নিশ্চয়ই তোমরা জানবে, ঈশ্বর একজন আর্জেন্টাইন

সোয়েব মাহমুদ
সোয়েব মাহমুদ
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৪পরিবর্তন করতে ক্লিক করুন
নিশ্চয়ই তোমরা জানবে, ঈশ্বর একজন আর্জেন্টাইন

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

পৃথিবীর বুকে বহু রাজা আসবে, বহু রাজত্ব ধুলোয় মিশে যাবে। কিন্তু কোনোদিন এমন কোনো মানুষ আর ফিরে আসবে না, যে খালি গায়ে গোটা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে বলতে পারবে, “আমিই দ্রোহ, আমিই ফুটবল!” রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন অনেক আগেই, কিন্তু মহাকালের খেলার মাঠ আজও জানে, ভুল করা যায়, ব্যর্থ হয়ে কাদায় আছড়ে পড়া যায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বুকের ভেতরের অবাধ্যতার আগুন কোনোদিন নেভাতে নেই।

বুয়েনস আইরেসের জীর্ণ গলিঘুঁপচিগুলোর দেয়াল কখনো মিথ্যা বলে না। ভেজা বাতাসে নোনা ধরা পলেস্তারা খসে পড়া সেই ইটের গায়ে স্প্রে পেইন্টে আঁকা কথাগুলো কোনো সাজানো-গোছানো অ্যাকাডেমিক প্রবন্ধ নয়; ওগুলো লাতিন আমেরিকার রক্তাক্ত বুকের খাঁটি স্বীকারোক্তি। শত অপমানের দাগ ঢেকে দিয়ে শহরের এক দেয়ালে মোটা হরফে খোদাই করা আছে, “দারিদ্র্যের কোনো ঈশ্বর নেই। ফুটবল হচ্ছে শোষিতের একমাত্র ঈশ্বর, এবং তিনি একজন আর্জেন্টাইন।”

ফুটবলকে যদি কেবল বাইশটা মানুষের একটা চামড়ার বলের পেছনে ছোটাছুটি ভাবেন, তবে আপনি কোনোদিন ম্যারাডোনাকে ছুঁতে পারবেন না। আধুনিক ফুটবলের এই যে ঝকঝকে করপোরেট মঞ্চ, ব্র্যান্ডের কোটি টাকার চুক্তি, মেপে মেপে কথা বলা নিখুঁত ক্রীড়াবিদ—এদের দিয়ে ডিয়েগোকে মাপা যায় না। ফুটবল যদি কেবল একটা খেলাই হতো, তবে দক্ষিণ গোলার্ধের এক কোণে মার খাওয়া, ঋণে ডুবে থাকা নিঃস্ব একটা দেশের জন্য সাতসমুদ্র তেরোনদীর ওপারে হাজার মাইল দূরের বাংলাদেশের কোনো অচেনা পাড়ার ছেলে নির্ঘুম রাত কাটাত না। ফুটবল আসলে নিঃস্ব মানুষের শেষ আশ্রয়। যেখানে প্রতিদিন হেরে যাওয়াটাই যাদের একচ্ছত্র নিয়তি, যারা জানে পরের বেলার ভাত জুটবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই, তারা অন্তত নব্বই মিনিটের জন্য ঘাসের ওপর ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখার স্পর্ধা পায়।

সেই স্পর্ধার নাম ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা।

তিনি কোনো সাজানো ড্রয়িংরুমের শোপিস ছিলেন না, ছিলেন না কোনো ভদ্রলোকের খেলাধুলার প্রতিনিধি। তিনি ছিলেন ঈশ্বরের নিজের জুতো পায়ে গলিয়ে বস্তির কাদাজল ভেঙে রাজপথে নেমে আসা এক জীবন্ত বিপ্লব। যার জন্ম না হলে এই গোলার্ধ জানত না কান্নার রং আকাশি আর সাদা হতে পারে; জানত না বুকভাঙা যন্ত্রণার নীল কেমন করে বিশ্বজয়ের হুঙ্কারে বদলে যায়; আর সমস্ত নিয়ম, সমস্ত অহংকার চূর্ণ করে একটা বল পায়ে সাম্রাজ্যবাদকে মাটিতে শুইয়ে দেওয়া যায়।

১৯৬০ সালের ৩০ অক্টোবর। দিনটা ক্যালেন্ডারে আর দশটা দিনের মতোই হয়তো কেটে যেত, যদি না বুয়েনস আইরেসের দক্ষিণের অন্ত্যজ বস্তি ‘ভিয়া ফিওরিতো’র এক জরাজীর্ণ ঘরে ডালমাতোরা কাদার ভেতর এক শিশুর জন্ম হতো। খোলা ড্রেনের দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসা ফিওরিতোয় কোনো পাকা রাস্তা ছিল না, ঘরে ছিল না বিদ্যুৎ কিংবা পানের সুপেয় জল। মাথার ওপর ফুটো টিনের চাল, আর নিচে আট ভাইবোনের ক্ষুধা। বাবা ডন ডিয়েগো ‘চিতোরো’ কারখানায় হাড়ভাঙা খাটুনি খেটে দিনশেষে যা আনতেন, তাতে সবার আধপেটাও জুটত না। ডিয়েগোর মা দোনা তোতা সংসারের ভাতের হাঁড়ি নিয়ে যখন বসতেন, প্রতিদিন নিয়ম করে বলতেন, “আমার পেটে বড় ব্যথা রে ডিয়েগো, আজ আমি খাব না।” বালক ডিয়েগো তখন রাজনীতি বুঝতেন না, সমাজতন্ত্র বুঝতেন না, কিন্তু মায়ের ওই ‘পেটব্যথা’র পেছনের নির্মম সত্যটা ঠিক বুঝে গিয়েছিলেন। মা না খেলে তবেই সন্তানের পাতে দুটো চাল বেশি উঠবে।

সেই অন্ধকারের ভেতর শিশু ডিয়েগোর একমাত্র বন্ধু ছিল ছেঁড়া ন্যাকড়া আর বাতিল পলিথিন দড়ি দিয়ে পেঁচিয়ে গোল্লা পাকানো এক দলা বল। ক্ষুধা যখন পেটের নাড়িভুঁড়ি মুচড়ে দিত, ডিয়েগো তখন সেই কাপড়ের গোলক নিয়ে একলা ড্রিবল করতেন ফিওরিতোর আবর্জনার স্তূপের মাঝে। রাতে ঘুমের মধ্যেও সেই নোংরা বলটা জড়িয়ে রাখতেন বুকের কাছে, যেন বুকের ওম থেকে বল সরে গেলেই পৃথিবী থেকে সমস্ত আলো চিরতরে মুছে যাবে। চাচার উপহার দেওয়া জীবনের প্রথম আসল চামড়ার ফুটবলটা নিয়ে তিনি ঘুমাতেন বিছানায়, বল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বুকে জড়িয়ে রাখতেন। আট বছর বয়সে যখন তিনি স্থানীয় ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের খুদে দল ‘লস সেবোইতিতাস’-এ সুযোগ পেলেন, বুয়েনস আইরেসের মানুষ অবাক হয়ে দেখল এক অদ্ভুত দৃশ্য। বড়দের মূল ম্যাচের বিরতিতে দশ বছরেরও কম বয়সী এক কোঁকড়া চুলের বালক বল নিয়ে জাগলিং করত। বল কখনো মাথায়, কখনো কাঁধে, কখনো হিল দিয়ে শূন্যে ভাসিয়ে রাখত ঘণ্টার পর ঘণ্টা, বল মাটিতে পড়ার নাম নেই। গ্যালারির হাজার হাজার প্রাপ্তবয়স্ক মানুষ হাঁ করে দাঁড়িয়ে থাকত, ভুলে যেত তারা কী ম্যাচ দেখতে এসেছে।

ষোলো বছর পূর্ণ হওয়ার আগেই প্রথম বিভাগে ডিয়েগোর পা রাখা। তিনি যখন দৌড়াতেন, মনে হতো কেবল বিপক্ষের ডিফেন্ডারদের কাটাতে নামেননি, তিনি আসলে ভাগ্যদেবীর নির্মম পরিহাসকে একে একে ড্রিবল করে ছিটকে ফেলছেন। তাঁর ভেতরে কোনো ধোঁয়াশা ছিল না; লক্ষ্য ছিল পরিষ্কার দুটো—মায়ের সেই ‘মিথ্যা পেটব্যথা’ ঘুচিয়ে পরিবারকে দারিদ্র্যের নরক থেকে টেনে তোলা, আর আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে বিশ্বকাপ ছুঁয়ে দেখা। যে পৃথিবীতে গরিবের ঘরে কোনো জানালা থাকে না, সেখানে তিনি পায়ের কাছের একটা চামড়ার গোলককে বানিয়ে নিয়েছিলেন বিশ্বজয়ের সুড়ঙ্গ।

ইতিহাসের সবচেয়ে রাজনৈতিক, সবচেয়ে বারুদঠাসা ম্যাচের চিত্রনাট্য ফুটবল ঈশ্বর লিখে রেখেছিলেন ১৯৮৬ সালের ২২ জুন, মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। চার বছর আগে, ১৯৮২ সালে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা আর ব্রিটেনের মধ্যে ঘটে গিয়েছিল এক অসম ও নির্মম যুদ্ধ। ব্রিটেনের অত্যাধুনিক মারণাস্ত্রের মুখে আর্জেন্টিনার তৎকালীন সামরিক জান্তা ঠেলে দিয়েছিল দেশের আঠারো-উনিশ বছরের কিশোর আর তরুণদের। কনকনে ঠান্ডায়, বরফজমা সমুদ্রের তীরে কোনো সামরিক প্রশিক্ষণ ছাড়া সেই আর্জেন্টাইন কিশোরেরা প্রাণ হারিয়েছিলেন। সাড়ে ছয়শো তরুণের লাশ ঘরে ফিরেছিল।

জাতি হিসেবে আর্জেন্টিনার মেরুদণ্ডটা যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ঘরে ঘরে স্বজনহারা কান্নার মাতম, আর জাতীয় আত্মসম্মানে লেগেছিল এক দগদগে ঘা। সেই অপমানের জবাব বন্দুক দিয়ে দেওয়ার সাধ্য আর্জেন্টিনার ছিল না। হিসাব চোকানোর একটাই ময়দান বাকি ছিল আজতেকার এক লাখ পনেরো হাজার দর্শকের সামনে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ, যাদের ঔদ্ধত্যের প্রতীক ইংল্যান্ড দল। খেলার ৫১তম মিনিট। পুরো আজতেকা যেন এক ফুটন্ত কড়াই। ইংল্যান্ডের বক্সে বল ভেসে উঠল। ছয় ফুট দুই ইঞ্চির ব্রিটিশ গোলরক্ষক পিটার শিলটন হাত উঁচিয়ে বল ধরতে উঠলেন, আর তাঁর ঠিক সামনে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ডিয়েগো লাফিয়ে উঠলেন হাওয়ায়। মাথা দিয়ে বল ছোঁয়া সম্ভব ছিল না, ডিয়েগো তাঁর বাঁ হাতটি আলতো করে বাড়িয়ে দিলেন। বল শিলটনের হাত ফাঁকি দিয়ে আছড়ে পড়ল ইংল্যান্ডের জালে। রেফারি বুঝতেই পারলেন না। ব্রিটিশরা মাঠের মধ্যে হাত-পা ছুড়ে প্রতিবাদ করল, কিন্তু ডিয়েগো ততক্ষণে কর্নার পতাকার দিকে দৌড় শুরু করে দিয়েছেন, সতীর্থদের চিৎকার করে বলছেন, “আমাকে জড়িয়ে ধর, নইলে রেফারি গোল বাতিল করে দেবে!”

ম্যাচ শেষে ব্রিটিশ সাংবাদিকদের ঝাঁঝালো প্রশ্নের মুখে মুচকি হেসে তিনি ইতিহাসের সেরা ব্যঙ্গটি ছুড়ে দিয়েছিলেন—“গোলটা হয়েছে খানিকটা ম্যারাডোনার মাথায়, আর খানিকটা ঈশ্বরের হাতে।” ওটা কোনো নিছক প্রতারণা ছিল না; ওটা ছিল এক সাম্রাজ্যবাদী শোষকের পকেট থেকে প্রকাশ্যে অলংকার ছিনতাই করে নেওয়ার মতো রাজনৈতিক প্রতিশোধ। কিন্তু ডিয়েগো জানতেন, চাতুর্য দিয়ে কেবল ক্ষতবিক্ষত করা যায়, ইতিহাস জয় করা যায় না। ঈশ্বর যদি কিছুক্ষণ আগে ছদ্মবেশে এসে থাকেন, তবে এবার তাঁকে স্বরূপে নামতে হতো। ৫১ মিনিটের ঠিক চার মিনিট পর, ৫৫তম মিনিটে শুরু হলো সেই মহাকাব্যিক দৃশ্য। নিজেদের অর্ধে বল পেলেন ডিয়েগো। তারপরের দশ সেকেন্ড ছিল ফুটবলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের চোখে দেখা সবচেয়ে বুনো, সবচেয়ে বিশুদ্ধ কবিতা।

পিটার বিয়ার্ডসলেকে একটা শরীরি মোচড়ে ছিটকে ফেললেন, পিটার রিডকে পেছনে ফেলে ঝড়ের বেগে ছুটে চললেন, টেরি বুচার আর টেরি ফেনউইক মরিয়া হয়ে ছুটে এসেও কেবল ডিয়েগোর পায়ের ছায়াটা ধরতে পারলেন। ষাট মিটারের এক একক দৌড়ে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অহংকারকে মাটিতে আছড়ে ফেলে দিলেন। শেষে স্বয়ং পিটার শিলটনকে এক জাদুকরি ডজে মাটিতে শুইয়ে দিয়ে যখন বলটা ইংল্যান্ডের ফাঁকা জালে ঠেলে দিলেন, ধারাভাষ্যকার ভিক্টর হুগো মোরালেস কান্নায় ভেঙে পড়ে মাইক্রোফোনে চিৎকার করছিলেন—“মহাজাগতিক ঘুড়ি, তুমি কোন গ্রহ থেকে এলে?” ওই ম্যাচে ডিয়েগো ইংল্যান্ডকে হারাননি; তিনি ফকল্যান্ডের বরফে ঘুমিয়ে থাকা প্রতিটি শহীদ আর্জেন্টাইন বালকের রক্তের ঋণ শোধ করেছিলেন। ফাইনাল শেষে আজতেকার গনগনে রোদে খালি গায়ে, ঠোঁটের কোণে হাসি নিয়ে ট্রফি উঁচিয়ে ধরা ডিয়েগো তখন আর কোনো ফুটবলার নন; তিনি গোটা তৃতীয় বিশ্বের একচ্ছত্র মুক্তিদাতা।

১৯৮৪ সাল। বার্সেলোনার মতো রাজকীয় দল ছেড়ে ডিয়েগো পা রাখলেন ইতালির দক্ষিণাঞ্চলের শহর নাপোলিতে। শহরটি তখন গোটা ইউরোপের চোখে এক অন্ধকার কুয়ো। উত্তরে শিল্পোন্নত মিলান আর তুরিনের ধনী অভিজাতরা দক্ষিণের নেপলসকে দেখত এক চরম ঘৃণার চোখে। দারিদ্র্য, বেকারত্ব, রাস্তায় উপচে পড়া আবর্জনা আর কুখ্যাত মাফিয়া চক্র ‘কামোরার’ রক্তচক্ষুর নিচে পিষ্ট এক অবহেলিত জনপদ। মিলান বা জুভেন্টাসের মাঠে যখন নাপোলির সমর্থকেরা দল নিয়ে যেত, গ্যালারি থেকে ব্যানার ঝুলত, “তোমরা ইতালির কলেরা, তোমরা আফ্রিকার আবর্জনা, ভিসুভিয়াস পর্বত আবার জ্বলে উঠে এদের পুড়িয়ে খাক করে দিক।” কোনো সুস্থ মাথার সুপারস্টার এমন অবহেলিত, ট্রফিহীন ক্লাবে পা রাখার কথা স্বপ্নেও ভাবত না। কিন্তু ডিয়েগো বেছে নিয়েছিলেন এই নাপোলিকেই। কারণ সান পাওলোর গ্যালারিতে বসা সেই কালো, ঘর্মাক্ত, ধুলোমাখা মানুষগুলোর চোখের ভেতর তিনি নিজের ভিয়া ফিওরিতোর বস্তিবাসীদের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। তিনি বুঝেছিলেন, এই দলটাকে জেতাতে পারলে কোনো ধনী ক্লাবের জয়ের মতো তা কেবল রেকর্ডের পাতায় আটকে থাকবে না; তা হবে অপমানের মুখে দাঁড়িয়ে থাকা একদল মানুষের নতুন করে বাঁচার অধিকার।

তারপর শুরু হলো নাপোলির অবিশ্বাস্য রূপকথা। ১৯৮৭ সালে ম্যারাডোনার জাদুতে গোটা ইতালিকে স্তম্ভিত করে দিয়ে ক্লাব ইতিহাসের প্রথম সেরি-আ শিরোপা জিতল নাপোলি। মিলান আর তুরিনের কোটিপতি ক্লাবগুলো মাঠের ঘাসে বসে ডিয়েগোর রাজ্যাভিষেক দেখল। ১৯৮৯ সালে উয়েফা কাপ, ১৯৯০ সালে আবারও লিগ শিরোপা। নেপলসের রাজপথে সপ্তাহজুড়ে নীল উৎসব চলল। শহরের কবরস্থানের দেয়ালে এক ভক্ত গিয়ে স্প্রে দিয়ে লিখে এসেছিল, “তোমরা জানলে না তোমরা কী মিস করলে!” শহরের ঘরে ঘরে যিশুর ক্রুশবিদ্ধ মূর্তির পাশেই জায়গা করে নিল কোঁকড়া চুলের ১০ নম্বর জার্সির এক ছবি।

আর এই আবেগের চরম পরাকাষ্ঠা ঘটল ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে। নিয়তির কী নির্মম পরিহাস, স্বাগতিক ইতালির মুখোমুখি আর্জেন্টিনা, আর ম্যাচটা পড়ল খোদ নেপলসের সান পাওলো স্টেডিয়ামে! গোটা ইতালি তখন আর্জেন্টিনার পরাজয় চাইছে, চাইছে ম্যারাডোনার পতন। ম্যাচ শুরুর আগে ম্যারাডোনা নাপোলির মানুষকে উদ্দেশ্য করে সেই ঐতিহাসিক কথাটি বললেন—“বছরের ৩৬৪ দিন ইতালি তোমাদের ঘৃণা করে, আবর্জনা বলে, আফ্রিকার কীট বলে। আর আজ কেবল নিজেদের স্বার্থে একটি দিনের জন্য তারা তোমাদের সমর্থন ভিক্ষা চাইছে। ভুলো না, আমি তোমাদের প্রতিদিন ভালোবাসি।”

ম্যাচের দিন স্তাদিও সান পাওলোতে বিশ্ব এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। ইতালির দর্শকেরা তাঁদের নিজেদের জাতীয় দলের ম্যাচে দোলাচলে পড়ে গেল। গ্যালারিতে বিশাল ব্যানার উঠল—“ডিয়েগো আমাদের হৃদয়ে, কিন্তু ইতালি আমাদের দেশ।” তবুও ইতালির প্রতিটি ভুলের পর গোটা স্টেডিয়ামজুড়ে এক অবচেতন চাপা উল্লাস বয়ে যাচ্ছিল। টাইব্রেকারে ইতালিকে বিদায় করে ফাইনালে উঠল ডিয়েগোর আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে কোনো একক খেলোয়াড় এভাবে একটি আস্ত দেশের ভূগোল আর জাতীয়তাবাদী আবেগকে দ্বিধাবিভক্ত করে দিতে পারেনি।

ম্যারাডোনা কখনোই নিজেকে চার দেয়ালের ভেতর আটকে রাখা নিরাপদ ‘স্পোর্টস পারসন’ বানাতে চাননি। তাঁর ভেতর ফুটত লাতিন আমেরিকার অদম্য ঔপনিবেশিকতাবিরোধী রক্ত। সুবিধাবাদী নীরবতাকে তিনি আজীবন থুতু ছুড়েছেন। যখনই সুযোগ পেয়েছেন, ক্ষমতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন।

তাঁর ডান বাহুতে আজীবন শোভা পেয়েছে আর্জেন্টাইন বিপ্লবী চে গুয়েভারার মুখ। আর যে বাঁ পা দিয়ে তিনি ফুটবলের সমস্ত ব্যাকরণ ভেঙে চুরমার করতেন, সেই বাঁ পায়ের ডিমে জ্বলজ্বল করত কিউবান বিপ্লবের স্থপতি ফিদেল ক্যাস্ত্রোর প্রতিকৃতি। এই ট্যাটুগুলো কোনো সস্তা দেখনদারি ছিল না। নব্বইয়ের দশকের শেষভাগে মাদকের নির্মম ছোবলে যখন ম্যারাডোনার হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম, পশ্চিমা বিশ্বের গণমাধ্যম যখন তাঁর পতনের মুখরোচক খবর বিক্রি করে উল্লাস করছিল, তখন হাভানার দরজা খুলে দিয়েছিলেন স্বয়ং ফিদেল ক্যাস্ত্রো। কিউবার নিভৃত ক্লিনিকে ডিয়েগোকে পরম মমতায় আশ্রয় দিয়েছিলেন তিনি। ম্যারাডোনা ফিদেলকে ডাকতেন ‘আমার দ্বিতীয় পিতা’।

২০০৫ সালের ঘটনা। আর্জেন্টিনার মার দেল প্লাতায় আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলন। সেখানে অতিথি হয়ে আসছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ইরাক আক্রমণ করে যার হাত তখন রক্তে লাল। লাতিন আমেরিকার অন্যান্য রাষ্ট্রপ্রধানেরা যখন ওয়াশিংটনের মন জোগাতে ব্যস্ত, ডিয়েগো তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের সাথে হাজার হাজার সাধারণ মানুষের মিছিলে নেমে এলেন। গায়ে চাপালেন কালো টি-শার্ট, যার বুকে বুশের ছবির ওপর বড় বড় অক্ষরে লেখা ‘যুদ্ধাপরাধী’। গর্জে উঠে মাইক্রোফোনে তিনি বলেছিলেন, “আমি আর্জেন্টিনার মাটিতে এই মার্কিন খুনিকে মেনে নেব না।”

যে ফিফা ফুটবলকে বহুজাতিক পুঁজির কাছে নিলামে তুলছিল, সেই ফিফার সর্বেসর্বা হাভেলাঞ্জ আর ব্ল্যাটারের দুর্নীতির বিরুদ্ধেও নব্বইয়ের দশকেই প্রথম প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন ম্যারাডোনা। কোনো ক্ষমতা, কোনো ভয় তাঁকে বশ করতে পারেনি। তিনি কোটি কোটি ডলারের লোভ অগ্রাহ্য করে আজীবন রয়ে গিয়েছিলেন ভিয়া ফিওরিতোর সেই অবাধ্য, বিদ্রোহী কিশোরটিই।

ম্যারাডোনা কোনো নিষ্কলুষ, নিখুঁত মানুষ কিংবা দেবতা ছিলেন না। তিনি ছিলেন রক্তে-মাংসে গড়া এক ভয়ংকর তীব্র, ভুলভ্রান্তিতে ভরা ট্র্যাজিক হিরো। কোকেন, অন্ধকার মাফিয়ার রাত, অনিয়ম আর শরীরের ভেতরের বিষ তাঁকে বারবার ধুলোয় আছড়ে ফেলেছে। ১৯৯০ সালের রোমের ফাইনালে যখন মেক্সিকান রেফারি কোদেসালের বিতর্কিত পেনাল্টিতে পশ্চিম জার্মানির কাছে আর্জেন্টিনা হেরে গেল, আর মেডেল গলায় ঝুলিয়ে ম্যারাডোনা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদলেন, সেই কান্না দেখে ঢাকার অলিগলি থেকে শুরু করে বুয়েনস আইরেসের প্রতিটি ঘরে মানুষ ফুঁপিয়ে কেঁদেছিল। মনে হয়েছিল, বিশ্ব এক শোষিত রাজপুত্রকে ষড়যন্ত্র করে সিংহাসনচ্যুত করল।

১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপ। ডোপ টেস্টের ফাঁদে ফেলে তাঁকে যখন টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হলো, সেই সাদা পোশাকের নার্স যখন হাত ধরে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছিল, ডিয়েগো ক্যামেরার সামনে দাঁড়িয়ে যন্ত্রণায় ভেঙে পড়ে বলেছিলেন, “ওরা আমার কোনো নিয়ম ভাঙার শাস্তি দেয়নি, ওরা আসলে আমার পা দুটো কেটে আলাদা করে দিয়েছে।” কিন্তু সেই অতল পতন থেকেই তো তিনি আবার ফিরে এসেছেন মানুষের হৃদয়ে। ২০০১ সালে বোকা জুনিয়র্সের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে নিজের বিদায়ী ম্যাচে অশ্রুভেজা চোখে দাঁড়িয়ে তিনি গোটা বিশ্বকে স্তব্ধ করে দেওয়া সেই চিরন্তন স্বীকারোক্তিটি করেছিলেন, “আমি অনেক ভুল করেছি, আমার অনেক বিচ্যুতি ছিল। তার জন্য আমাকে মূল্যও চোকাতে হয়েছে। কিন্তু ফুটবল... ফুটবলের বলটা কখনো নোংরা হয় না।”

এই একটি বাক্যেই কোটি কোটি মানুষ তাঁর সমস্ত পাপ, সমস্ত বিভ্রান্তি ক্ষমা করে দিয়েছিল। কারণ মানুষ কোনো নির্লিপ্ত, অ্যালগরিদমে তৈরি নিখুঁত রোবটকে ঈশ্বর বানায় না; মানুষ ভালোবাসে তার নিজের মতো ভুল করা, মার খাওয়া, ক্ষতবিক্ষত হয়েও বারবার উঠে দাঁড়ানো এক বিদ্রোহী রক্তমাংসের মানুষকে।

২০২০ সালের ২৫ নভেম্বর। এক নিস্তব্ধ, বিষাদমাখা বিকেলে হঠাৎ থমকে গেল গোটা গ্রহ। ব্রেকিং নিউজের লাল অক্ষরে ভেসে উঠল দুঃসংবাদ—ডিয়েগো আর নেই। হৃদযন্ত্রের স্পন্দন থেমে গেছে ষাট বছর বয়সে। মুহূর্তের মধ্যে পৃথিবী যেন তার সবচেয়ে প্রিয় সুরটি হারিয়ে ফেলল। বুয়েনস আইরেসের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ ‘কাসা রোসাদা’র বাইরে মাইলকে মাইলজুড়ে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রইল ডিয়েগোর কফিনে এক পলক হাত ছোঁয়াবে বলে। বুড়ো থেকে শিশু সবাই কাঁদছিল স্বজন হারানোর মতো। নাপোলির সান পাওলো স্টেডিয়ামের নাম কয়েক ঘণ্টার নোটিশে বদলে ফেলে রাখা হলো ‘স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা’। শহরের অলিগলিতে লাল মশাল আর নীল শিখায় মোমবাতি জ্বলল সারা রাত।

আর সেই শোকের ঢেউ আছড়ে পড়ল ভৌগোলিক মানচিত্রের সমস্ত দেয়াল ভেঙে। রোম, মাদ্রিদ, হাভানা ছাড়িয়ে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশের ঢাকায়, চট্টগ্রামের অলিতে-গলিতে মধ্যরাতে তরুণদের চোখ ভিজে উঠল কান্নায়। যে মানুষটা জীবনে কোনোদিন এই ভূখণ্ডে পা রাখেননি, তাঁর চলে যাওয়ায় কেন এদেশের এক সাধারণ চায়ের দোকানি কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুক চাপড়ে কেঁদেছিল? কারণ ম্যারাডোনা কোনো ভৌগোলিক সীমানার ক্রীড়াবিদ ছিলেন না। তিনি ছিলেন এই বৈশ্বিক দক্ষিণের, শোষিত তৃতীয় বিশ্বের হৃদস্পন্দন। তিনি শিখিয়েছিলেন, বুলেটের মুখে খালি পায়ে কীভাবে নাচতে হয়; শিখিয়েছিলেন, পেটে ক্ষুধা নিয়েও কীভাবে গোটা বিশ্বের অহংকার গুঁড়িয়ে দেওয়া যায়।

আজও এই পৃথিবীর কোথাও না কোথাও, ধুলো ওড়া কোনো ভাঙা গলির মোড়ে ছেঁড়া প্যান্ট পরা এক শিশু পলিথিন মোড়ানো একটা বল নিয়ে ড্রিবল করছে। সে হয়তো ফকল্যান্ডের ইতিহাস জানে না, সে হয়তো চে গুয়েভারা বা ফিদেল ক্যাস্ত্রোর নাম শোনেনি। কিন্তু সে অবচেতনভাবেই জানে, এই বলটাই তার একমাত্র অস্ত্র, এই বলটাই তাকে সমস্ত বঞ্চনা আর লাঞ্ছনার হাত থেকে মুক্তি এনে দিতে পারে।

ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা কোনোদিন পরিসংখ্যান ছিলেন না, ছিলেন না কোনো ট্রফির যোগ-বিয়োগের হিসাব। ২০২২ সালের ডিসেম্বরে যখন লুসাইলের সবুজ ঘাসে দাঁড়িয়ে লিওনেল মেসি সোনালি ট্রফিটা আকাশের দিকে উঁচিয়ে ধরেছিলেন, তখন তিনি আসলে ওই দূর শূন্যের মেঘে বসে থাকা এক ঝাঁকড়া চুলের চুরুটমুখো মানুষের চোখেই তাকিয়েছিলেন। আকাশ থেকে ডিয়েগো তখন হয়তো মুচকি হাসছিলেন, আর বলছিলেন, “দেখেছিস, আমাদের আগুন ওরা নেভাতে পারেনি!”

পৃথিবীর বুকে বহু রাজা আসবে, বহু রাজত্ব ধুলোয় মিশে যাবে। কিন্তু কোনোদিন এমন কোনো মানুষ আর ফিরে আসবে না, যে খালি গায়ে গোটা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে বলতে পারবে, “আমিই দ্রোহ, আমিই ফুটবল!” রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন অনেক আগেই, কিন্তু মহাকালের খেলার মাঠ আজও জানে, ভুল করা যায়, ব্যর্থ হয়ে কাদায় আছড়ে পড়া যায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বুকের ভেতরের অবাধ্যতার আগুন কোনোদিন নেভাতে নেই।

শুভ জন্মদিন, হে ফুটবল ঈশ্বর, হে অনন্ত বিপ্লবী। মাঠ আজও জানে, তুমি পাশে থাকলে ফুটবল কেমন করে বেঁচে থাকার একমাত্র ধর্ম হয়ে ওঠে! মানুষ আজও ব্যর্থ হতে হতে জানে, আমাদের একজন ম্যারাডোনা আছে। আজ ৩০ অক্টোবর, বছরের দশম মাসের ত্রিশতম দিন, ১০ নম্বর জার্সিকে ঈশ্বরতুল্য করা ম্যারাডোনার জন্মদিন, আজ সকল শিশুর ম্যারাডোনা হয়ে ওঠার দিন।

--

লেখক: কবি

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: