শিক্ষামন্ত্রী 'হেলিকপ্টার মিলন' ফের আলোচনায়
অনেকেই কৌতুক করে লিখছেন, "অটো পাসের দিন শেষ, বাচ্চারা এবার পড়তে বসো।"
পঁচিশ বছর পর পূর্ণ মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে ফিরলেন আ ন ম এহসানুল হক মিলন। ২০০১ সালে নকল বিরোধী কঠোর অভিযানের জন্য 'হেলিকপ্টার মিলন' খ্যাত এই নেতার প্রত্যাবর্তন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার শিক্ষা ও গণশিক্ষা—উভয় মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন এই আলোচিত রাজনীতিবিদ।
মঙ্গলবার তার শপথ গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই কৌতুক করে লিখছেন, "অটো পাসের দিন শেষ, বাচ্চারা এবার পড়তে বসো।"
বুধবার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মিলন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, "অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ঘোষণা দিচ্ছি—নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না।"
শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, "আমাদের শুধু হাইজাম্প নয়, বরং পোল ভল্ট জাম্প দিতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ও রোবটিক্সকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।"
এবারের মন্ত্রিসভায় মিলনের সহযোগী হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। দুই প্রজন্মের এই নেতৃত্ব মিলে বাংলাদেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে কতটা যুগোপযোগী করতে পারেন, এখন সেটিই দেখার বিষয়। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তার মেয়াদে কোনো অনিয়ম সহ্য করা হবে না এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাই হবে তাদের প্রধান লক্ষ্য।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



