এক ধাপ পেরোলেই জাতীয় গ্রীডে পারমাণবিক বিদ্যুৎ


সংগৃহীত
বাংলাদেশ এত বিস্তৃত প্রস্তুতি কিংবা সিংহভাগ সক্ষমতা অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই কেবল 'বিদ্যুৎ উৎপাদন'-এর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই মর্যাদাপূর্ণ ক্লাবে যোগ দিয়েছে। সম্ভবত এই কৌশলগত অবস্থানের কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জিত হয়েছে যে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে না।
নানা বাধা ও অনিশ্চয়তা পেরিয়ে বাংলাদেশ আজ এক নতুন ইতিহাসের সামনে। আর এক ধাপ পেরোলেই জাতীয় গ্রিডে যুক্ত হবে কার্বনমুক্ত পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি শুরু হয়েছে। অর্থাৎ কেন্দ্রটির বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরমাণু ভাঙার প্রক্রিয়া বা ‘ফিশন’ সফলভাবে শুরু করেছেন।
পারমাণবিক চুল্লিতে খুব নিয়ন্ত্রিত পরিবেশে ইউরেনিয়াম-২৩৫ পরমাণুকে নিউট্রন দিয়ে আঘাত করে ভাঙা হয়। এতে প্রচুর তাপ তৈরি হয়। সেই তাপে পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয়। এরপর বদ্ধ জায়গায় থাকা উচ্চচাপের এই বাষ্প প্রচণ্ড বেগে বিশাল টারবাইনের ওপর গিয়ে পড়ে। চুম্বক ক্ষেত্রের ভেতর টারবাইন ঘুরতে শুরু করলে পেঁচানো তামার তারে বিদ্যুৎ তৈরি হয়।
গত ২৯ অক্টোবর কেন্দ্রটিতে পরমাণু ভেঙে তাপ তৈরি শুরু হয়েছে। এই ধাপে লক্ষ্যমাত্রার ২৫ থেকে ৩০ শতাংশ তাপ তৈরি করা হবে। আগামী ছয় থেকে সাত সপ্তাহ ধরে এই কাজ ও নানা পরীক্ষা চলবে। সব ঠিক থাকলে শিঘ্রই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। শুরুতে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য রয়েছে। এটি সফল হলে পুরোদমে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
১,২০০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিট থেকে সর্বোচ্চ ১,০৮০ মেগাওয়াট নিট বিদ্যুৎ পাওয়া যাবে।
সাম্প্রতিক বিভিন্ন খবর ও লেখা থেকে জানা যায়, ২০২৭ সালের জুন-জুলাইয়ের মধ্যে দেশের গ্রিডে সবচেয়ে বেশি ক্ষমতার কার্বনমুক্ত বিদ্যুৎ যোগ হবে। এতদিন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রই ছিল দেশের সবচেয়ে বড় কার্বনমুক্ত বিদ্যুতের উৎস। তবে সেখানে শুধু ভরা বর্ষায় পুরো ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। শীত ও গরমের সময় উৎপাদন কমে অর্ধেকের নিচে নেমে আসে। অন্যদিকে রূপপুর কেন্দ্রের প্রতিটি ইউনিট থেকে সারা বছরই এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যাবে। এরই মধ্যে দ্বিতীয় চুল্লির কাজও দ্রুত এগোচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, ২০২৮ সালের মধ্যে রূপপুরের দুটি ইউনিট থেকে মোট ২,১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
রাশিয়ার রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট’ এই কেন্দ্রটি তৈরি করছে।ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি চুল্লি এবং দরকারি সব যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপনের কাজ তারাই করছে। এতে বাংলাদেশের মোট খরচ হচ্ছে ১৩ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রাথমিক প্রস্তুতির কাজে খরচ হয়েছে ৫৫৫ মিলিয়ন ডলার।
২০১৭ সালের ৩০ নভেম্বর প্রথম কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে প্রথম চুল্লির নির্মাণকাজ শুরু হয়। পরের বছর ২০১৮ সালে শুরু হয় দ্বিতীয় চুল্লির কাজ। পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে প্রথম ইউনিট এবং ২০২২ সালের মধ্যে দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জাতীয় গ্রিড আধুনিকায়নের কাজে দেরি হওয়ায় প্রকল্পটি পিছিয়ে যায়। প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমেই পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারকারী হিসেবে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে আবির্ভুত হয় বাংলাদেশ। নাম লেখায় মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল নিউক্লিয়ার ক্লাব’-এ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং এশিয়ায় ষষ্ঠ।
ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এশিয়ার অন্য পাঁচটি দেশের পারমাণবিক খাতে নানান ধরনের সক্ষমতা আছে। তাদের কেউ কেউ নিজেরাই ইউরেনিয়াম আহরণ, পরিশোধন, সমৃদ্ধকরন কিংবা জ্বালানি রড তৈরি করতে পারে। এমনকি ব্যবহৃত জ্বালানি আবার কাজে লাগানো এবং পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতাও তাদের রয়েছে। প্রায় ১৪২টি সচল পারমানবিক চুল্লি পরিচালনার জন্য দেশগুলো নিজেদের দক্ষ কর্মী গড়ে তুলেছে। চুল্লির খুচরা যন্ত্রপাতি তৈরি ও সরবরাহ করতে দেশেই গড়ে তুলেছে সহায়ক শিল্প। নিজেদের এই সক্ষমতার কারণে তাদের পারমাণবিক কেন্দ্র নির্মান ও পরিচালনার ব্যয় অনেক কমে এসেছে।
অন্যদিকে বাংলাদেশ এত বড় প্রস্তুতি বা সব সক্ষমতা অর্জনের চেষ্টা ছাড়াই শুধু ‘বিদ্যুৎ উৎপাদন’-এর লক্ষ্য নিয়ে এই ক্লাবে যুক্ত হয়েছে। অর্থাৎ, ইউরেনিয়াম আহরণ, পরিশোধন, সমৃদ্ধকরণ কিংবা ব্যবহৃত জ্বালানি নবায়ন ও ব্যবস্থাপনার দায় ও দায়িত্ব নিজের কাছে রাখেনি। মূলত এই কৌশলের কারণেই আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করেছে বাংলাদেশ। সবাই আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে না। কারন ইউরেনিয়াম আহরণ, পরিশোধন, সমৃদ্ধকরণ, ব্যবহৃত জ্বালানি নবায়ন ও তেজস্কৃয় বর্জ্র ব্যবস্থাপনার সক্ষমতা যে দেশের রয়েছে, সে দেশের পক্ষে পরমানু অস্ত্র তৈরি অনেকটাই সহজ।
-----
লেখকঃ যুগ্ম সম্পাদক, ঢাকা পেপার্স
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



