নতুন রাজনৈতিক সমীকরণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
এবারের একুশে ফেব্রুয়ারির সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উপস্থিতি। এই প্রথম জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানালেন।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তবে এবারের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রথাগত রীতির বাইরে বেশ কিছু নতুন রাজনৈতিক মেরুকরণ ও ব্যতিক্রমী ঘটনা দেখা গেছে।
রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপতি বিদায় নেওয়ার পর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, অতীতে সাধারণত প্রধানমন্ত্রী আগে এসে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতেন, তবে এবার রাষ্ট্রপতি চলে যাওয়ার পর প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন, যা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রটোকলে এক নতুন সংযোজন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। মোনাজাতে ভাষা শহীদদের পাশাপাশি ‘৯০ ও ‘২৪-এর আন্দোলনের শহীদ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির
এবারের একুশে ফেব্রুয়ারির সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উপস্থিতি। এই প্রথম জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানালেন। তিনি ১১-দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, "বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় আচার পালন করা আমার দায়িত্ব। আমরা ৪৭, ৫২, ৭১, ৯০ এবং বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি।" এরপর তারা আজিমপুর কবরস্থানে গিয়ে শহীদদের কবর জিয়ারত করেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টির একদল নেতাকর্মী বাধার মুখে পড়েন। একটি রাজনৈতিক দলের ইউনিটের কর্মীদের বাধায় তারা ব্যানারসহ মূল বেদিতে যেতে সমস্যায় পড়েন বলে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিতে বরকত, সালাম, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। সেই থেকে দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়। বর্তমানে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



