১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান: সংঘর্ষ, প্রাণহানি ও কারখানা বন্ধে অস্থির পোশাক খাত


১৭ হাজার টাকার বেতন ঘোষণা প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণা প্রত্যাখ্যান করে শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। সংঘর্ষ, প্রাণহানি, হামলা, গ্রেপ্তার, কারখানা বন্ধ ও ক্রয়াদেশ বাতিলের ঘটনায় পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিকদের দাবি, সংকটের সমাধান শুধু মজুরি ঘোষণা নয়, সংগঠিত হওয়ার অধিকার ও ন্যায্য দর-কষাকষির সুযোগ নিশ্চিত করাও জরুরি।
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ অনুযায়ী, টানা পঞ্চমবার দেশ এই অবস্থান ধরে রেখেছে। অথচ এই শিল্পের মূল চালিকাশক্তি শ্রমিকদের ন্যূনতম মজুরি ধরা হয়েছে মাত্র ১৭ হাজার টাকা।
প্রতিযোগী দেশগুলোর তুলনায় এই অঙ্ক অনেক কম। ফলে নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিকদের ক্ষোভ কাটেনি। উল্টো মজুরি বৃদ্ধির আন্দোলন, পুলিশ, বিজিবি, যুবদল ও ছাত্রদলের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার এবং কারখানা বন্ধের ঘটনায় পোশাক খাতে নতুন অস্থিরতা দেখা দিয়েছে।
২০১৮ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে তা বেড়ে হয় ১২ হাজার ৫০০ টাকা। পরে শ্রম আইন সংশোধন করে পাঁচ বছরের বদলে তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের নিয়ম করা হয়। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে নতুন বোর্ড বসে। শ্রমিক আন্দোলনের মুখে নভেম্বরে বোর্ড ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণা করে।
প্রতিযোগী দেশগুলোর সঙ্গে মেলালে মজুরির বড় ফারাক চোখে পড়ে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের পরই থাকা ভিয়েতনামের রাজধানী ও প্রধান শিল্পাঞ্চলে ২০২৭ সালের জানুয়ারি থেকে ন্যূনতম মজুরি হবে ২২০ মার্কিন ডলার বা প্রায় ২৭ হাজার ৫৮৮ টাকা। ভারতের দিল্লিতে ২০২৫ সালের এপ্রিল থেকেই তা ১৯৯ ডলার বা প্রায় ২৪ হাজার ৭৩১ টাকা। সে হিসাবে বাংলাদেশের ঘোষিত মজুরি ভিয়েতনামের চেয়ে ১০ হাজার ৫৮৮ টাকা এবং দিল্লির চেয়ে ৭ হাজার ৭৩১ টাকা কম।
দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও চিকিৎসার খরচ বাড়ায় ২০২৬ সালের আগস্টের মাঝামাঝি থেকে শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নামেন। শ্রমিক সংগঠনগুলোও নতুন মজুরি বোর্ড চায়। ৩১ অক্টোবর আশুলিয়ায় আন্দোলন তীব্র হয়। পরদিন ১ নভেম্বর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে কর্মবিরতি, সড়ক অবরোধ ও বিক্ষোভের মধ্যে কয়েক জায়গায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। ওই দিনই সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে।
চারটি বৈঠকের পর বোর্ড ১৭ হাজার টাকা মজুরি ঘোষণা করে। তবে দাবির প্রতিফলন না ঘটায় সাভার ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ চলতে থাকে। এর আগে ৯ নভেম্বর সেগুনবাগিচায় দ্বিতীয় বৈঠকে মূল্যস্ফীতি, বাড়িভাড়া, জীবনযাত্রার ব্যয় ও দেশীয়-আন্তর্জাতিক শ্রমবিধি তুলে ধরে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা প্রস্তাব করেছিল। বিপরীতে মালিকপক্ষের শেষ প্রস্তাব ছিল ১৫ হাজার ৭০০ টাকা। মালিকদের যুক্তি ছিল, এর বেশি দেওয়ার সামর্থ্য তাঁদের নেই; অতিরিক্ত চাপে ছোট কারখানা বন্ধ হয়ে যাবে।
শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, বোর্ডের কাজ দ্রুত শেষ হওয়া ইতিবাচক হলেও ঘোষিত মজুরিতে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি। সুযোগ থাকলে সরকারের তা পুনর্বিবেচনা করা উচিত। কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেন, “এই মজুরি কোনোভাবেই গ্রহণযোগ্য না। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা সেক্টরের শ্রমিকদের জন্য এই মজুরি তাঁদেরকে বাঁচিয়ে রাখার মতো মজুরিও না। আমরা আপত্তিপত্র দিব।” তিনি মজুরি পুনর্বিবেচনা, গ্রেপ্তার নেতাদের মুক্তি ও দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

৩২ বছর ধরে পোশাকশ্রমিক আন্দোলনে যুক্ত নেত্রী মোশরেফা মিশু বলেন, মজুরি বাড়ানোর দাবি উঠলেই মালিকপক্ষ তিনটি অজুহাত দেখায়—তাঁদের সক্ষমতা নেই, পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে এবং মজুরি বাড়ালে ক্রেতারা অন্য দেশে চলে যাবেন। এবারও মালিকেরা অক্ষমতার যুক্তিটিই বেশি সামনে এনেছেন।
১৮ নভেম্বর সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দেয়। শ্রমিকপক্ষ তা নাকচ করে প্রশ্ন তোলে, আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গবেষণাপদ্ধতি ও তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও এখন কেন সেই তথ্যের ওপরই ভরসা করা হচ্ছে? সরকারি খাতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকার বেশি হলে পোশাকশ্রমিকদের মজুরি কেন ১৮ থেকে ২৪ হাজারে আটকে থাকবে? তাঁদের প্রশ্ন, “কেন তারা প্রস্তাব করেছে যে, শ্রমিকদেরকে রাখতে হবে দারিদ্র্যসীমায়?” ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ শাহান ঢাকা পেপার্সকে বলেন, অর্থনৈতিক সূচক ধরে মজুরি ঠিক করলে যৌক্তিকতা যাচাই করা যেত; কিন্তু তা হয়েছে অসম দুই পক্ষের দর-কষাকষির মাধ্যমে।
আন্দোলন চলাকালে গাজীপুর, আশুলিয়া ও কাফরুলসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, তাঁদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও লাঠিসোঁটা হাতে শ্রমিকদের বিরুদ্ধে নামেন। হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিক সেলিম ইসলাম ও তৌফিক শেখ মারা যান। মজুরি ঘোষণার পরও বিক্ষোভ চলায় গাজীপুর ও আশুলিয়ায় আন্দোলনকারীদের খুঁজতে শ্রমিকদের বাসাবাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে শ্রমিকদের ভয় দেখানো, হামলা ও আন্দোলন ঠেকানোর অভিযোগ ওঠে।
রাজনৈতিক কর্মীদের এই ভূমিকা সংবাদমাধ্যমেও এসেছে। ৩ নভেম্বর বাংলা ট্রিবিউনের ‘পোশাক শ্রমিকদের বিক্ষোভ ‘ঠেকাতে’ মাঠে যুবদল-ছাত্রদল’ প্রতিবেদনে বলা হয়, নাশকতা রোধের কথা বলে তাঁরা সক্রিয় হয়েছেন। মিরপুরে বিএনপি নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে মিছিল ও ‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৫ নভেম্বর গাজীপুরে পুলিশের পাশে লাঠিসোঁটা হাতে যুবদল কর্মীদের উপস্থিতি ও এক নারী শ্রমিককে টেনেহিঁচড়ে নেওয়ার ভিডিও সামনে আসে। এর আগে হিউম্যান রাইটস ওয়াচও (এইচআরডব্লিউ) শ্রমিকদের ওপর যুবদল ও ছাত্রদলের হামলা ও হুমকির কথা তুলে ধরে সহিংসতা বন্ধের আহ্বান জানায়।
অস্থিরতার জেরে কারখানা বন্ধ ও ক্রয়াদেশ বাতিলের খবরও গুরুত্ব পাচ্ছে। ২৫ নভেম্বর দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, তিন শিল্পাঞ্চলে ১১০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় অন্তত ২২টি কারখানা ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আন্দোলনের প্রথম ১৮ দিনে বিদেশি ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ পোশাকের ক্রয়াদেশ বাতিল করেছেন, যার মূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার কোটি টাকার বেশি। এসব ক্রয়াদেশ প্রতিযোগী দেশে চলে গেছে। তবে শ্রমিক সংগঠকদের মতে, শিল্পের ক্ষতির খবরের ভিড়ে শ্রমিকদের কম মজুরি, জীবনযাত্রার ব্যয় ও আন্দোলনের মূল কারণ আড়ালে পড়ে যাচ্ছে।
মজুরি ঘোষণার পরও আন্দোলন কেন থামছে না? মোশরেফা মিশু বলেন, মালিকপক্ষ বারবার অক্ষমতার কথা বলায় তাঁদের ওপর শ্রমিকদের আস্থা ভেঙে গেছে। প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন বা যৌথ দর-কষাকষি প্রতিনিধি (সিবিএ) থাকলে শ্রমিকদের রাস্তায় নামতে হতো না; ভেতরেই আলোচনায় দাবি আদায় হতো। ত্রিপক্ষীয় আলোচনায় মজুরি ঠিক হলে উৎপাদনও সচল থাকত। এ পরিস্থিতির জন্য মালিকপক্ষকে সবচেয়ে বেশি দায়ী করে তিনি বলেন, সরকারও এ সুযোগ করে দিয়েছে। সংগঠিত হওয়া ও দর-কষাকষির অধিকার না দিয়ে শুধু আন্দোলন থামাতে চাইলে সংকট কাটবে না।

আশুলিয়ার অনন্ত গার্মেন্টসের ঘটনা সেই আস্থাহীনতারই প্রমাণ। সেখানকার এক শ্রমিক জানান, মজুরি ঘোষণার পরও কাজ স্বাভাবিক ছিল। কিন্তু নতুন কাঠামোয় বেতন ও পদে কী পরিবর্তন আসবে, মালিকপক্ষ তা স্পষ্ট করেনি। উল্টো অনেক বি-গ্রেডের শ্রমিককে সি-গ্রেডে নামিয়ে দেওয়ার গুঞ্জন ছড়ায়। দুপুরের বিরতির পর শ্রমিকেরা গেটে জড়ো হয়ে ফোনে ছবি তুলতে গেলে কর্তৃপক্ষের সঙ্গে কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে প্রশাসনিক কর্মকর্তা আলামিন অভিযোগ অস্বীকার করে বলেন, “গতকাল হট্টগোল করেছে শ্রমিকরা, কিন্তু কেন হয়েছে তা তারা নিজেরাও জানে না।”
জাতীয় শ্রমিক শক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন বলেন, “১৭ হাজার টাকা মজুরি ঘোষণা দিয়ে কি সবকিছুর সমাধান হয়ে গেল? যেসব শ্রমিক মজুরির দাবিতে রাস্তায় নেমে জীবন দিলেন, যাদের পেটানো হলো, গুলি করা হলো, তাদের কী হবে? তৌফিক, সেলিমসহ আন্দোলনে নিহত শ্রমিকদের হত্যার বিচার কোথায়? এই বিষয়গুলো তো চলমান আন্দোলনে বড় প্রশ্ন, তার উত্তর সরকার দেবে না?” ২৫ নভেম্বর এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদও (জী-স্কপ) ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান করে বাঁচার মতো মজুরি দাবি করেছে। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন ঢাকা পেপার্সকে জানান, "শ্রমিকরা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেছেন। শ্রমিকপক্ষ দরকষাকষি আরো শক্তিশালীভাবে করতে পারতেন কিন্তু তারা তা না করে আপোষ করলেন।"
মজুরি বোর্ডের ঘোষণা শ্রমিকদের দীর্ঘদিনের অসন্তোষ কাটাতে পারেনি। ঘোষিত মজুরি, জীবনযাত্রার ব্যয়, সংগঠিত হওয়ার অধিকার, শ্রমিকদের ওপর হামলা ও নিহতদের বিচার—সব মিলিয়ে সংকটটি আর মজুরির অঙ্কে সীমাবদ্ধ নেই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অর্থনীতিকে যাঁরা সচল রেখেছেন, তাঁরা কতটা ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ পাবেন? তাঁদের প্রতিবাদের অধিকার কতটা থাকবে, আর নিহতদের মৃত্যুর দায়ই বা কারা নেবে—এসব প্রশ্নের উত্তর এখনও অধরা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



