একুশের প্রথম সংকলন ও অবিনাশী গান

ছবি: উইকি
আব্দুল লতিফ এতে সুরারোপ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গাইতে শুরু করেন। ১৯৫৪ সালে শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ বর্তমানের জনপ্রিয় সুরটি দেন, যা ৫৪-র প্রভাতফেরিতে প্রথম গাওয়া হয়।
১৯৫৩ সালের ২৫ মার্চ। বায়ান্নর রক্তঝরা একুশের ঠিক এক বছর এক মাস পর ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল এক অনন্য দলিল—‘একুশে ফেব্রুয়ারি’। হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত এই সংকলনটি কেবল সাহিত্যচর্চার মাধ্যম ছিল না, এটি ছিল পাকিস্তান সরকারের শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম বুদ্ধিবৃত্তিক প্রতিবাদ।
এই সংকলনেই প্রথমবারের মতো মুদ্রিত আকারে স্থান পেয়েছিল আব্দুল গাফফার চৌধুরীর সেই কালজয়ী কবিতা—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
আন্দোলনের মাত্র কয়েক মাস পর ১৯৫২ সালের শেষ দিকে হাসান হাফিজুর রহমান সংকলনটির পরিকল্পনা করেন। পুঁথিপত্র প্রকাশনীর পক্ষ থেকে ভাষাসংগ্রামী মোহাম্মদ সুলতান ও এম আর আখতার মুকুলের সাহসী উদ্যোগে ১৯৫৩ সালের মার্চে এটি আলোর মুখ দেখে।
সংকলনটি ছাপানো হয়েছিল পুরান ঢাকার পাইওনিয়ার প্রেস থেকে, যা তৎকালীন সময়ে গোয়েন্দা নজরদারির কারণে ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বইটির শৈল্পিক সৌন্দর্যও ছিল দেখার মতো। সংকলনটির মূল প্রচ্ছদ এঁকেছিলেন শিল্পী আমিনুল ইসলাম। ভেতরের রেখাচিত্র বা স্কেচগুলো করেছিলেন কিংবদন্তি শিল্পী মুর্তজা বশীর ও বিজন চৌধুরী। ১৮৩ পৃষ্ঠার এই সংকলনে ছিল সে সময়ের অগ্রণী সাহিত্যিকদের লেখা গল্প, কবিতা ও নিবন্ধ।
আবদুল গাফফার চৌধুরী যখন কবিতাটি লিখেছিলেন, তখন তিনি ঢাকা কলেজের ছাত্র। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে এটি ‘একুশের গান’ শিরোনামে ছাপা হয়েছিল। আজ আমরা যে গানটি আলতাফ মাহমুদের সুরে প্রভাতফেরিতে গাই, তা শুরুতে এমন ছিল না। সংকলনটি প্রকাশের সময় এটি মূলত কবিতা হিসেবেই সমাদৃত ছিল।
পরে আব্দুল লতিফ এতে সুরারোপ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গাইতে শুরু করেন। ১৯৫৪ সালে শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ বর্তমানের জনপ্রিয় সুরটি দেন, যা ৫৪-র প্রভাতফেরিতে প্রথম গাওয়া হয়।
সংকলনটি প্রকাশের কয়েক মাসের মধ্যেই তৎকালীন মুসলিম লীগ সরকার এটিকে ‘বিপজ্জনক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে ১৯৫৩ সালের শেষভাগে বাজেয়াপ্ত ঘোষণা করে। পুলিশ বিভিন্ন প্রেস ও বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে সংকলনের কপি ধ্বংস করার চেষ্টা চালায়। তবে বাঙালির আবেগ ও প্রতিবাদের তীব্রতায় সেই নিষেধাজ্ঞা টেকেনি।
১৯৫৬ সালে আবু হোসেন সরকারের মন্ত্রিসভার সময়ে সংকলনটির ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
বইটি প্রকাশের খরচ জোগাতে সম্পাদক হাসান হাফিজুর রহমানকে ব্যক্তিগত ত্যাগের শিকার হতে হয়েছিল। জানা যায়, সংকলন প্রকাশের প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে তিনি তার পৈতৃক জমি পর্যন্ত বিক্রি করেছিলেন। সংকলনের উৎসর্গপত্রে আনিসুজ্জামানের লেখা সেই অমোঘ বাক্যটি আজো ইতিহাসের সাক্ষী, 'যে অমর দেশবাসীর মধ্য থেকে জন্ম নিয়েছেন একুশের শহীদেরা, তাদের উদ্দেশ্যে।'
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বব্যাপী স্বীকৃতি থাকলেও, এর আদি এবং অকৃত্রিম রূপটি সংরক্ষিত আছে হাসান হাফিজুর রহমান সম্পাদিত এই ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনেই।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



