ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার ৪ সহজ উপায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা ঘরে বসেই দ্রুত ও নির্ভুলভাবে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতিগুলো নিচে তুলে ধরা হলো:
১. মোবাইল অ্যাপের মাধ্যমে
স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক এবং কেন্দ্রের নাম ও ঠিকানা জানা যাবে।
২. ১০৫ নম্বরে কল করে
যে কোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
৩. এসএমএস সেবা
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি’ লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে পাঠাতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার তার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন।
৪. ইসির ওয়েবসাইট
নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ইসিএস ডটজিওভি ডটবিডি) থেকে ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে দুইভাবে তথ্য পাওয়া যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা অনুযায়ী কেন্দ্রের তালিকা দেখে। দ্বিতীয়ত, এনআইডি ও জন্ম তারিখ ইনপুট দিয়ে।
এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থান ও যাতায়াতের পথ দেখার সুবিধাও রয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



