ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি প্রদানের দাবি জি-স্কপের

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৯:০৯পরিবর্তন করতে ক্লিক করুন
ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি প্রদানের দাবি জি-স্কপের

ছবি: সংগৃহীত

শেয়ার করুন:

সমাবেশ থেকে সরকারের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়ে নেতারা বলেন, অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে দ্রুত মজুরি ঘোষণা করতে হবে এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই তা শ্রমিকদের হাতে পৌঁছে দিতে হবে। কোনো অজুহাতে মজুরি কার্যকরে বিলম্ব করা চলবে না। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা দয়া নয়, অধিকার; আর এই অধিকার প্রতিষ্ঠায় জি-স্কপের আন্দোলন অব্যাহত থাকবে।

অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি পোশাক শ্রমিকদের হাতে নতুন মজুরি তুলে দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় গাজীপুরের মাওনা চৌরাস্তায় জি-স্কপ গাজীপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। মজুরি বোর্ড দ্রুত পুনর্গঠন ও নতুন মজুরি ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি-স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও শ্রমিকনেতা বাচ্চু মিয়া। জি-স্কপ গাজীপুর আঞ্চলিক কমিটির যুগ্ম সমন্বয়ক ফারহানা আলেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন আঞ্চলিক কমিটির আরেক যুগ্ম সমন্বয়ক শাজাহান সিরাজ।

সমাবেশে বক্তব্য দেন জি-স্কপের কেন্দ্রীয় নেতা এম. এ. সালাম ও আসাদুজ্জামান আসাদ। এ ছাড়া জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন হাওলাদার শ্রাবণ, মোর্শেদ আলম কাউছার, মো. শরিফ, মো. আজিজুল, মো. হানিফ ও মো. ফরহাদসহ জি-স্কপভুক্ত ১৭টি সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ও জীবনযাত্রার অন্যান্য ব্যয় বাড়ার কারণে গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে নিজেদের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। অথচ শ্রমিকদের শ্রম ও অবদানের ওপর দাঁড়িয়েই দেশের তৈরি পোশাকশিল্প ও রপ্তানি অর্থনীতি এগিয়ে চলেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, সরকারি জাতীয় বেতন স্কেল, জাতীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর জাতীয় ন্যূনতম মজুরির দাবি, দেশের দারিদ্র্য পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং এশিয়ার অন্যান্য পোশাক উৎপাদনকারী দেশের মজুরি কাঠামো বিবেচনায় নিয়ে তৈরি পোশাক শ্রমিকদের জন্য ন্যায্য, বৈষম্যহীন ও জীবনধারণযোগ্য মজুরি নির্ধারণ করতে হবে। কেবল শিল্পের মুনাফা বা রপ্তানি প্রতিযোগিতাকে বিবেচনায় না নিয়ে, শ্রমিক ও তাঁদের পরিবারের সম্মানজনক জীবনযাপনের অধিকারকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মজুরি বোর্ড পুনর্গঠন ও নতুন মজুরি ঘোষণার ক্ষেত্রে আর কোনো দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয় জানিয়ে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ থেকে সরকারের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়ে নেতারা বলেন, অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে দ্রুত মজুরি ঘোষণা করতে হবে এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই তা শ্রমিকদের হাতে পৌঁছে দিতে হবে। কোনো অজুহাতে মজুরি কার্যকরে বিলম্ব করা চলবে না। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা দয়া নয়, অধিকার; আর এই অধিকার প্রতিষ্ঠায় জি-স্কপের আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন: