লীগের কেউ জামিন পেলে ‘শ্যোন অ্যারেস্টের’ নির্দেশ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩২পরিবর্তন করতে ক্লিক করুন
লীগের কেউ জামিন পেলে ‘শ্যোন অ্যারেস্টের’ নির্দেশ!
শেয়ার করুন:

ঢাকা পেপারসের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এটি কোনো নির্দিষ্ট দলের নেতাকর্মীদের টার্গেট করে দেওয়া হয়নি, বরং সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিশৃঙ্খলা রোধে সদস্যদের আগাম বার্তা দেওয়ার একটি প্রক্রিয়া মাত্র।

 

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এক চিঠির মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন পাওয়ার পর অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর বিশেষ নির্দেশনা দিয়েছেন। রাজশাহী রেঞ্জের আটটি জেলার পুলিশ সুপারদের কাছে গত মঙ্গলবার এই গোপন নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়।

 

চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ‘ফ্যাসিস্ট’ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে পুনরায় সংগঠিত করার ক্ষমতা রাখেন, তাদের মুক্তি পাওয়ার সাথে সাথেই অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। তবে যারা মাঠপর্যায়ে তৎপরতা চালানোর মতো প্রভাবশালী নন, তাদের ক্ষেত্রে এই পদক্ষেপের প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে।

 

চিঠিতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম সরাসরি উল্লেখ করা না হলেও ‘ফ্যাসিস্ট সংগঠন’ শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে।

 

এই নির্দেশনাটি সাংবাদিকদের কাছে ফাঁস হওয়ায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এটিকে পুলিশের ‘অভ্যন্তরীণ বিষয়’ এবং ‘চরম দুর্বলতা’ হিসেবে অভিহিত করেছেন।

 

ঢাকা পেপারসের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এটি কোনো নির্দিষ্ট দলের নেতাকর্মীদের টার্গেট করে দেওয়া হয়নি, বরং সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিশৃঙ্খলা রোধে সদস্যদের আগাম বার্তা দেওয়ার একটি প্রক্রিয়া মাত্র।

 

ডিআইজি শাজাহান বলেন, এটি সদর দপ্তরের কোনো আদেশ নয়, বরং স্থানীয়ভাবে নেওয়া একটি সিদ্ধান্ত। তিনি আরও জানান, চিঠির ভাষাগত ত্রুটির কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

 

তিনি বলেন, ‘মূলত যারা নিষিদ্ধ সংগঠনের হয়ে তৎপরতা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে, তাদের আইনের আওতায় রাখাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য।’

 

একইসাথে প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণের কথাও চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ডিআইজি।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: