৫ পদ্ধতিতে ভোটের মাঠ পর্যবেক্ষণে ইসি

স্কেচ: এআই
‘বডি ওর্ন’ ক্যামেরা, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা, ড্রোন, বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযান (ইউএভি) এবং ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে ভোটের চিত্র সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ পদ্ধতিতে ডিজিটাল পর্যবেক্ষণ চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকেই নির্বাচন ভবনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল থেকে এই নজরদারি শুরু হয়।
ইসি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরা, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা, ড্রোন, বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযান (ইউএভি) এবং ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে ভোটের চিত্র সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ইসির প্রধান সমন্বয় সেলে গিয়ে কর্মকর্তাদের এই বিশেষ তৎপরতা দেখা যায়। সকালে সমন্বয় সেল পরিদর্শন করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন ৫ লাখের বেশি জনবল।
দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, আকাশ ও স্থলপথের সম্মিলিত নজরদারির কারণে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার ১২৮টি কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। বাকি আসনগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচন উপলক্ষে জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দেওয়া, ভোট কেনাবেচা বা জাল ভোট দেওয়ার মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে কমিশন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



