পৈত্রিক ভিটার ধ্বংসস্তূপের ওপর ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালিত

ইরতিজা মুশতাক
ইরতিজা মুশতাক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৩:১৯পরিবর্তন করতে ক্লিক করুন
পৈত্রিক ভিটার ধ্বংসস্তূপের ওপর ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালিত

ছবিঃ ঢাকা পেপার্স

শেয়ার করুন:

রাজশাহীর মিঞাপাড়ায় ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির ধ্বংসস্তূপের ওপর পালিত হলো তাঁর ১০১তম জন্মবার্ষিকী। চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরদিন, ৬ আগস্ট, বাড়িটি ভেঙে ফেলা হয়েছিল।

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী এবারও পালিত হলো তাঁর পৈতৃক বাড়ির ধ্বংসস্তূপের ওপর। গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীর মিঞাপাড়ায় এ আয়োজন করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী। চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরদিন, ৬ আগস্ট, বাড়িটি ভেঙে ফেলা হয়েছিল।

অনুষ্ঠানে জাতীয় সংগীত ও গণসংগীত পরিবেশন করা হয়। এরপর প্রদীপ প্রজ্বালন ও ঋত্বিক ঘটককে নিয়ে আলোচনা হয়। শেষে প্রদর্শিত হয় তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’। আলোচনায় অংশ নেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া। আরও অংশ নেন রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. মো. ফারুকুর রহমান ফয়সাল ও চলচ্চিত্র নির্মাতা মুনতাসির আবির। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, চলচ্চিত্র নির্মাতা ও সিনেমাপ্রেমীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলার রামপুর মৌজার ১৭৮ নম্বর দাগে ৩৪ শতক জমির মালিক ছিলেন ঋত্বিক ঘটকের মা ইন্দুবালা দেবী। দেশভাগের আগ পর্যন্ত ঋত্বিক ঘটক এই বাড়িতেই থাকতেন। পড়াশোনা করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে। তাঁর ভাইঝি কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর শৈশবও কেটেছে এ বাড়িতে।

দেশভাগের পর পরিবারটি কলকাতায় চলে যায়। এরপর সম্পত্তিটি প্রথমে শত্রু সম্পত্তি এবং পরে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। ১৯৮৯ সালে এরশাদ সরকারের আমলে ওই ভিটার পুরো ৩৪ শতক জমি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেওয়া হয়। পরে সেখানে কলেজ ও হাসপাতাল গড়ে ওঠে। জমির উত্তর অংশে বহুতল ভবন তোলা হয়, তবে দক্ষিণ অংশে পুরোনো বসতবাড়ির কয়েকটি ঘর টিকে ছিল।

২০১৯ সালে সাইকেল গ্যারেজ বানাতে কলেজ কর্তৃপক্ষ বাড়ির একাংশ ভেঙে ফেলে। এর প্রতিবাদে রাজশাহীসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও চলচ্চিত্রকর্মীরা সরব হন। নাসির উদ্দীন ইউসুফ, তানভীর মোকাম্মেল ও মোরশেদুল ইসলামসহ ১২ জন চলচ্চিত্র নির্মাতা যৌথ বিবৃতি দেন। ১৩টি সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে বাড়িটি সংরক্ষণ ও সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানায়। কলেজের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান তখন বলেছিলেন, ভাঙা অংশটি জরাজীর্ণ ছিল এবং যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা ছিল। ২০২০ সালে জেলা প্রশাসন ভূমি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জমিটি ইজারামুক্ত করে ঋত্বিক ঘটকের নামে বরাদ্দের আবেদন জানায়। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

২০২৪ সালের ৬ আগস্ট রাতে বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হয়। খবর পেয়ে চলচ্চিত্রকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। অধ্যক্ষ আনিসুর রহমান দাবি করেন, বাড়ির একাংশে বঙ্গবন্ধু কর্নার থাকায় দুর্বৃত্তরা সেটি ভেঙেছে। তাঁর ভাষ্য, পরে শ্রমিক দিয়ে জায়গা পরিষ্কার করার সময় মাটির বাড়িটি পুরোপুরি ধসে পড়ে। তবে ঠিকাদার শামীম মিয়া গণমাধ্যমের কাছে স্বীকার করেন, কলেজ কর্তৃপক্ষই তাঁকে বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছিল। সাংস্কৃতিক কর্মীরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কর্তৃপক্ষ তা দেখাতে অস্বীকৃতি জানায়। পরে জানা যায়, হার্ডড্রাইভে ৬ আগস্ট দুপুর ১২টার পরের কোনো ফুটেজ সংরক্ষিত নেই। এরপর চলচ্চিত্রকর্মীদের দাবির মুখে প্রশাসন এ ঘটনার তদন্তের উদ্যোগ নেয় এবং ধ্বংসাবশেষ সরাতে নিষেধ করে। কিন্তু তদন্তের ফলাফল আজও প্রকাশ করা হয়নি।

উপরন্তু নিষেধ উপেক্ষা করে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আবারও ধ্বংসাবশেষ সরানোর উদ্যোগ নেওয়া হয়। ট্রাকচালকের বক্তব্য অনুযায়ী, ইটগুলো ট্রাকে তুলে খড়খড়ি এলাকায় একটি গর্ত ভরাটে ব্যবহার করা হচ্ছিল। তৎকালীন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার এ বিষয়ে গণমাধ্যমকে ব্যাখ্যা দেন। তাঁর ভাষ্য, জায়গাটি ওই অবস্থায় থাকলে পরিদর্শনে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারা নেতিবাচক ধারণা পেতে পারেন, তাই পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদ জানিয়ে কাজটি বন্ধ করেন। ১৮ ডিসেম্বর তাঁরা মানববন্ধন করে তিনটি দাবি জানান: জড়িতদের শাস্তি, সরিয়ে নেওয়া ইট ফিরিয়ে আনা এবং বাড়িটি সংরক্ষণ।

বাড়িটি রক্ষার আন্দোলনে ধারাবাহিকভাবে যুক্ত আছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, সেলুলয়েড ফিল্ম সোসাইটি, বরেন্দ্র ফিল্ম সোসাইটি, ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন ও কবিকুঞ্জ।

তবু বাড়িটি সংরক্ষণে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাংস্কৃতিক কর্মীরা জমিটি ইজারামুক্ত করে পৈতৃক নিবাসের অবশিষ্ট ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবি জানিয়েছেন। তাঁরা সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও চলচ্চিত্রচর্চার উপযোগী পরিবেশ গড়ে তোলার কথাও বলছেন। পাশাপাশি বাড়ি ভাঙা ও ইট সরানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তবে সেসব দাবির কোনোটিই পূরণ হয়নি।

এর মধ্যেই ওই ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের ওপরে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মদিন পালন করলেন রাজশাহীর চলচ্চিত্রপ্রেমী ঋত্বিকভক্তেরা।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: