নির্বাচন ছিল প্রকৃত অর্থে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’: ইউরোপীয় ইউনিয়ন মিশন
‘২০২৬ সালের এই ঐতিহাসিক নির্বাচন ছিল প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে মানুষের মৌলিক স্বাধীনতাগুলো সামগ্রিকভাবে সম্মানিত হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করে অংশীজনদের আস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে।’
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য’ এবং ‘দক্ষভাবে পরিচালিত’ বলে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সংস্থাটি মনে করে, এই নির্বাচন দেশে গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে মিশনের প্রাথমিক বিবৃতি তুলে ধরেন প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। এ সময় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলও এই বিবৃতিকে পূর্ণ সমর্থন জানায়।
প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেন, ‘২০২৬ সালের এই ঐতিহাসিক নির্বাচন ছিল প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে মানুষের মৌলিক স্বাধীনতাগুলো সামগ্রিকভাবে সম্মানিত হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করে অংশীজনদের আস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী আইনগত কাঠামো আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল।
ইইউ পর্যবেক্ষকদের মতে, ভোটগ্রহণের দিনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর। ভোটকেন্দ্রে বিভিন্ন দলের এজেন্টদের উপস্থিতি এবং রিটার্নিং কর্মকর্তাদের দ্রুত ফলাফল হালনাগাদের প্রক্রিয়া জনআস্থা ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে নাগরিক পর্যবেক্ষক, তরুণ ও নারী কর্মীদের কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা বাড়িয়েছে বলে ইইউ মনে করে।
তবে প্রতিবেদনে কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। ইভার্স ইজাবস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ সব ক্ষেত্রে সহজ ছিল না এবং নারীদের জন্য রাজনৈতিক পরিসর এখনো কিছুটা সীমিত। এছাড়া বিচ্ছিন্ন সহিংসতা ও অপপ্রচার (মিসইনফরমেশন) গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে। সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করে মিশন।
ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলের প্রধান টমাস জদেখোভস্কি বলেন, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছে। তিনি নতুন সংসদ ও সরকারকে গৃহীত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
২০২৫ সালের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করা এই মিশনে ইইউ সদস্য রাষ্ট্র ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের মোট ২২৩ জন পর্যবেক্ষক অংশ নিয়েছেন। আগামী মাসগুলোতে মিশনটি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



