ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, মোতায়েন ১ লাখ ৮৭ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১২পরিবর্তন করতে ক্লিক করুন
ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, মোতায়েন ১ লাখ ৮৭ হাজার পুলিশ
শেয়ার করুন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। নির্বাচনী নিরাপত্তায় পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্যের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি ও প্রায় ৬ লাখ আনসার সদস্য মাঠে থাকছেন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের উদাহরণ সৃষ্টি করতে সরকার বদ্ধপরিকর।’

 

আইজিপি জানান, মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮ হাজার ৭৭০টিকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ১৬ হাজার কেন্দ্র মাঝারি ঝুঁকিপূর্ণ এবং বাকিগুলো সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত। উচ্চ ও মাঝারি ঝুঁকিপূর্ণ প্রায় ২৪ হাজার কেন্দ্রে পুলিশ সদস্যদের ‘বডি-ওর্ন’ ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমে ইতিমধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী ড্রোন ব্যবহার করবেন পুলিশ সুপাররা।

 

আইজিপির দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম স্তরে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। দ্বিতীয় স্তরে কেন্দ্রের বাইরে ভ্রাম্যমাণ টহল ও তদারকির জন্য পুলিশের ‘মোবাইল টিম’ এবং তৃতীয় স্তরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘স্ট্রাইকিং ফোর্স’ কাজ করবে। পুলিশের ১ লাখ ৫৭ হাজার ৮০৫ জন সরাসরি নির্বাচনী ডিউটিতে এবং বাকি ২৯ হাজার ৭৯৮ জন সহায়ক ভূমিকায় নিয়োজিত থাকবেন।

 

নির্বাচনপূর্ব পরিস্থিতি তুলে ধরে আইজিপি জানান, ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত ও ৬০৩ জন আহত হয়েছেন। তবে তিনি আশ্বস্ত করেন যে, পরাজিত ফ্যাসিবাদী শক্তির হুমকি এখন অনেকটা কমে এসেছে।

 

অবৈধ অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ২৭ হাজার ৯টি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থানায় জমা পড়েছে। তবে লুণ্ঠিত ১ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই অবৈধ অস্ত্রগুলো নির্বাচনী পরিবেশের জন্য হুমকি উল্লেখ করে নিয়মিত অভিযান চালানোর কথা জানান তিনি।

 

সাংবাদিকদের সাথে পুলিশের আচরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি স্বীকার করেন যে, ১৫ বছরের পুরনো অভ্যাস এক বছরে বদলানো কঠিন। তবে ইউনেস্কো ও ইউএনওডিসির মাধ্যমে পুলিশকে পুনঃপ্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, বর্তমানে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা নেই, তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

নির্বাচনী প্রচারণা ঘিরে কোনো বড় ধরনের নাশকতার ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করে আইজিপি বলেন, ‘নির্বাচনটি যেন ঐতিহাসিক ও স্মরণীয় হয়ে থাকে, পুলিশের পক্ষ থেকে সেই প্রচেষ্টাই থাকবে।’

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: