সত্য প্রকাশের “অপরাধে” গণরিপোর্ট আর হত্যার হুমকি, তবু থামছে না ঢাকা পেপার্স

ঢাকা পেপার্স গ্রাফিক্স
কোনো উগ্রবাদী গোষ্ঠী, বিদেশি আধিপত্যবাদ ও তার দেশীয় দালাল কিংবা পেশাজীবী, শ্রমিক, কৃষক ও তাঁদের সন্তানদের ভাত ছিনিয়ে নেওয়া পুঁজিবাদী ব্যবস্থার কাছে মাথা নত না করে স্বাধীন সাংবাদিকতা চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।
ধর্মীয় উগ্রবাদ ও স্বাধীনতাবিরোধী অপতৎপরতা নিয়ে কন্টেন্ট প্রকাশের পর একটি সংঘবদ্ধ চক্রের সাইবার আক্রমণ ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছে নতুন ধারার স্বাধীন সংবাদমাধ্যম ঢাকা পেপার্স। সর্বশেষ গত ২৯ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুকে হাজার হাজার রিপোর্ট জমা পড়ে। এর আগে প্রতিষ্ঠানটির দুই সাংবাদিক রাজেকুজ্জামান জুয়েল ও নাঈম চৌধুরীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
উগ্রবাদবিরোধী কন্টেন্টে গণরিপোর্ট
গত ২৯ অক্টোবর ঢাকা পেপার্স ‘ভাবুন তো, দেশে একজনও হুজুর নেই; কেমন হবে বাংলাদেশ’ শিরোনামে একটি কন্টেন্ট প্রকাশ করে। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এক রাতের মধ্যে প্রায় চার হাজার মানুষ কন্টেন্টটি নিজেদের প্রোফাইলে শেয়ার করেন।
এরপরই একটি নির্দিষ্ট উগ্রবাদী চক্র সংঘবদ্ধভাবে ভিডিওটিতে হাজার হাজার রিপোর্ট করতে শুরু করে। এর উদ্দেশ্য ছিল কন্টেন্টটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়া এবং ঢাকা পেপার্সের কণ্ঠরোধ করা। তবে কন্টেন্টটি সরানো হয়নি। এর কারন, পর্যালোচনায় ভিডিওটিতে ফেসবুকের কোনো নীতি বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের প্রমাণ মেলেনি। তবে বিপুলসংখ্যক রিপোর্টের চাপে ফেসবুক ভিডিওটির ওপর একটি ‘সংবেদনশীল কন্টেন্ট’ সতর্কতা ব্যানার যুক্ত করেছে। ফলে ভিডিওটি এখন আর স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না; দর্শককে নিজে ক্লিক করে দেখার সিদ্ধান্ত নিতে হয়।
আগেও হুমকি পেয়েছেন দুই সাংবাদিক
ঢাকা পেপার্স জানিয়েছে, জঙ্গি চক্র, জামায়াতে ইসলামী কিংবা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর অপতৎপরতা নিয়ে কন্টেন্ট প্রকাশ করলেই প্রতিষ্ঠানটির টিমকে সাইবার হামলা ও প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়।
মাসখানেক আগে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ‘রানওয়ে’ চলচ্চিত্র নিয়ে একটি অনুসন্ধানী কন্টেন্ট তৈরি করেন ঢাকা পেপার্সের সাংবাদিক রাজেকুজ্জামান জুয়েল। এতে দেখানো হয়েছিল, উগ্রবাদ আসলে কী এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কীভাবে একজন তরুণকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়। কন্টেন্টটি প্রকাশের পর জুয়েলকে ফোনে ও মেসেজে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
একই ধরনের হুমকি পান প্রতিষ্ঠানটির আরেক সাংবাদিক নাঈম চৌধুরী। তিনি একটি কন্টেন্টে তুলে ধরেছিলেন, ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানের বই নিষিদ্ধ হলেও মেলা ও দোকানে উগ্র জঙ্গি সংগঠনের বই অবাধে বিক্রি হচ্ছে। এরপর তাঁকেও হত্যার হুমকি দেওয়া হয়।
‘যুক্তির জবাব দিতে না পেরে রিপোর্ট ও হুমকি’
ঢাকা পেপার্স কর্তৃপক্ষ বলছে, একাত্তরে জনগণের মুক্তিসংগ্রামের ইতিহাস, ধর্মের ব্যানারে সংঘবদ্ধ কিছু অপরাধীর সংঘটিত নানা অপরাধ কিংবা উগ্রবাদের নামে সমাজকে পিছিয়ে নেওয়ার চক্রান্ত; এসব বিষয়ে ঐতিহাসিক তথ্য ও যুক্তি দিয়ে কন্টেন্ট প্রকাশ করলেই একটি পক্ষ আতঙ্কিত হয়ে পড়ে। প্রতিষ্ঠানটির ভাষ্য, যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে না পেরে তারা পেজে রিপোর্ট করা, পেজের রিচ কমিয়ে দেওয়া এবং রাতের অন্ধকারে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার পথ বেছে নিয়েছে।
ঢাকা পেপার্স জানিয়েছে, হুমকি, সাইবার আক্রমণ বা ভয় দেখিয়ে প্রতিষ্ঠানটিকে থামানো যায়নি, যাবেও না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত প্রামাণ্য সত্যের পথ থেকে তারা সরে আসবে না। দর্শক ও পাঠকদের উদ্দেশে প্রতিষ্ঠানটি বলেছে, ফেসবুক বা ইউটিউবে ঢাকা পেপার্সের কোনো কন্টেন্টে এমন সতর্কতা ব্যানার দেখলে নিজে ক্লিক করে ভিডিওটি দেখতে, শেয়ার করতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে।
ঢাকা পেপার্স জানিয়েছে, কোনো উগ্রবাদী গোষ্ঠী, বিদেশি আধিপত্যবাদ ও তার দেশীয় দালাল কিংবা পেশাজীবী, শ্রমিক, কৃষক ও তাঁদের সন্তানদের ভাত ছিনিয়ে নেওয়া পুঁজিবাদী ব্যবস্থার কাছে মাথা নত না করে স্বাধীন সাংবাদিকতা চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



