নির্বাচনী পরিবেশ ইতিবাচক: ইইউ প্রধান পর্যবেক্ষক

বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ খুব ইতিবাচক ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস ইহাবস। আজ রোববার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারা দেশে বিভিন্ন এলাকায় ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক পাঠানোর প্রাক্কালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইভারস ইহাবস বলেন, তারা দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী এবং সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সার্বিক পরিবেশ পর্যালোচনায় তাদের মনে হয়েছে এটি বেশ ইতিবাচক। যাদের সঙ্গে তাদের কথা হয়েছে, তাদের অনেকেই জোর দিয়ে বলেছেন যে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় হতে যাচ্ছে।
তিনি জানান, ইইউ এবার তাদের অন্যতম বৃহৎ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে পাঠিয়েছে, যেখানে দুই শতাধিক পর্যবেক্ষক কাজ করছেন। জানুয়ারির শুরু থেকেই অন্তত ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মাঠে আছেন। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সাত সদস্যের একটি প্রতিনিধিদলও এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।
প্রধান পর্যবেক্ষক জানান, মঙ্গলবার থেকে স্বল্পমেয়াদি পর্যবেক্ষকেরা সারা দেশে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। তারা একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছেন। সহিংসতার কোনো ঘটনা নজরে এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তবে এখনই কোনো মন্তব্য করবেন না। আগামী ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী প্রতিবেদনে এবং নির্বাচনের দুই মাস পর চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইহাবস বলেন, এটি অনেক গণতন্ত্রের জন্যই একটি চ্যালেঞ্জ।
এছাড়া নির্বাচনে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন। ইইউ মিশন মনে করে, সব সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



