উপাচার্য নিয়োগে দলীয়করণ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:৪০পরিবর্তন করতে ক্লিক করুন
উপাচার্য নিয়োগে দলীয়করণ নিয়ে প্রশ্ন

রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, উইকি

শেয়ার করুন:

‘আওয়ামী লীগের সময়েও দেখেছি যাদের উপাচার্য বানানো হয়েছিল, তাদের বেশিরভাগের চাইতে অধিকতর যোগ্য ব্যক্তি তাদের দলের সমর্থকদের মধ্যেই ছিলেন। কিন্তু যোগ্যতা যত কম থাকে তত আনুগত্য বেশি থাকে, এটাই বোধহয় সূত্র!’

 

বাংলাদেশের উচ্চশিক্ষায় দলীয়করণের সংস্কৃতি দীর্ঘদিনের। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের ‘নীল দল’ প্রভাবিত শাসনের পর প্রত্যাশা ছিল নতুন সরকার এই ধারা ভাঙবে। কিন্তু সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ প্রধান প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ দেখা যাচ্ছে, তাতে মেধার চেয়ে রাজনৈতিক আনুগত্যই প্রধান হয়ে উঠেছে।

 

খবরে প্রকাশ, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের পদাঙ্ক অনুসরণ করেই গত ১৫ মার্চ ৮টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের প্রায় সবাই বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সাদা দল’ বা ‘জিয়া পরিষদ’-এর শীর্ষস্থানীয় নেতা।

 

খবরে প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

 

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও সাদা দলের সাবেক ও বর্তমান শীর্ষ নেতাদের বসানো হয়েছে। এমনকি কুয়েটে গত বছর শিক্ষার্থীদের আন্দোলনে অপসারিত উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।

 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই নিয়োগগুলোকে সমর্থন করে জানিয়েছেন, রাজনীতি করা অযোগ্যতা নয় এবং পারফরম্যান্স দেখেই নিয়োগ দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষকদের মতে, স্বচ্ছ ‘সার্চ কমিটি’র প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দলীয় পরিচয়ই মানদণ্ড হিসেবে কাজ করেছে।

 

অন্যদিকে, অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘মিলন সাহেব প্রশ্ন তুলেছেন, কারও দল করা কি অযোগ্যতা? না, দল করা অযোগ্যতা না। কিন্তু নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট যোগ্যতার শর্ত থাকার কথা। নকল লেখা প্রকাশ, শিক্ষক হিসেবে খারাপ রেকর্ড থাকার পরও শুধু দলের আনুগত্য তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগ্যতা হবার কথা না।’

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময়েও দেখেছি যাদের উপাচার্য বানানো হয়েছিল, তাদের বেশিরভাগের চাইতে অধিকতর যোগ্য ব্যক্তি তাদের দলের সমর্থকদের মধ্যেই ছিলেন। কিন্তু যোগ্যতা যত কম থাকে তত আনুগত্য বেশি থাকে, এটাই বোধহয় সূত্র!’

 

 

‘কিন্তু বিশ্ববিদ্যালয় যে দলীয় প্রতিষ্ঠান নয়, এটি যে বিশ্বের সামনে জ্ঞান বিজ্ঞান চর্চা নিয়ে দাঁড়ানোর শক্তি তৈরির প্রতিষ্ঠান সেটা কোনো সরকারই মানতে রাজী না।  এভাবে চললে সর্বজন বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বস থেকে উঠানো যাবে না,’ যোগ করেন তিনি।   

 

বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন ও ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, সিনেট প্যানেলের মাধ্যমে উপাচার্য নির্বাচনের নিয়ম থাকলেও তা দীর্ঘদিন ধরে উপেক্ষিত। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপাচার্য নির্বাচনের পরিবর্তে সরাসরি সরকারি আদেশে নিয়োগ দেওয়া হচ্ছে।

 

শিক্ষাবিদ অধ্যাপক কামরুল হাসান মামুন উল্লেখ করেছেন যে, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগের আশ্বাস দিলেও একদিন পরই সম্পূর্ণ দলীয় ভিত্তিতে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

 

শিক্ষাবিদদের মতে, উপাচার্য যখন রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নিয়োগ পান, তখন প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট হয়। এর ফলে সৃষ্ট সমস্যাগুলো হলো:

প্রথমত, বিশ্ববিদ্যালয়ের ৮০ শতাংশ প্রশাসনিক কাজ উপাচার্যের অধীনে থাকে। দলীয় উপাচার্য থাকলে কেবল অনুসারীদের শিক্ষক ও কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার প্রবণতা বাড়ে, যা শিক্ষার মান কমিয়ে দেয়।

 

দ্বিতীয়ত, শিক্ষকরা গবেষণার চেয়ে প্রশাসনিক পদের আশায় রাজনীতিতে বেশি সময় দেন।

 

তৃতীয়ত, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপাচার্যরা পদত্যাগ করেন বা অপসারিত হন। ফলে বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় অভিভাবকহীন থাকে, যেমনটি দেখা গিয়েছিল ২০২৪ সালের আগস্টের পর।

 

চতুর্থত, ভিন্নমতের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে।

 

বিশ্লেষকরা বলছেন, অক্সফোর্ড বা হার্ভার্ডের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয় প্রার্থীর গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা ও একাডেমিক ভিশনের ওপর ভিত্তি করে। এমনকি ভারতেও সার্চ কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে নিয়োগ দেওয়া হয়। সেখানে প্রার্থীদের শিক্ষার্থীদের প্রশ্নেরও মুখোমুখি হতে হয়।

 

বিশ্ববিদ্যালয় একটি জাতির চিন্তার কেন্দ্র। একে দলীয় প্রভাবমুক্ত রাখতে বিশেষজ্ঞরা স্থায়ী ও নিরপেক্ষ ‘সার্চ কমিটি’ গঠনের দাবি জানাচ্ছেন। ১৯৭৩ সালের অধ্যাদেশের যুগোপযোগী সংস্কার এবং উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনা জরুরি। অন্যথায় উচ্চশিক্ষার মান এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: