পাঁচটি জাতীয় নির্বাচনের সংক্ষিপ্ত বিশ্লেষণ

দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মতে, এদেশে এ পর্যন্ত ১৯৭০, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮—এই পাঁচটি নির্বাচন ছিল অন্যতম ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’।
এসব নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী—এই প্রধান তিনটি রাজনৈতিক দল এবং তাদের সহযোগিদের ভোটের ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ করা হলো। পাশাপাশি এসব নির্বাচনে সরাসরি ভোটে নারীর অবস্থানও দেখান হয়েছে।
পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমগ্র পাকিস্তানে মোট নিবন্ধিত ভোটার ছিল ৫,৬৯,৪১,৫০০ জন। এরমধ্যে পূর্ব পাকিস্তানে ৩,১২,১১,২২০ জন এবং পশ্চিম পাকিস্তানে ২,৩৭,৩০,২৮০ জন। সরকারি হিসাবে, এ নির্বাচনে পুরো পাকিস্তানে মোট ৩,৩০,০৪,০৬৫টি ভোট পড়েছিল। এর মধ্যে পূর্ব পাকিস্তানে ভোট দেওয়ার হার ছিল উল্লেখযোগ্য।
এ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলিয়ে ১৭০টি আসনে (পূর্ব পাকিস্তানে ১৬২টি) প্রার্থী দেয়। অন্যদিকে জামায়াতে ইসলামী ১৫১টি আসনে প্রার্থী দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, পূর্ব পাকিস্তানে প্রায় ৫৭.৯৬% ভোট পড়ে। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ১ কোটি ২৩ লাখ ভোট পেয়ে ৭৫.১১% সমর্থন অর্জন করে এবং ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টিতে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। প্রাদেশিক পরিষদেও দলটির জনপ্রিয়তার হার ছিল ৭০% এর বেশি।
দলের নাম-- প্রার্থী সংখ্যা --মোট প্রাপ্ত ভোট --ভোটের হার-- মোট আসন
আওয়ামী লীগ --১৭০ --১,২৯,৩৭,১৬২ --৩৯.২% --১৬৭
জামায়াতে ইসলামী --১৫১-- ১৯,৮৯,৪৬১-- ৬.০৩% --৪
আঞ্চলিক ফলাফল বিশ্লেষণ (পূর্ব বনাম পশ্চিম):
পূর্ব ও পশ্চিম পাকিস্তানে এই দুই দলের অবস্থান কেমন ছিল তার পরিসংখ্যান:
দলের নাম-- অঞ্চল-- প্রাপ্ত ভোট -- ভোটের হার (%) --বিজয়ী আসন
আওয়ামী লীগ-- পূর্ব পাকিস্তান -- ১,২৩,৩৮,৯২১ -- ৭৫.১১% -- ১৬৭
পশ্চিম পাকিস্তান-- ৫,৯৮,২৪১ -- ০
জামায়াতে ইসলামী-- পূর্ব পাকিস্তান -- ৯,৯১,৯০৮ -- ৬.০৭% -- ০
পশ্চিম পাকিস্তান -- ৯,৯৭,৫৫৩ -- ৪
নির্বাচনের ফলাফল বিশ্লেষণ বলছে, অন্যদিকে, জামায়াতে ইসলামী পাকিস্তান জুড়ে প্রায় ১৯.৮৯ লাখ ভোট (৬.০৩%) পেয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তারা পশ্চিম পাকিস্তানে ৪টি আসন পেলেও পূর্ব পাকিস্তানে ৯.৯১ লাখ ভোট (৬.০৭%) পাওয়া সত্ত্বেও কোনো আসনে জয়লাভ করতে পারেনি।
১৯৯১ সালের জাতীয় নির্বাচন:
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার এইচ এম এরশাদের পতনের পর এটি ছিল প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধিনে ‘নিরপেক্ষ নির্বাচন’। এ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। তৃতীয় অবস্থানে ছিল আন্দোলনের অন্যতম শরীক দল জামায়াতে ইসলামী।
পরিসংখ্যান বলেছে, এতে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৬,২১,৮১,৭৪৩ জন। মোট ভোট প্রদানকারী (কাস্টিং ভোট) ছিল ৩,৪৪,৭৭,৮০৩ টি (প্রায়)। অর্থাৎ ভোটের হার ছিল ৫৫.৪৫%।
এ নির্বাচনে বিএনপির মোট প্রাপ্ত ভোট ছিল ১,০৫,০৭,৫৪৯ টি (৩০.৮১%)। তারা ১৪০টি আসন পেয়ে পরে জামায়াতের সমর্থনে সরকার গঠন করে।
নির্বাচনে আওয়ামী লীগের মোট প্রাপ্ত ভোট ১,০২,৫৯,৮৬৬ টি (৩০.০৮%)। তাদের আসন সংখ্যা ছিল ৮৮টি।
জামায়াতে ইসলামীর প্রাপ্ত ভোট ছিল ৪১,৩৬,৬৬১ টি (১২.১৩%)। তাদের প্রাপ্ত আসন সংখ্যা ছিল ১৮টি।
দলের নাম -- প্রাপ্ত মোট ভোট -- ভোটের হার (%) --বিজয়ী আসন
বিএনপি -- ১,০৫,০৭,৫৪৯ -- ৩০.৮১% --১৪০
আওয়ামী লীগ --১,০২,৫৯,৮৬৬ --৩০.০৮% --৮৮
জামায়াতে ইসলামী -- ৪১,৩৬,৬৬১ -- ১২.১৩% --১৮
জাতীয় পার্টি-- ৪০,৬৩,৫৩৭ -- ১১.৯২% -- ৩৫
১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয়লাভ করেছিল। এরমধ্যে জয়পুরহাট-১ আসনে মোঃ আব্বাস আলী খান সর্বোচ্চ ৬৫,১৫৪ ভোট পেয়েছিলেন।
আর মওলানা মুহাম্মদ আবদুস সোবহান পাবনা-৪ এবং পাবনা-৫ উভয় আসনেই জয়লাভ করেছিলেন।
ভৌগোলিক অবস্থানের দিক থেকে ১৮টি আসনের অধিকাংশই ছিল উত্তরবঙ্গ (দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা) এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট) এলাকায়।
১৯৯৬ সালের জাতীয় নির্বাচন:
১৯৯৬ সালে বাংলাদেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথমটি ফেব্রুয়ারিতে ‘বিতর্কিত’ ও ‘একতরফা’ এবং দ্বিতীয়টি জুন মাসে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ আলোচনার ক্ষেত্রে ১৯৯৬ এর নির্বাচন বলতে ১২ জুনের নির্বাচনকেই বোঝানো হয়।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫,৬৭,১৬,৯৩৫ জন। প্রদত্ত ভোট ছিল ৪,২৪,১৮,২৬৫ টি, ভোটের হার ৭৪.৯৬%। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ভোটের হার।
অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি (এরশাদ) প্রায় ১৬.৪% ভোট পেয়ে ৩২টি আসন লাভ করে, যা এই নির্বাচনে বড় প্রভাব ফেলেছিল।
৩০০টি আসনের বিপরীতে ২৮১জন স্বতন্ত্র প্রার্থীসহ ৮১টি দল থেকে মোট ২,৫৭৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে বিজয় পেয়ে জোটগতভাবে সরকার গঠন করে। এ নির্বাচনে দলীয় প্রার্থীরা ৭৪.৮২% এবং স্বতন্ত্র প্রার্থীরা ০.৬৭% ভোট পেয়েছিলেন।
রাজনৈতিক দল -- প্রাপ্ত মোট ভোট -- ভোটের হার (%)-- বিজয়ী আসন
আওয়ামী লীগ -- ১,৫৮,৮২,৭৯২ -- ৩৭.৪৪% -- ১৪৬
বিএনপি -- ১,৪২,৫৫,৯৮৬ --৩৩.৬০% -- ১১৬
জামায়াতে ইসলামী -- ৩৬,৫৩,০১৩ --৮.৬১% --৩
১৯৯১ সালের তুলনায় ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটের হার এবং আসন সংখ্যা উভয়ই বৃদ্ধি পায় এবং তারা দীর্ঘ ২১ বছর পর সরকার গঠন করে। এ নির্বাচনে বিএনপির ভোটের সংখ্যা বাড়লেও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়ে বিরোধী দল গঠন করে। আর জামায়াতে ইসলামী ১৯৯১ সালে ১৮টি আসন পেলেও ১৯৯৬ সালে তাদের আসন সংখ্যা নাটকীয়ভাবে কমে মাত্র ৩টিতে নেমে আসে, যদিও তারা উল্লেখযোগ্য পরিমাণ (৮.৬১%) ভোট পেয়েছিল।
২০০১ সালের জাতীয় নির্বাচন:
২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। এই নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এতে মোট ভোটার ৭,৫০,০৬,৬৫৬ জন, প্রদত্ত ভোট ৫,৬১,৪৯,১৮২টি ( প্রায় ৭৫.৫৯%)।
দ্বিতীয়বারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত এ নির্বাচনে সবচেয়ে বিস্ময়কর দিক ছিল আওয়ামী লীগ ও বিএনপির ভোটের পার্থক্য। দুই দলের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল মাত্র ১.১৯%। কিন্তু আসন সংখ্যার ব্যবধান ছিল বিশাল (বিএনপি ১৯৩, বনাম আওয়ামী লীগ ৬২)। এটি মূলত বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের কারণে সম্ভব হয়েছিল।
রাজনৈতিক দল-- প্রাপ্ত ভোট (সংখ্যা)-- ভোটের শতাংশ (%)-- প্রাপ্ত আসন
বিএনপি-- ২,২৮,৩৩,৯৭৮ -- ৪১.৪০% -- ১৯৩
আওয়ামী লীগ -- ২,২৩,৬৫,৫১৬ -- ৪০.২১% -- ৬২
জামায়াতে ইসলামী-- ২৩,৮৫,৬৬১ -- ৪.২৮% -- ১৭
জাতীয় পার্টি (এরশাদ)-- ৪০,২৩,৬৬২ -- ৭.২৫% --১৪
ইসলামী ঐক্যজোট -- ৩,৭৬,৩৪৩ --০.৬৮-- ২
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (নাজিউর) এবং ইসলামী ঐক্যজোট একত্রে নির্বাচন করায় অনেক কেন্দ্রে আওয়ামী লীগের একক প্রার্থীর বিপক্ষে জোটের সম্মিলিত ভোট বেশি পড়েছিল। জামায়াতের ১৭টি আসন এবং ৪.২৮% ভোট জোটের জয়ে বড় ভূমিকা রেখেছিল।
এ নির্বাচনের ফলাফলে ভোটের হার ৪০% ছাড়িয়ে গেলেও আসন সংখ্যায় আওয়ামী লীগের বড় বিপর্যয় ঘটে।
২০০৮ সালের জাতীয় নির্বাচন:
এক-এগারোর সেনা সমর্থিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অত্যন্ত কড়াকড়ির মধ্যে ২০০৮ ২৯ ডিসেম্বর নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০১ সালের নির্বাচনে বিএনপি জোট যেমন বড় জয় পেয়েছিল, ২০০৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 'মহাজোট' তার চেয়েও বড় বিজয় অর্জন করে। মহাজোট এককভাবে ২৬৩টি আসন লাভ করে।
বিগত ২০০১ সালে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের পার্থক্য ছিল মাত্র ১.১৯%। কিন্তু ২০০৮ সালে সেই পার্থক্য বেড়ে দাঁড়ায় প্রায় ১৫.৫৪%। আওয়ামী লীগের জনপ্রিয়তা ভোট একলাফে ৪৮ শতাংশে পৌঁছে যায়।
২০০১ সালে ১৭টি আসন পেলেও ২০০৮ সালে জামায়াত মাত্র ২টি আসনে জয়লাভ করে। তাদের ভোটের শতাংশ প্রায় অপরিবর্তিত (৪.৭০%) থাকলেও জোটগত মেরুকরণ এবং তরুণ ভোটারদের আওয়ামী লীগের 'দিন বদলের সনদ'-এর প্রতি আকর্ষণের ফলে তারা আসন হারিয়ে ফেলে।
জোট ও দলের নাম-- প্রাপ্ত ভোট -- ভোটের শতাংশ-- প্রাপ্ত আসন
মহাজোট --৩,৯৫,২১,৩৬৬ --৫৬.৪৫%-- ২৬৩
১. আওয়ামী লীগ-- ৩,৩৬,৩৪,৬২৯ --৪৮.০৪% --২৩০
২. জাতীয় পার্টি (এরশাদ) -- ৪৯,২৬,৩৬০ -- ৭.০৪% -- ২৭
৩. জাসদ (ইনু) -- ৫,০৬,৬০৫ --০.৭২% --৩
৪. ওয়ার্কার্স পার্টি -- ২,৬২,০৯৩ -- ০.৩৭% -- ২
৫. এলডিপি ১,৯১,৬৭৯ ০.২৭% ১
চার দলীয় জোট-- ২,৬৩,২৮,৭৭৫-- ৩৭.৬১%-- ৩৩
১. বিএনপি-- ২,২৭,৫৭,১০১-- ৩২.৫০% --৩০
২. জামায়াতে ইসলামী-- ৩২,৮৯,৯৬৭-- ৪.৭০% -২
৩. জাতীয় পার্টি (বিজেপি)-- ১,৭৩,২৯২-- ০.২৫% --১
৪. ইসলামী ঐক্য জোট-- ১,০৮,৪১৫ ০--.১৫% --০
নির্বাচনে প্রায় ২.৩ কোটি ছিল নতুন ভোটার। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি এবং যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার তরুণ প্রজন্মের ভোটারদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।
এই নির্বাচনে প্রথমবারের মতো ছবিযুক্ত ডিজিটাল ভোটার তালিকা ব্যবহৃত হয় এবং ভোটার উপস্থিতির হার ছিল রেকর্ড পরিমাণ।
পরিসংখ্যান বলছে, এতে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৮,১০,৮৭,০০৩ জন। ভোট পড়েছে ৭,০৬,৪৮,৪৮৫ টি, অর্থাৎ ভোট প্রদানের হার ছিল প্রায় ৮৭.১৩% (যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ)।
নির্বাচনে নারীর অবস্থান:
১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য সংখ্যক নারীর অংশগ্রহণ ছিল। বিশেষ করে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন নারীরা। তারা অনেক ক্ষেত্রে ছাত্র-জনতার আন্দোলনে নেতত্বও দিয়েছেন।
এবার এক নজরে দেখা যাক, ১৯৭০, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮—এই পাঁচটি নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী—এই তিনটি রাজনৈতিক দলের নারী প্রার্থী ও সরাসরি ভোটে প্রাপ্ত নারী আসনের সংখ্যা।
১৯৭০ সালের সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। তবে নির্বাচনের পর সংরক্ষিত আসনে নারীদের মনোনীত করা হতো।
২০০৮ সালের নির্বাচনে নারী বিজয়ী হওয়ার সংখ্যায় উল্লম্ফন ঘটে। এ নির্বাচনে আওয়ামী লীগের ১৮ জন নারী প্রার্থী জয়ী হয়ে ইতিহাস গড়েন।
নির্বাচনের বছর -- রাজনৈতিক দল --নারী প্রার্থী সংখ্যা -- নির্বাচিত নারী সদস্য (সরাসরি)
১৯৭০ --আওয়ামী লীগ --০ -- ০
জামায়াতে ইসলামী-- ০-- ০
১৯৯১-- আওয়ামী লীগ --১৫-- ৪
বিএনপি --১০ -- ৫
জামায়াতে ইসলামী --০ -- ০
১৯৯৬ (জুন) --আওয়ামী লীগ --৭--৫
বিএনপি -- ৫ -- ৩
জামায়াতে ইসলামী --১ --০
২০০১ --আওয়ামী লীগ --১২-- ৪
বিএনপি-- ৬ --২
জামায়াতে ইসলামী --০-- ০
২০০৮-- আওয়ামী লীগ-- ২৩ --১৮
বিএনপি-- ১২-- ১
জামায়াতে ইসলামী --২ --০
১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত সরাসরি নির্বাচনে নারী জয়ের যে সংখ্যা (৪-৫টি), তার প্রায় সবকটিই শেখ হাসিনা এবং খালেদা জিয়ার একাধিক আসনে জয়লাভের মাধ্যমে আসে। অর্থাৎ, দলের অন্যান্য নারী প্রার্থীদের জয়ের হার তখন বেশ কম ছিল।
জামায়াত থেকে ১৯৯৬ সালে প্রথম ১ জন এবং ২০০৮ সালে ২ জন নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু সরাসরি ভোটে তারা কেউ জয়ী হতে পারেননি।
উপরের ওই এই চার্টের বাইরে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে (১৯৯১ ও ১৯৯৬ সালে ৩০টি; ২০০৪ সাল থেকে ৪৫টি; বর্তমানে ৫০টি)। এই আসনগুলো সাধারণ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে বণ্টন করা হয়।
খবরে প্রকাশ, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৯১ প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী মাত্র ৬৫ জন।
রাজনৈতিক দল --নারী প্রার্থী সংখ্যা-- বিশেষ পর্যবেক্ষণ
বিএনপি-- ১০ --মোট প্রার্থীর মাত্র ৩.৫%। অধিকাংশ প্রার্থীই পারিবারিক সূত্রে মনোনীত।
বাসদ (মার্কসবাদী) --৯ --মোট প্রার্থীর ৩৩% (এক-তৃতীয়াংশ)।
জাতীয় পার্টি (জিএম কাদের--) ৫ --নেতৃত্ব সংকটের মাঝেও ৫ জন নারীকে মনোনয়ন।
গণসংহতি আন্দোলন --৪ --শেষ পর্যন্ত থাকার চ্যালেঞ্জ রয়েছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টি-- ৩ --জামায়াত জোটের কারণে এদের নির্বাচনে থাকার সম্ভাবনা ক্ষীণ।
গণঅধিকার পরিষদ-- ৩ --নতুন প্রজন্মের দল।
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হলেও দলটির নারী মনোনয়ন নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি থেকে বড় সংখ্যক নারী প্রার্থীর প্রত্যাশা থাকলেও বাস্তবে ১০ জনের বেশি নারী মনোনয়ন পাননি। আবার এই ১০ জন নারীই বিএনপির কোনো না কোনো পুরুষ নেতার স্ত্রী, কন্যা বা নিকটজন।
তথ্যসূত্র: নির্বাচন কমিশন ও বিভিন্ন গণমাধ্যম।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



