পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি দারিদ্র্যসীমার নিচে, প্রকৃত মজুরি বেড়েছে ৪ শতাংশ


ঢাকা পেপার্স গ্রাফিক্স
বাংলাদেশের সবগুলো সরকার তৈরি পোশাক খাতে মালিকপক্ষের সঙ্গে মিলেমিশে সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে প্রায় সবগুলো সরকারই শ্রমিকদের দারিদ্র্যসীমায় কিংবা তার নিচে রাখার ক্ষেত্রে অসাধারণ ঐক্যের উদাহরণ সৃষ্টি করেছে। অর্থাৎ, শ্রমিক শোষণের বিষয়ে বাংলাদেশের শাসক শ্রেণির দলগুলোর মধ্যে কোনো বিরোধ দেখা যায় না।
গত ২৪ নভেম্বর দিবাগত গভীর রাতে সরকার দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য মাসে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। অনেকেই হরেক রকমের আওয়াজ তুলবেন, এই সরকার ৩৬ শতাংশ মজুরি বৃদ্ধি করেছে, এই সরকার শ্রমিকবান্ধব সরকার ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কিছু বলতে গেলে নানা উপমা ও তকমা লাভের ঝুঁকি আছে।
সেই ঝুঁকি নিয়েই বলছি, গত সপ্তাহে সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি দেশের দারিদ্র্যসীমার নিচে। বিশ্বব্যাংক ও দেশীয় কিছু গবেষণা সংস্থার তথ্যমতে, চলতি বাজারে বাংলাদেশে একটি চার সদস্যের পরিবারের আয় ১৮ হাজার ৮৪০ টাকা হলে পরিবারটি দারিদ্র্যসীমায় রয়েছে বলা যায়।
বলা হচ্ছে, সরকার ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়েছে। এখানেও রয়েছে বড় ধরনের গোঁজামিল। আসলে শ্রমিকদের প্রকৃত মজুরি চার শতাংশ বাড়ানো হয়েছে। বলবেন, কীভাবে! সহজ করে বলি। ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ওই ১২ হাজার ৫০০ টাকায় তখন একজন শ্রমিক যেসব পণ্য কিনতে পারতেন, সেই পরিমাণে আজকের বাজারে সেইসব পণ্য কিনতে হলে তাঁকে ১৬ হাজার ৩২৭ টাকা ব্যয় করতে হবে। কারণ, বাংলাদেশে গত তিন বছরে গড়ে পণ্যমূল্য ৩০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সুধীজনেরা একে মূল্যস্ফীতি বলেন। সে হিসাবে আজকের টাকার মান বিবেচনায় মজুরি বেড়েছে ৬৭৩ টাকা। আর ২০২৩ সালে টাকার যে মান ছিল, তা বিবেচনায় নিলে প্রকৃত মজুরি বেড়েছে ৫০২ টাকা। তৈরি পোশাক খাতের একজন শ্রমিকের জীবনে এই বৃদ্ধি বাস্তবে ওই চার শতাংশ।
রেফারেন্সের স্বার্থে বলে রাখি, বাংলাদেশে ২০২৪ সালের গড় মূল্যস্ফীতি ১০.৪৭ শতাংশ, ২০২৫ সালে ছিল ৮.৭৭ শতাংশ এবং ২০২৬ সালে প্রাক্কলিত মূল্যস্ফীতি ৮.৭ শতাংশ। আগামী বছরগুলোতে মূল্যস্ফীতির হার খুব কমবে না, বরং বাড়ার সম্ভাবনা প্রবল। ফলে আগামী তিন বছর পর যখন পরবর্তী মজুরি বৃদ্ধির সময় আসবে, তখন ওই ১৭ হাজার টাকার মান দাঁড়াবে ১৩ হাজার ২৩৮ টাকা। অথবা, আজ ১৭ হাজার টাকায় একজন শ্রমিক যা কিনছেন, আজ থেকে তিন বছর পর তা কিনতে তাঁকে ২১ হাজার ৪১৫ টাকা লাগবে। এখানে গড়ে প্রতি বছর আট শতাংশ মূল্যস্ফীতি বিবেচনা করা হয়েছে। মূল্যস্ফীতি আরও বেশি হলে ওই টাকার পরিমাণও বাড়বে।
বাজারের এই বাস্তবতায় সরকার বাহাদুর দেশের রপ্তানিমুখী ও ‘অভিজাত’ শিল্প, তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য যে মজুরি কাঠামো নির্ধারণ করলেন, তা মোটামুটি এ রকম—ন্যূনতম বা গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এর মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এর মজুরি ২০ হাজার টাকা, আর গ্রেড-১-এর মজুরি ২১ হাজার ৫০০ টাকা।
ওই ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের আগে ২০১৮ সালের আট হাজার টাকা কিংবা ২০১৩ সালের পাঁচ হাজার ৩০০ টাকা কিংবা তারও আগে ২০১০ সালে নির্ধারিত তিন হাজার টাকা দিয়ে তৎকালীন বাজারে আজকের মতোই ন্যূনতম চাহিদাটুকু মেটানো যায়নি। বাংলাদেশে মজুরির এই ধারা তৈরি হয়েছে অত্যন্ত কম মজুরির ইতিহাসের ওপর। নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকের ন্যূনতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে সেই মজুরি ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। বাংলাদেশের সবগুলো সরকার তৈরি পোশাক খাতে মালিকপক্ষের সঙ্গে মিলেমিশে সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে প্রায় সবগুলো সরকারই শ্রমিকদের দারিদ্র্যসীমায় কিংবা তার নিচে রাখার ক্ষেত্রে অসাধারণ ঐক্যের উদাহরণ সৃষ্টি করেছে। অর্থাৎ, শ্রমিক শোষণের বিষয়ে বাংলাদেশের শাসক শ্রেণির দলগুলোর মধ্যে কোনো বিরোধ দেখা যায় না।
যে তিন বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম প্রকৃত মজুরি ৫০২ টাকা বাড়ানো হয়, তার প্রথম দুই বছর, অর্থাৎ ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশে এক কোটি টাকার বেশি আমানতসহ ১৮ হাজার ৪৪টি নতুন ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়েছে। আর চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে পাঁচ হাজার ৭৭টি এ ধরনের নতুন ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়েছে। এ বছর শেষ নাগাদ সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ, গত তিন বছরে দেশে এক কোটি টাকার বেশি আমানতসহ নতুন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা এ বছরের শেষ নাগাদ ২৮ হাজার ছাড়িয়ে যাবে। অর্থাৎ, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটিই এমন যে, এখানে শ্রমিকেরা মানুষের জীবনযাপন করার জন্য ন্যূনতম মজুরি পাবেন না, কিন্তু প্রতি বছর শত শত কোটিপতি তৈরি হবে।
এবার আসি, বাংলাদেশের সরকার শ্রমিকদের কী দৃষ্টিতে দেখে? বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবস্থা যেহেতু একজন মানুষ কত টাকা উপার্জন করছে, তা দিয়ে যাচাই করে, তাই আমরা আয়ের একটি তুলনামূলক চিত্র তুলে ধরব। আমরা সরকারের অনুৎপাদনশীল খাতের কর্মচারীদের আয়ের সঙ্গে দেশের উৎপাদনশীল খাতের শ্রমিকের আয়ের তুলনা করব।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালে এক সমীক্ষায় দেখা যায়, চার সদস্যের একটি পরিবার চাহিদা পূরণের জন্য গড়ে মাসে ব্যয় করে ৩৫ হাজার ৩১১ টাকা। সেটি বিবেচনা করেই সরকার প্রজাতন্ত্রের সবচেয়ে নিচের বা ২০তম গ্রেডের একজন কর্মচারীর জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সর্বনিম্ন মোট বেতন নির্ধারণ করে ৩৩ হাজার ২৫০ টাকা এবং ঢাকায় তা প্রায় ৩৬ হাজার ২৫০ টাকা। অর্থাৎ, সরকারের সবচেয়ে কম বেতনের কর্মচারীর বেতন দেশের অর্থনীতির চাকা ঘোরানো শ্রমিকের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারিত হলো, তার দ্বিগুণের বেশি। তৈরি পোশাক খাতে গ্রেড-৪-এর মজুরিই ন্যূনতম মজুরি। সরকারের ২০তম গ্রেডের কর্মচারীর বেতন তৈরি পোশাক খাতের গ্রেড-৩-এর শ্রমিকদের মজুরির তুলনায় ৮৮.৮ শতাংশ, গ্রেড-২-এর শ্রমিকের মজুরির তুলনায় ৮১.২৫ শতাংশ এবং গ্রেড-১-এর শ্রমিকের মজুরির তুলনায় ৬৮.৬ শতাংশ বেশি। শ্রমিকদের মজুরির তুলনায় সরকারের অনুৎপাদনশীল কর্মচারীদের বাকি ১৯টি গ্রেডের বেতন কত গুণ বেশি হতে পারে, তার হিসাব পাঠকের হাতে ছেড়ে দিলাম।
সরকারের এই দৃষ্টিভঙ্গি দেশের শ্রমজীবী মানুষদের প্রতি তীব্র শ্রেণিঘৃণা আর অবজ্ঞা ছাড়া আর কিছু নয়। এ এক অভিশাপের মতো; যেই অভিশাপ খোদ পুঁজিবাদী ব্যবস্থার জন্যও চরম ক্ষতিকর। কারণ, বিদ্যমান এই সংস্কৃতি দেশে বৈচিত্র্যময় উৎপাদন ও দক্ষতাভিত্তিক জনশক্তি নির্মাণ এবং জাতীয় শিল্পায়নের পথে পাহাড়ের মতো বাধা। এর ফল হচ্ছে, আমরা অনার্স-মাস্টার্স করে কেরানি হতে যতটা না আগ্রহী, বাজারের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনে ততটাই অনাগ্রহী।
___________________________________
লেখক: ঢাকা পেপার্সের যুগ্ম সম্পাদক, [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



