সংসদ নির্বাচন ও গণভোট: মাঠে সাড়ে ৯ লাখ নিরাপত্তা সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিতের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাঠে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নিশ্ছিদ্র নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক সদস্যের পাশাপাশি ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর বড় একটি অংশ নিয়োজিত থাকছে। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সেনা সদস্য এবং ৩ হাজার ৫০০ জন বিমান বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। উপকূলীয় ও নদীবেষ্টিত ৫টি জেলার ১৭টি আসনে মোতায়েন থাকবে নৌবাহিনীর ৫ হাজার সদস্য।
সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১ হাজার ২১০ প্লাটুন বা ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য মাঠে থাকছেন। পাশাপাশি কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য ১০টি জেলার ১৭টি আসনের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের সবচেয়ে বড় অংশ সামলাবে পুলিশ ও আনসার বাহিনী। পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৯ হাজার ৩৪৯ জন সদস্য সার্বক্ষণিক টহল ও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া ভোটকেন্দ্রের পাহারায় সবচেয়ে বড় বাহিনী হিসেবে থাকবেন ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য। এবারই প্রথম বড় পরিসরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) থেকে ১ হাজার ৯২২ জন সদস্যকে নির্বাচনী দায়িত্বের জন্য প্রস্তুত করা হয়েছে।
ইসি সূত্র জানায়, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ দলগুলোকে সতর্ক রাখা হয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



