত হয়, অন্যদিকে উৎপাদিত পণ্য কেনার মতো অভ্যন্তরীণ বাজারও দুর্বল থাকে।

এখানে মূল দ্বন্দ্বটি অর্থনীতির সক্ষমতা বনাম শ্রমিকের মজুরি নয়, বরং উৎপাদিত সম্পদের বণ্টন ও বিদেশে সম্পদ পাচার নিয়ে। যে শ্রমিকের শ্রমে রপ্তানি আয় আসছে, যে শ্রমিকের শ্রমে মালিকের মুনাফা বাড়ছে, সেই শ্রমিকই কেন নিজের পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় বহন করতে পারবেন না? রাষ্ট্রীয় প্রণোদনা, করছাড় ও অন্যান্য সুবিধা ভোগ করার পরও মালিকপক্ষ কেন শ্রমিকের ন্যায্য মজুরি দিতে অক্ষমতার যুক্তি দেখাবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত যখন খেলাপি ঋণ ও আর্থিক অনিয়মে বিপর্যস্ত, বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী যখন রাষ্ট্রীয় ক্ষমতা ও নীতিনির্ধারণের ওপর প্রভাব বিস্তার করে, তখন শ্রমিকের মজুরি বাড়ানোর প্রশ্নে অর্থনীতির সংকটের দোহাই দেওয়া হয়। অথচ সম্পদ ও মুনাফার কেন্দ্রীভবন, পুঁজি পাচার এবং রাষ্ট্রীয় সুবিধার অসম বণ্টন নিয়ে একই তীব্রতায় প্রশ্ন তোলা হয় না। মালিকের মুনাফা বাড়ানোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়, কিন্তু শ্রমিকের মজুরি বাড়ানোর দাবিকে বলা হয় অর্থনীতির ওপর চাপ।

এটাই আসলে শ্রেণিগত রাজনীতির জায়গা। শ্রমিকের মজুরি বাড়লে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে—এই ধারণা প্রতিষ্ঠা করা হয়, যাতে শ্রমিক ও মধ্যবিত্ত একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠে। অথচ শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, আর শ্রমিকের শ্রম থেকে মুনাফা অর্জনকারী মালিকের সেই মজুরি দেওয়ার দায় রয়েছে। শ্রমিকের পকেট থেকে মধ্যবিত্তের পকেটে কিংবা মধ্যবিত্তের পকেট থেকে শ্রমিকের পকেটে টাকা স্থানান্তরের প্রশ্ন এটি নয়। প্রশ্ন হচ্ছে, দেশের উৎপাদিত সম্পদের কতটুকু শ্রমিকের কাছে পৌঁছাচ্ছে এবং কতটুকু মালিকের মুনাফা হিসেবে কেন্দ্রীভূত হচ্ছে।

আমাদের শ্রমিকেরা এই দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ। অথচ তাঁদের জীবনকে কারখানার একটি মেশিনে রূপান্তর করা হয়েছে। তাঁদের শ্রমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে, তাঁদের শ্রমে মালিকের সম্পদ বাড়ে, তাঁদের শ্রমে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হয়। কিন্তু সেই অর্থনীতিতে তাঁদের নিজেদের জীবনের নিরাপত্তা নেই, অসুস্থ হলে ছুটি নেই, সন্তানের সঙ্গে সময় কাটানোর নিশ্চয়তা নেই, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করার বাইরে কোনো জীবনও নেই।

মালিকেরা বিদেশে গিয়ে প্রকৃতির ছবি তোলেন। আর সুমিরা সুইং মেশিনের সামনে বসে জীবন কাটিয়ে দেন। একজনের কাছে প্রকৃতি উপভোগ করার স্বাধীনতা আছে, অন্যজনের কাছে অসুস্থ শরীর নিয়ে কাজ থেকে ছুটি চাওয়ার অধিকারটুকুও নেই। এই বৈপরীত্যই বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়নের সবচেয়ে নির্মম বাস্তবতা। যে অর্থনীতি সুমিদের শ্রমে দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতিতেই সুমিদের জীবনের কোনো মূল্য নেই।

____

*লেখক: নূজিয়া হাসিন রাশা
গবেষক ও সাংবাদিক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: