ঢাকা পেপার্সের সাংবাদিক মোরসালিনা অনিকা ও ছাত্র ইউনিয়ন নেতা অনিন্দ্য বিশ্বাসের ওপর ছাত্রদলের হামলা

ছাত্রদলের হামলার শিকার ছাত্র ইউনিয়ন নেতা অনিন্দ্য বিশ্বাস ও ঢাকা পেপার্সের সাংবাদিক মোরসালিনা অনিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালীমন্দির গেটে ঢাকা পেপার্সের সাংবাদিক মোরসালিনা অনিকা ও ছাত্র ইউনিয়ন নেতা অনিন্দ্য বিশ্বাসের ওপর ছাত্রদলের ১২-১৩ জন সদস্য হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
২৩ নভেম্বর ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালীমন্দির গেটে ঢাকা পেপার্সের হেড অব প্রোডাকশন মোরসালিনা অনিকা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা-ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক অনিন্দ্য বিশ্বাস ছাত্রদলের হামলার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ছাত্রদলের ১২-১৩ জন সদস্য মিলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে মুজিব হল ছাত্রদলের কর্মী গোলাম মুকতাদির ইরাম ও তাঁর বন্ধু পরিচয় দেওয়া ছাত্রদলের সদস্যদের পরিচয় সামনে এসেছে।
ছাত্র ইউনিয়ন তাঁদের বিবৃতিতে জানায়, ‘সাম্প্রতিক সময়ে ছাত্রদল ক্যাম্পাসে ছিনতাই, চাঁদাবাজি ও মোরাল পুলিশিংসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষাঙ্গনের পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। অনিন্দ্য বিশ্বাস ও মোরসালিনা অনিকার ওপর এই হামলা সেই সন্ত্রাসী ধারাবাহিকতারই অংশ।’
তাঁরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের ওপর ছাত্রদল হামলা করেছে।পরবর্তীতে অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি। সুতরাং গতকালের হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ভিন্নমত ও সাংস্কৃতিক চর্চা দমন এবং ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরির সুপরিকল্পিত প্রচেষ্টা।
ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই হামলার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঢাকা পেপার্সকে জানান, তাঁরা কিছুক্ষণ আগেই এ বিষয়ে অবগত হয়েছেন। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে আরও খোঁজ নিয়ে ছাত্রদলের পরবর্তী পদক্ষেপ জানাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঢাকা পেপার্সকে জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি।
উল্লেখ্য, আজ বিকেল ৩টায় ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী সাংবাদিকের ওপর হামলার মধ্য দিয়ে ২০২৪ সালের পূর্ববর্তী ছাত্রলীগের ভয় ও সন্ত্রাসের অপরাজনীতিকে ফিরিয়ে আনছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



