চেতনার বাতিঘর: শহীদ মিনারের সাত দশক

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০১পরিবর্তন করতে ক্লিক করুন
চেতনার বাতিঘর: শহীদ মিনারের সাত দশক

ছবি: উইকি

শেয়ার করুন:

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির এই আবেগের জায়গায় আবারও আঘাত হানে। কামানের গোলার আঘাতে তাঁরা গুঁড়িয়ে দেয় শহীদ মিনারকে। সেখানে লিখে দেওয়া হয় ‘মসজিদ’।



বাঙালির আত্মপরিচয় রক্ষার লড়াইয়ের সবচেয়ে উজ্জ্বল নাম কেন্দ্রীয় শহীদ মিনার। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রজনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকে শহীদ হন। 


সেই রক্তক্ষরা বিকালের শোককে শক্তিতে রূপান্তর করতে পরদিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি রাতেই শহীদদের স্মরণে মিনার তৈরির পরিকল্পনা করা হয়।


২৩ ফেব্রুয়ারি রাতারাতি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে নির্মিত হয় প্রথম 'শহীদ স্মৃতিস্তম্ভ'। পরদিন ২৪ ফেব্রুয়ারি সকালে শহীদ শফিউরের পিতা এর উদ্বোধন করেন। ২৬ ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন তৎকালীন ‘আজাদ’ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন। তবে ওই দিন বিকেলেই পাকিস্তানি পুলিশ ও সেনাবাহিনী এটি গুঁড়িয়ে দেয়।


বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা তৈরি করেন প্রখ্যাত শিল্পী হামিদুর রহমান ও ভাস্কর নভেরা আহমেদ। নকশাটির মূল থিম ছিল—কেন্দ্রে মা এবং দুই পাশে চার সন্তান। বড় স্তম্ভটি মায়ের প্রতীক, যা মস্তক অবনত করে সন্তানদের আগলে রেখেছে। ১৯৫৭ সালে এই মিনারের নির্মাণকাজ শুরু হয়। ১৯৫৮ সালে সামরিক আইন জারির ফলে কাজ মাঝপথে থেমে গেলেও ১৯৬৩ সালে এর মূল অংশ সম্পন্ন হয় এবং ২১ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির এই আবেগের জায়গায় আবারও আঘাত হানে। কামানের গোলার আঘাতে তাঁরা গুঁড়িয়ে দেয় শহীদ মিনারকে। সেখানে লিখে দেওয়া হয় ‘মসজিদ’।

স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নির্দেশে দ্রুততার সঙ্গে বর্তমান মিনারটি পুনঃনির্মিত হয়। মূল নকশায় কিছু পরিবর্তন এলেও এর ভাবগাম্ভীর্য অক্ষুণ্ণ রাখা হয়।


১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনার বিশ্বজুড়ে মাতৃভাষা রক্ষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। আজ কেবল একুশে ফেব্রুয়ারি নয়, যেকোনো অধিকার আদায়ের আন্দোলনে বাঙালির প্রেরণার উৎস হিসেবে দাঁড়িয়ে আছে এই মিনার। ৫২-র সেই ছোট্ট ইটের মিনারটি আজ বাঙালির হৃদয়ে এক বিশাল বটবৃক্ষ হয়ে বেঁচে আছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: