লিবারেল মুখোশের আড়ালে উগ্র ডানপন্থা: ফয়সাল মাহমুদের বুদ্ধিবৃত্তিক প্রতারণা

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৯:২৯পরিবর্তন করতে ক্লিক করুন
লিবারেল মুখোশের আড়ালে উগ্র ডানপন্থা: ফয়সাল মাহমুদের বুদ্ধিবৃত্তিক প্রতারণা

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

ধর্মীয় কর্তৃত্ববাদের জবাব যেমন সেক্যুলার কর্তৃত্ববাদ হতে পারে না, তেমনি অতীতের স্বৈরতন্ত্রের জুজু দেখিয়ে বর্তমানের রাজনৈতিক জবরদস্তিকেও গণতান্ত্রিক বহুত্ববাদ বলে চালিয়ে দেওয়া যায় না। মনোজ দে বাংলাদেশের রাজনীতির যে ‘ডানপন্থী ফাঁদের’ কথা বলেছেন, ফয়সাল মাহমুদের নিবন্ধটি নিজেই সেই ফাঁদের একটি স্পষ্ট উদাহরণ।

বাংলায় প্রকাশিত কোনো রাজনৈতিক বিশ্লেষণের জবাব যখন ইংরেজিতে লেখা হয়, তখন মূল বক্তব্যকে বাংলাদেশের মত পাঠকের কাছে ভুলভাবে উপস্থাপন করার বেশ সুযোগ থাকে। ধরেই নেওয়া হয়, ইংরেজি নিবন্ধের পাঠকেরা মূল বাংলা লেখাটি খুঁজে পড়বেন না।

এই ফাঁকে লেখকের বক্তব্য নিজের সুবিধামতো ঘুরিয়ে দেওয়া যায়। তিনি যা বলেননি তা তাঁর মুখে বসিয়ে দিয়ে একটি মনগড়া প্রতিপক্ষ দাঁড় করানো হয়। এরপর পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিকদের নাম জুড়ে দিয়ে সেই কাল্পনিক যুক্তি খণ্ডন করা খুব সহজ হয়ে পড়ে।

গত ৩ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত মনোজ দে-র ‘ডানপন্থী ফাঁদে রাজনীতি, বাম ও লিবারেলরা কী করবে’ শীর্ষক লেখার সমালোচনা করতে গিয়ে ডেইলি ওয়াদার ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল মাহমুদ ঠিক এই কাজই করেছেন।

ডেইলি ওয়াদায় ৪ নভেম্বর প্রকাশিত তাঁর ‘The ‘liberals’ who mistook their monopoly for a voice’ নিবন্ধটি পড়লে শুরুতে মনে হতে পারে, তিনি আইনের শাসন ও বহুত্ববাদের জায়গা থেকে একটি নীতিগত প্রশ্ন তুলেছেন। কিন্তু দুটি লেখা পাশাপাশি রেখে মিলিয়ে পড়লেই আসল সমস্যাটি ধরা পড়ে। মনোজ দে-র মূল যুক্তিগুলোর মুখোমুখি হওয়ার বদলে ফয়সাল মাহমুদ সেগুলোকে হয় এড়িয়ে গেছেন, নয়তো ভুলভাবে উপস্থাপন করেছেন।

সমকালীন উগ্র ডানপন্থী রাজনৈতিক বয়ানে একটি পরিচিত কৌশল প্রায়ই দেখা যায়। সরাসরি উগ্রবাদের স্লোগান না দিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও বাক্‌স্বাধীনতার ভাষা ব্যবহার করেই সংখ্যাগুরুবাদী রাজনৈতিক জবরদস্তিকে বৈধতা দেওয়া হয়। ফয়সাল মাহমুদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, তাঁর নিবন্ধের যুক্তিগুলো বাংলাদেশে বসে সেই কৌশলটি কীভাবে কাজ করে তার একটি স্পষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

না-বলা কথা লেখকের মুখে বসিয়ে দেওয়া

ফয়সাল মাহমুদের নিবন্ধের একটি প্রধান দাবি দাঁড়িয়েণ আছে মনোজ দে-র বক্তব্যের ভুল উপস্থাপনের ওপর। ‘ডানপন্থা ২০২৪ সালের জুলাইয়ে উদয় হয়নি’—এমন উপশিরোনাম দিয়ে ফয়সাল বলেছেন, সমাজ রক্ষণশীল হয়ে ওঠা আর রক্ষণশীলদের সংগঠিত হওয়ার স্বাধীনতা পাওয়া দুটি আলাদা বিষয়। তাত্ত্বিকভাবে ফয়সালের এই পার্থক্য সঠিক। বাস্তবে তিনটি আলাদা প্রক্রিয়া একই সময়ে ঘটতে পারে: আগে চাপে থাকা সমর্থকদের প্রকাশ্যে আসা, দীর্ঘ সময় ধরে সমাজে ডানপন্থী চিন্তার বিস্তার এবং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাংগঠনিক শক্তি বৃদ্ধি। ফয়সালের গলদ হলো, তিনি প্রথম প্রক্রিয়াটিকে সামনে এনে বাকি দুটি প্রক্রিয়াকে প্রায় অস্বীকার করেছেন এবং এই তাত্ত্বিক পার্থক্যকে মনোজের বিরুদ্ধে এমনভাবে ব্যবহার করেছেন যেন মনোজ দাবি করেছেন যে জুলাই ২০২৪-এর পর রাতারাতি দেশ ডানপন্থী হয়ে গেছে।

অথচ মনোজ দে তাঁর লেখায় কী লিখেছিলেন? তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, চব্বিশের গণ–অভ্যুত্থান ও অভ্যুত্থানের পর বাংলাদেশের সমাজে ডানপন্থার একটা পরিষ্কার উত্থান দেখা যায়। এটাকে আকস্মিক বা হঠাৎ পরিবর্তন বলা যাবে না। কয়েক দশকের পরিমাণগত পরিবর্তনের ফলাফল হিসেবেই এই গুণগত পরিবর্তনকে দেখতে হবে।"

এই দীর্ঘমেয়াদি পরিবর্তনের কারণ হিসেবে মনোজ নিজেই সত্তর-আশির দশকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্ত হওয়া, আফগানিস্তানে সোভিয়েতবিরোধী মুজাহিদিন আন্দোলন এবং নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দুই দশকের বেশি সময় ধরে চলা ‘ওয়ার অন টেরর’-এর কথা উল্লেখ করেছেন। অথচ ফয়সাল নিজেই আবার মনোজকে ‘ওয়ার অন টেরর’-এর রাজনীতি বোঝাতে গেছেন এবং চার দশকের ধারাবাহিক পরিবর্তনের কথা বলা একজন লেখককে এমনভাবে হাজির করেছেন যেন তিনি কেবল জুলাই-পরবর্তী দৃশ্যমানতা দেখেই চমকে উঠেছেন।

বাংলার ইতিহাস নিয়েও ফয়সাল একই ধরনের খণ্ডিত পাঠ হাজির করেছেন। মনোজ তাঁর লেখার শুরুতে বাংলাদেশের সমাজকে ঐতিহাসিকভাবে মধ্যপন্থী ও উদার বলে উল্লেখ করেছেন, যেখানে শাস্ত্রবাদী মতাদর্শের চেয়ে বৈষ্ণব, বাউল, নাথ, যোগী ও সুফিদের সহজিয়া মতবাদের প্রাধান্য ছিল। ফয়সাল আপত্তি তুলে বলেছেন, ধর্মীয় সমন্বয়বাদ বা সাংস্কৃতিক বহুত্ববাদ মানেই আধুনিক উদারনৈতিক রাজনীতি নয়। তাত্ত্বিক জায়গা থেকে ফয়সালের এই সীমিত আপত্তি অযৌক্তিক নয়; প্রাক্‌-আধুনিক সমন্বয়বাদী ঐতিহ্য থেকে আধুনিক রাজনৈতিক চরিত্রের দিকে যাওয়ার ক্ষেত্রে মনোজের লেখায় কিছুটা দ্রুত সরলীকরণের প্রবণতা আছে।

কিন্তু এই সীমিত তাত্ত্বিক আপত্তি দিয়ে মনোজের মূল যুক্তি খণ্ডন করা যায় না। কারণ মনোজ নিজেই শুরুতে উল্লেখ করেছেন যে আধুনিক রাজনৈতিক মতবাদের চর্চা এ দেশে নতুন—উনিশ শতকের শেষ ভাগে ব্রিটিশ আমলে যার সূচনা। আর তিনি ইতিহাসকে মোটেও দ্বন্দ্বহীন দেখাননি। আবুল মনসুর আহমদের ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইয়ের উদাহরণ টেনে মনোজ দেখিয়েছেন, হিন্দু জমিদার ও নায়েবদের কাছারিতে মুসলমান জোতদার, কৃষক ও প্রজাদের মাদুরে বসতে দেওয়া হতো, অথচ বর্ণ ও নিম্নবর্ণের হিন্দু প্রজারাও বেঞ্চিতে বসতে পারতেন। সামাজিক মর্যাদা ও বৈষম্যের এই প্রশ্নটি কীভাবে এ অঞ্চলের প্রজা আন্দোলন ও প্রাথমিক রাজনৈতিক চৈতন্য গড়ে তুলতে ভূমিকা রেখেছিল, মনোজ তা স্পষ্টভাবেই তুলে ধরেছেন। প্রজা আন্দোলনের পেছনে কাজ করা সামাজিক বৈষম্যের এই বিবরণকে এড়িয়ে গিয়ে মনোজের বিরুদ্ধে ‘একপেশে ইতিহাস’ লেখার অভিযোগ তোলা মূল লেখার তথ্যপ্রমাণকে অস্বীকার করার শামিল।

নির্বাচনী পরিসংখ্যানের যে হিসাব তিনি এড়িয়ে গেছেন

ফয়সাল মাহমুদের যুক্তি হলো, হাসিনা আমলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ধ্বংস হওয়ায় ডানপন্থী ও ইসলামপন্থীদের প্রকৃত জনসমর্থন মাপা যায়নি; এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পুরোনো সমর্থকেরা সামনে এসেছে এবং মনোজ সেটিকে সমর্থনের বৃদ্ধি হিসেবে ভুল করেছেন। এখানে ফয়সাল মনোজের মূল বক্তব্য এবং বাংলাদেশের নির্বাচনী ইতিহাস—দুটিই আড়াল করেছেন।

প্রথমত, মনোজ দে নিজেই লিখেছেন যে ২০২৬ সালের নির্বাচনেও ডানপন্থী ভোটের প্রকৃত হিসাব পাওয়া সম্ভব নয়। কারণ কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি এবং দলটির সমর্থকদের যাঁরা ভোট দিয়েছেন, আসনভেদে তাঁদের ভোট বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ভাগ হয়ে গেছে। মনোজের এই সুস্পষ্ট সীমাবদ্ধতা স্বীকারের অংশটুকু ফয়সাল পুরোপুরি চেপে গেছেন।

দ্বিতীয়ত, ফয়সাল ১৯৯১ ও ১৯৯৬ সালের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ফলাফলের সঙ্গে ২০২৬ সালের তুলনা কৌশলে এড়িয়ে গেছেন। নব্বইয়ের দশকে হাসিনা আমলের মতো রাষ্ট্রীয় গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্বাচনী কর্তৃত্ববাদের পরিবেশ ছিল না এবং জামায়াতে ইসলামী প্রকাশ্যেই রাজনীতি করেছে। নির্বাচন কমিশনের প্রদত্ত বৈধ ভোটের হিসাব অনুযায়ী (যা মনোজ তাঁর লেখায় উদ্ধৃত করেছেন), ১৯৯১ সালের নির্বাচনে কিছু আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করে জামায়াত পেয়েছিল ১২ দশমিক ১৩ শতাংশ ভোট ও ১৮টি আসন। আর ১৯৯৬ সালের নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত পায় ৮ দশমিক ৬১ শতাংশ ভোট এবং ৩টি আসন। বিপরীতে ২০২৬ সালের নির্বাচনে যেখানে ভোট প্রদানের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ জামায়াত এককভাবেই পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট ও ৬৮টি আসন।

পাশাপাশি মনোজ দেখিয়েছেন, প্রদত্ত ভোটের ৪০.৩৮ শতাংশ গেছে বৃহত্তর ডানপন্থী শিবিরে—যার মধ্যে জামায়াতের ৩১ দশমিক ৭৬ শতাংশের বাইরে তাদের জোটসঙ্গী এনসিপির ৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ইসলামী আন্দোলনের ২ দশমিক ৭০ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ দশমিক শূন্য ৯ শতাংশ এবং খেলাফত মজলিসের শূন্য দশমিক ৭৬ শতাংশ ভোট রয়েছে। কেবল নির্বাচনী জোটের কারণে এনসিপির মতো অ-ধর্মভিত্তিক দলকে ঢালাওভাবে ‘ডানপন্থী’ বর্গে ফেলা নিয়ে তাত্ত্বিক বিতর্ক হতে পারে। কিন্তু এনসিপিকে বাদ দিলেও কেবল ধর্মভিত্তিক দলগুলোর ভোটই প্রদত্ত বৈধ ভোটের ৩৭ শতাংশ ছাড়িয়ে যায়। অবশ্যই দলীয় সমীকরণ, ভোটার উপস্থিতি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট স্থানান্তরের কারণে কেবল এই নির্বাচনী পরিসংখ্যান দিয়ে কতটা ভোট আদর্শগত পরিবর্তনে আর কতটা তাৎক্ষণিক রাজনৈতিক পরিস্থিতিতে এসেছে, তা চূড়ান্তভাবে আলাদা করা সম্ভব নয়। কিন্তু ১৯৯৬ সালের ৮ দশমিক ৬১ শতাংশ থেকে ২০২৬ সালে এককভাবে ৩১ দশমিক ৭৬ শতাংশে পৌঁছানোর এই বিপুল ব্যবধান কেবল ‘পুরোনো সমর্থকদের প্রকাশ্যে আসা’ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ফয়সাল নিজেও ভোটের এই বড় পরিবর্তনের সামাজিক ও রাজনৈতিক কারণ অনুসন্ধান করেননি।

হাসিনা-মোদির উদাহরণ টেনে অভ্যুত্থানের শক্তিকে প্রশ্নবিদ্ধ করা

নিজের যুক্তির পাল্লা ভারী করতে ফয়সাল ইতালীয় দার্শনিক জর্জিও আগামবেনের জরুরি অবস্থার তত্ত্ব, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার ত্রুটি এবং ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার কৌশলগত সম্পর্কের দীর্ঘ আলোচনা টেনেছেন। হাসিনার শাসনামলের রাষ্ট্রীয় নিপীড়ন অনস্বীকার্য। একাত্তরের যুদ্ধাপরাধের গুরুতর অভিযোগ যেমন অভিযুক্তদের ঐতিহাসিক দায় মুছে দেয় না, তেমনি বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মান ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তোলাও যৌক্তিক।


একইভাবে হলি আর্টিজানের মতো প্রকৃত জঙ্গি হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদের অজুহাতে গোটা বিরোধী শিবির বা ধর্মীয় রক্ষণশীল জনগোষ্ঠীকে নিরাপত্তা হুমকি হিসেবে দমন করা কোনোভাবেই সমর্থনযোগ্য ছিল না। মনোজ দে নিজেই লিখেছেন যে হাসিনার আমলে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করা, দুর্নীতি, গুম ও বিচারবহির্ভূত হত্যা ডানপন্থী রাজনীতিকে শক্তিশালী করেছে। এমনকি আওয়ামী লীগকে ‘মন্দের ভালো’ হিসেবে সমর্থন দেওয়া বামপন্থীদের একাংশের অবস্থানও যে প্রশ্নবিদ্ধ হয়েছে, তা-ও তিনি উল্লেখ করেছেন।

কিন্তু, ফয়সাল মাহমুদ হাসিনা সরকারের দ্বিমুখী আচরণের অন্য দিকটি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। হাসিনার শাসন যদি কেবল ‘সেক্যুলার-লিবারেলদের একচেটিয়া আধিপত্য’ হয়ে থাকে, তবে একই সময়ে ইসলামপন্থী রাজনৈতিক শক্তির একাংশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিকভাবে অন্তর্ভুক্ত করার ঘটনাগুলো কীভাবে ব্যাখ্যা করা হবে? মনোজ স্পষ্ট দেখিয়েছেন, ২০১৩ সালের গণজাগরণ মঞ্চ ও শাপলা চত্বরের মেরুকরণের পর কারসাজির নির্বাচনে টিকে থাকতে হাসিনা সরকার ইসলামপন্থীদের একটি অংশের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় যায়। হেফাজতে ইসলামের সঙ্গে সখ্য গড়ে তোলা, ধর্মীয় গোষ্ঠীর দাবির মুখে পাঠ্যবইয়ে পরিবর্তন আনা, রাজনৈতিক সুবিধার লক্ষ্যে কওমি সনদের স্বীকৃতি দেওয়া এবং অনুগত ইসলামপন্থী দলগুলোকে নির্বাচনী বৈধতার কাজে ব্যবহার করা ছিল সেই দ্বিমুখী রাজনীতিরই অংশ। এই বাস্তবতা স্বীকার করলে ফয়সালের তৈরি করা সরল সমীকরণ আর টেকে না।

তার চেয়েও বড় কথা, অতীতের রাষ্ট্রীয় নিপীড়ন বা মোদি-হাসিনা কূটনীতির সমালোচনা করা এবং বর্তমানের অধিকার লঙ্ঘনের প্রতিবাদ করা পরস্পরবিরোধী কোনো কাজ নয়। ফয়সাল প্রথমটিকে ব্যবহার করে দ্বিতীয়টির গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন। তাঁর সবচেয়ে নিন্দনীয় কৌশল হলো, আজ যাঁরা উগ্র ডানপন্থী তৎপরতা ও মব-সহিংসতার বিরুদ্ধে কথা বলছেন, তাঁদেরকে হাসিনা আমলের সুবিধাভোগী মোড়ল হিসেবে চিত্রিত করা।

এই চিত্রায়ণ চব্বিশের গণ-অভ্যুত্থানের ইতিহাসকেই খণ্ডিত করে। ২০২৪ সালের ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’র কথাই ধরা যাক, যা অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবে কাজ করেছিল। সেই কর্মসূচিতে নানা শ্রেণি-পেশা ও মতের মানুষ অংশ নিলেও সমসাময়িক সংবাদ প্রতিবেদন ও আলোকচিত্রে এর সংগঠক ও সামনের সারিতে প্রগতিশীল, বামপন্থী, লিবারেল ও সংস্কৃতিকর্মীদের সক্রিয় উপস্থিতি সুস্পষ্টভাবে নথিভুক্ত আছে। অভ্যুত্থানের পর গত দুই বছরে হাসিনাবিরোধী আন্দোলনে থাকা সেই ভিন্নমতাবলম্বী ও প্রগতিশীল কণ্ঠগুলোর একটি বড় অংশই অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ ঘৃণামূলক বক্তব্য ও মব-ভীতির লক্ষ্যবস্তু হয়েছেন। স্বৈরাচারবিরোধী এই মানুষগুলোকে পুরোনো শাসনের সুবিধাভোগীদের সঙ্গে এক কাতারে ফেলা প্রকারান্তরে উগ্র ডানপন্থী রাজনীতিকেই শক্তিশালী করে।

মব-সহিংসতাকে ‘গণতান্ত্রিক বিতর্ক’ বলে হালকা করা

মনোজ দে তাঁর নিবন্ধে অন্তর্বর্তী সরকারের সময়কাল এবং বর্তমান বিএনপি সরকারের প্রথম আট মাসের একটি সুনির্দিষ্ট চিত্র তুলে ধরেছেন। বাউল ও মাজারে ধারাবাহিক হামলা, গানের অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে বাধা, গণমাধ্যম ও সাংস্কৃতিক কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, নারী ও সংখ্যালঘুদের নিপীড়ন এবং ধর্ম অবমাননার অভিযোগে মব তৈরি করে গ্রেপ্তারে বাধ্য করার ঘটনা অব্যাহত রয়েছে। ভোটের সমীকরণে অন্তর্বর্তী সরকার যেমন বিবৃতি দিয়েই দায় সেরেছিল, বর্তমান বিএনপি সরকারও সামাজিক যোগাযোগমাধ্যমে বড় প্রতিক্রিয়া না হলে নীরব থাকার নীতি নিয়েছে—যা নাগরিক স্বাধীনতার প্রশ্নে বিএনপিকে ভোট দেওয়া অ-প্রথাগত ভোটারদের হতাশ করছে।

এর জবাবে ফয়সাল সংক্ষেপে হামলার নিন্দা করলেও মূল জোর দিয়েছেন ইসলামপন্থী দল, রক্ষণশীল ভোটার এবং সহিংস মববাজদের মধ্যকার পার্থক্যের ওপর। তিনি যুক্তি দিয়েছেন যে ইসলামপন্থীদেরও শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়ার অধিকার আছে। নীতিগতভাবে তাঁর এই কথা সম্পূর্ণ সঠিক। যেকোনো শান্তিপূর্ণ ইসলামপন্থী দল বা ধর্মীয় রক্ষণশীল নাগরিকের রাজনীতি করার ও মতপ্রকাশের পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে এবং মব-সহিংসতার দায় সাধারণ রক্ষণশীল ভোটারের ওপর চাপানো যায় না।

কিন্তু মনোজ দে তাঁর লেখার কোথাও সাধারণ রক্ষণশীল ভোটারদের হামলাকারী বলেননি। তিনি প্রশ্ন তুলেছেন সহিংস মব সৃষ্টিকারী গোষ্ঠী এবং ভোটের লোভে নীরব থাকা দুই সরকারের ভূমিকা নিয়ে। ইসলামপন্থীদের শান্তিপূর্ণ রাজনৈতিক অধিকার স্বীকার করার অর্থ এই নয় যে ধর্ম বা রাজনীতির নামে মব-সহিংসতা, সংখ্যালঘু নিপীড়ন কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়াকে মেনে নিতে হবে। অথচ ফয়সাল বর্তমান সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে একটি কথাও বলেননি; বরং জুলাই-পরবর্তী এই অস্থির পরিবেশকে ‘নতুন করে জনাকীর্ণ হয়ে ওঠা উন্মুক্ত চত্বর’ হিসেবে বর্ণনা করেছেন, যা দেখে পুরোনো মোড়লরা অস্বস্তিতে পড়েছেন। ইংরেজিতে একে newly crowded public square বলা হয়।

মব-সহিংসতাকে রক্ষণশীলদের মতপ্রকাশের স্বাধীনতার মোড়কে উপস্থাপন করা কার্যত রাজনৈতিক জবরদস্তিকেই বৈধতা দেয়। ফয়সালের আরেকটি দুর্বল যুক্তি হলো, এসব হামলার খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং প্রথম আলোয় মনোজ দে-র নিবন্ধ ছাপা হওয়াই প্রমাণ করে যে লিবারেল কণ্ঠস্বর কোণঠাসা নয়। গণমাধ্যমে হামলার খবর ছাপা হওয়া আর নাগরিকদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষিত থাকা এক বিষয় নয়। একটি দেশে সংবাদপত্রে সমালোচনামূলক কলাম ছাপা হতে পারে, অথচ একই সময়ে ভিন্নমতাবলম্বীদের ওপর সংগঠিত হামলা চলতে পারে এবং তা প্রতিরোধে রাষ্ট্র ব্যর্থ হতে পারে—ঠিক যেমন হাসিনা আমলেও টক শো ও পত্রিকার কলাম দেখিয়ে বাক্‌স্বাধীনতা থাকার দাবি করা হতো। মনোজ পত্রিকায় লেখা ছাপার কথা বলেননি; তিনি বলেছেন রাজপথে ও সংসদে অধিকারভিত্তিক রাজনীতির শূন্যতার কথা, যেখানে নির্বাচনে বামপন্থীদের ভোট শূন্য দশমিক ৩৬ শতাংশে নেমেছে।

সমান নাগরিকত্ব নিয়ে ফয়সালের স্ববিরোধিতা

অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানের উদ্ধৃতি দিয়ে মনোজ দে দেখিয়েছেন, দেশের রাজনৈতিক আলোচনা ডান দিকে সরে গিয়ে ‘কে কতটা ডানপন্থীদের আকৃষ্ট করতে পারবে’ সেই প্রতিযোগিতায় আটকে গেছে; এখান থেকে রাজনীতিকে মধ্যপন্থায় বা কিছুটা বাম পরিসরে ফিরিয়ে আনা জরুরি। এর বিরোধিতা করে ফয়সাল লিখেছেন, জাতীয় আলোচনা ডানে, বামে বা মধ্যপন্থায় থাকুক তাতে কিছু যায়-আসে না; আসল বিষয় হলো সবাই সাংবিধানিক সীমা, ব্যক্তিস্বাধীনতা ও সমান নাগরিকত্ব মানছে কি না।

কেবল ডান বা বাম তকমা দিয়ে কোনো দলের গণতান্ত্রিক চরিত্র নির্ধারণ করা যায় না—এ কথা ঠিক। কিন্তু ফয়সালের এই যুক্তি রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সমান নাগরিকত্বের বাস্তব সম্পর্ককে হয় অনুধাবন করতে ব্যর্থ হয়েছে, নয়তো তা এড়িয়ে যেতে চেয়েছে। সংখ্যাগুরুবাদী ও উগ্র ডানপন্থী রাজনীতি ধর্ম, লিঙ্গ ও বিশ্বাসের ভিত্তিতে নাগরিকদের অধিকার সংকুচিত করে। যে পরিবেশে বাউল নিরাপদে গান গাইতে পারেন না, নারীর চলাফেরা বাধাপ্রাপ্ত হয়, সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের মবের আতঙ্কে থাকতে হয় এবং প্রধান দলগুলো সেই উগ্র গোষ্ঠীকেই খুশি করার প্রতিযোগিতায় নামে—সেখানে সবার আগে সাংবিধানিক সমান নাগরিকত্ব ও ব্যক্তিস্বাধীনতাই বিপন্ন হয়। একদিকে নাগরিক অধিকারের কথা বলা আর অন্যদিকে সেই অধিকারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করা রাজনৈতিক মেরুকরণকে গুরুত্বহীন বলা একটি মৌলিক স্ববিরোধিতা।

শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অপরাধকে সামনে এনে আজকের বাংলাদেশে মবতন্ত্র, সাংস্কৃতিক স্বাধীনতার সংকোচন ও সংখ্যাগুরুবাদী জবরদস্তির সমালোচনাকে থামিয়ে দেওয়ার একটি প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। উগ্র ডানপন্থী জবরদস্তির বিরোধিতাকে হাসিনা আমলের রাজনৈতিক একচেটিয়াত্ব রক্ষার প্রচেষ্টা হিসেবে চিত্রিত করে ফয়সাল মাহমুদের নিবন্ধটি সেই প্রবণতাকেই শক্তিশালী করেছে। ধর্মীয় কর্তৃত্ববাদের জবাব যেমন সেক্যুলার কর্তৃত্ববাদ হতে পারে না, তেমনি অতীতের স্বৈরতন্ত্রের জুজু দেখিয়ে বর্তমানের রাজনৈতিক জবরদস্তিকেও গণতান্ত্রিক বহুত্ববাদ বলে চালিয়ে দেওয়া যায় না। মনোজ দে বাংলাদেশের রাজনীতির যে ‘ডানপন্থী ফাঁদের’ কথা বলেছেন, ফয়সাল মাহমুদের নিবন্ধটি নিজেই সেই ফাঁদের একটি স্পষ্ট উদাহরণ।

লেখা: সম্পাদক, ঢাকা পেপার্স

[email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: