ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৭পরিবর্তন করতে ক্লিক করুন
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব
শেয়ার করুন:

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

 

ইসি সচিব বলেন, ‘আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি যে, আমাদের এ পর্যন্ত যতগুলো আসনের ভোট হওয়ার কথা—২৯৯টি; একটা আসনে একজন প্রার্থীর ইন্তেকাল করার কারণে ভোট স্থগিত করা হয়েছে এবং ওটা পরে হবে। ২৯৯টি আসনের সব ব্যালট পেপার ও নির্বাচনি উপকরণ চলে গেছে।’

 

তিনি আরও জানান, ব্যালট পেপার ইতোমধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের কাছে পৌঁছানো হচ্ছে। অর্থাৎ, ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি এখন চূড়ান্ত।

 

আসন্ন নির্বাচন উপলক্ষে ১৯টি দেশ থেকে ৫৪০ জন সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। তাদের উদ্দেশে সচিব বলেন, ‘এই প্রস্তুতির পর এখন আমাদের মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী ১২ তারিখ সকাল সাড়ে ৭টার সময় ভোট দিয়ে একটা যুগান্তকারী সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে। ওই সময় পর্যন্তই আমরা এখন অপেক্ষমাণ।’

 

একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট করার চ্যালেঞ্জ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘এই জায়গায় আসাটা খুব সহজ ছিল না, মসৃণ ছিল না। কিন্তু আমরা ধাপে ধাপে এটাকে উত্তরণ করে নিয়ে আসতে পেরেছি। লক্ষ্যটা কী? উৎসবমুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু ও অর্থবহ একটা নির্বাচন দেওয়া।’

 

সংবাদকর্মীদের প্রতি সত্য তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। তথ্যের ব্যাখ্যা আপনাদের থাকবে, কিন্তু অপতথ্য-অপপ্রচার থেকে আমরা বিরত থাকব। সত্য যতই নির্মম কঠিন হোক না কেন, আমরা সেটাই বলব।’

 

ফলাফল একীভূতকরণ প্রসঙ্গে সচিব জানান, পোস্টাল ব্যালটের কারণে রিটার্নিং অফিসারের কাছে ফলাফল পৌঁছাতে অন্যান্য কেন্দ্রের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে ব্যালট পেপারের কাঠামোগত কারণে বিচার-বাছাইয়ে সময় লাগলেও কোনো অবস্থাতেই তা দীর্ঘায়িত হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: